২ নভেম্বর ২০২৬

৪৮ বছর পর ঐতিহাসিক সফরে চীনে ওমানের সুলতান হাইথাম

প্রকাশ: সোমবার, নভেম্বর ০২, ২০২৬
৪৮ বছর পর ঐতিহাসিক সফরে চীনে ওমানের সুলতান হাইথাম

৪৮ বছর পর প্রথমবারের মতো চীন সফরে গেছেন ওমানের কোনো রাষ্ট্রপ্রধান। রবিবার (১ নভেম্বর) বেইজিংয়ে পৌঁছেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ। ১৯৭৮ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এটিই ওমানের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম চীন সফর।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএনের প্রতিবেদন অনুযায়ী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এ রাষ্ট্রীয় সফরে গেছেন সুলতান হাইথাম। সোমবার (২ নভেম্বর) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট শি জিনপিং।

১৯৭৮ সালের মে মাসে চীন ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৪৮ বছর পর সুলতানের এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার গুরুত্ব তুলে ধরছে বলে জানিয়েছে মাস্কাট টাইমস।

এমন এক সময়ে সফরটি অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত চলছে। গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে।

জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রেও চীনের গুরুত্বপূর্ণ অংশীদার ওমান। দেশটি চীনের অপরিশোধিত তেলের পঞ্চম বৃহত্তম সরবরাহকারী। আরব দেশগুলোর মধ্যে চীনের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদারও ওমান।

২০২৪ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৩৬ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলার। সুলতানের এই সফরকে কেন্দ্র করে দুই দেশের বিদ্যমান সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

প্রকাশ: রবিবার, নভেম্বর ০১, ২০২৬
হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

হরমুজ প্রণালির কাছে ওমানের মুসান্দাম উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর আগুন ধরে যায়। জাহাজটিতে থাকা ২৫ নাবিককে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী।

গতকাল শুক্রবার দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার এ তথ্য জানিয়েছে।

পানামার পতাকাবাহী জাহাজটি মুসান্দাম উপকূল থেকে ১ দশমিক ৬ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে হামলার শিকার হয়। হামলার পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। মেরিটাইম সিকিউরিটি সেন্টারের সঙ্গে সমন্বয় করে নৌবাহিনী উদ্ধার অভিযান চালায়। উদ্ধার করা নাবিকদের পরে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।

এদিকে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বাহিনীটির ভাষ্য, জাহাজগুলো অনুমোদনহীন পথে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জাহাজ তিনটি নিজেদের শনাক্তকরণ ও অবস্থান নির্ণয়ব্যবস্থা বন্ধ রেখেছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহায়তায় তারা অনুমোদনহীন পথে চলছিল। এ সময় কয়েকবার বেতারবার্তা পাঠিয়ে জাহাজগুলোকে সতর্ক করা হয়। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে তারা চলাচল অব্যাহত রাখে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট পথ নির্ধারণ করেছে ইরান। তেহরান জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে ওই পথ ব্যবহার করতে হবে। ওমান উপকূলের কাছের দক্ষিণ দিকের একটি জলপথকে অনুমোদনহীন হিসেবে বিবেচনা করছে ইরান।

জাহাজে হামলার আরেকটি ঘটনার কথা জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও। গতকাল সংস্থাটি জানায়, ইরানের লাভান দ্বীপের দক্ষিণে ৪০ নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে এর নাবিকেরা নিরাপদে রয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে আসছে ইরান। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

ইরানের এ পদক্ষেপের জবাবে দেশটির বন্দরগুলোয় অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের তেল রপ্তানি ও বাণিজ্য আরো সীমিত হয়ে পড়েছে।

সামরিক মহড়া ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান

প্রকাশ: শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
সামরিক মহড়া ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান

যুক্তরাজ্য ও ওমান প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, পরিবেশবান্ধব শিল্প এবং নতুন প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে।

এ তথ্য শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, যা ওমানের সুলতান হাইথাম বিন তারিকের যুক্তরাজ্য সফরের প্রেক্ষাপটে প্রকাশিত হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দুই দেশ তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করে একটি ‘উচ্চাভিলাষী ও ভবিষ্যৎমুখী অংশীদারত্ব’ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। চলতি সপ্তাহে যুক্তরাজ্যে রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আসেন ওমানের সুলতান।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে বুধবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও সুলতান হাইথাম দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।

আলোচনা চলাকালে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক আধুনিকায়ন, উন্নত শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনগণের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

দুই দেশ সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব সম্প্রসারণের প্রতিশ্রুতি প্রদান করেছে। এ ক্ষেত্রে ‘সাইফ সারিয়া’ সামরিক মহড়া সিরিজকে দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিবৃতিতে সাইফ সারিয়া-৪ মহড়ার প্রস্তুতিকে স্বাগত জানিয়ে সামরিক সক্ষমতা উন্নয়ন, পরীক্ষা-নিরীক্ষা, নতুন কৌশল যাচাই এবং সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক তথ্য বিনিময়ে আরও সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।

এছাড়া, যুক্তরাজ্য ও ওমান সাইবার নিরাপত্তা এবং জাতীয় সংকট মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির জন্য সহযোগিতা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।

যুদ্ধ থামানোর কঠোর শর্ত দিল ইরান! ওমানের সাথে ঐতিহাসিক সমঝোতা

প্রকাশ: শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৬
যুদ্ধ থামানোর কঠোর শর্ত দিল ইরান! ওমানের সাথে ঐতিহাসিক সমঝোতা

