বিশ্বজুড়ে করপোরেট ভ্রমণকারীদের যাতায়াত আরও সহজ ও নমনীয় করতে জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ উবারের সাথে নতুন অংশীদারিত্ব চুক্তি করেছে কাতার এয়ারওয়েজ। এর ফলে করপোরেট যাত্রীরা এখন থেকে আরও দারুণ ও উন্নত সেবা উপভোগ করতে পারবেন।
এই চুক্তির মাধ্যমে কাতার এয়ারওয়েজের করপোরেট ভ্রমণ প্রোগ্রাম 'বিয়ন্ড বিজনেস'-এর সদস্যরা তাদের জমানো কিউরিওয়ার্ডস (Qrewards) পয়েন্ট দিয়ে উবারের রাইড ভাউচার রিডিম করতে পারবেন। এই ভাউচারগুলো সরাসরি ব্যবহারকারীর উবার ওয়ালেটে জমা হবে, যা দিয়ে তারা বিশ্বের যেকোনো প্রান্তে অফিসের কাজে যাতায়াতের সময় উবার রাইড বুক