চলমান যুদ্ধ সমাপ্তির জন্য নিজেদের সুনির্দিষ্ট শর্তের কথা ঘোষণা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ওমানের সাথে একটি চুক্তির রূপরেখা চূড়ান্ত হয়েছে বলে জানানো হয়েছে।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ইরান-যুক্তরাষ্ট্র সাম্প্রতিক আলোচনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে জানান, সব মোর্চায় চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ করতে এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দৃষ্টিভঙ্গি ও শর্তগুলো অত্যন্ত স্পষ্ট ও দৃঢ়ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখন অপর পক্ষের প্রস্তাবগুলোর উপযুক্ত জবাব দেওয়া হবে।

মেহের নিউজের বরাতে তিনি আরও বলেন, ইরান ও ওমানের মধ্যকার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। হরমুজ প্রণালীতে নিরাপদ প্রবেশ ও প্রস্থান রুটগুলোর ভৌগোলিক স্থানাঙ্ক নিয়ে দুই পক্ষ একমত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থায় বিষয়টি কীভাবে উপস্থাপন করা হবে, সে বিষয়েও একটি পারস্পরিক বোঝাপড়ায় পৌঁছেছে। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই তা বাস্তবায়িত হবে।

ওমান উপকূলে জাহাজে হামলা, রক্ষা পেলেন বাংলাদেশি চিফ ইঞ্জিনিয়ার

প্রকাশ: শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
ওমান উপকূলে জাহাজে হামলা, রক্ষা পেলেন বাংলাদেশি চিফ ইঞ্জিনিয়ার

সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের উদ্দেশে যাওয়ার পথে ওমান উপকূলে হামলার শিকার ‘এমভি কেপ দাও’ নামের বাল্ক ক্যারিয়ারের প্রধান প্রকৌশলী ছিলেন বাংলাদেশি আমান উল্লাহ। হামলার পর তাঁকে উদ্ধার করে ওমানের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন ও নিরাপদে আছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে সাকিব আমান।

আমান উল্লাহ মেরিন ফিশারিজ একাডেমির ১৫তম ব্যাচের সাবেক ক্যাডেট। তাঁর ছেলে সাকিব আমান বাংলাদেশ মেরিন একাডেমির ৫৩তম ব্যাচের ক্যাডেট।

সাকিব আমান জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) জাহাজে হামলার দিন দুপুর ১টা ৬ মিনিটে তাঁর বাবা তাঁকে একটি অডিও বার্তা পাঠান। সেখানে তিনি বলেন, আব্বু, আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে। দোয়া করো আব্বু, দোয়া করো। হয়তো আর কমিউনিকেশন করতে পারব না, আব্বু।

অডিও বার্তায় তিনি আরও বলেন, সাবধানে থাইকো। আর দোয়া করো। আম্মুকে এই কথা বলার দরকার নাই। আম্মু খুব চিন্তা করবে।

বার্তা পাঠানোর পর বেশ কিছু সময় পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না। পরে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সাকিব আমান বলেন, কিছুক্ষণ আগে আব্বুর সঙ্গে কথা হয়েছে। এখন বাবা নিরাপদে আছে। বাবাসহ উদ্ধার হওয়া নাবিকদের জাহাজ থেকে সরিয়ে ওমানের হাসপাতালে নেওয়া হয়েছে।

সূত্র জানায়, ওই হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। জাহাজটিতে মোট ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে।

ওমানে অবৈধ বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ

প্রকাশ: শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
ওমানে অবৈধ বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ

ওমানে অবস্থানরত অবৈধ বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাস্কাটে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, অবৈধ বিদেশি কর্মীদের জন্য আকাবা-ব্যবস্থার বৈধকরণ ও নিয়মিতকরণ বিষয়ে নতুন কিছু তথ্য পাওয়া গেছে।

দূতাবাসের প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ১ অক্টোবরের মধ্যে এ সুবিধার জন্য আবেদন করতে হবে। গৃহকর্মীসহ ওমানে অবস্থানরত সব অবৈধ বিদেশি কর্মী এ সুবিধার আওতায় আসবেন। পাশাপাশি ভিজিট ভিসায় আগতরাও এ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। তবে পরিবারবর্গ এ সুবিধার আওতায় থাকবেন না।

এ ব্যবস্থার আওতায় কর্মস্থল বা কফিল পরিবর্তন করা যাবে। এ জন্য আগের নিয়োগকর্তার অনুমতি বা ছাড়পত্রের প্রয়োজন হবে না।

দূতাবাস জানিয়েছে, যারা বর্তমানে এএসইজেডএ জোনে কাজ করছেন, তারা বর্তমান বা নতুন নিয়োগকর্তার সঙ্গে ওয়ার্ক পারমিট নবায়নে বিলম্বজনিত কোনো জরিমানায় থাকলে তা পুরোপুরি মওকুফের সুযোগ পাবেন। এ জন্য নতুন ওয়ার্ক পারমিটের আবেদন করতে হবে।

এ ছাড়া যারা জর্দান একেবারেই ছেড়ে চলে যেতে চান, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য জরিমানা মওকুফের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।

অবৈধ বিদেশি কর্মীদের সুবিধা দিতে এএসইজেডএ তাদের নিয়মিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময় সেবা দিচ্ছে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেবা দেওয়া হচ্ছে। আগে যারা এ ধরনের সুবিধা নিয়েছেন, তারাও পুনরায় এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এ বিষয়ে আরো তথ্যের প্রয়োজন হলে সরাসরি এএসইজেডএ-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।নতুন কোনো তথ্য পাওয়া গেলে দূতাবাসের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।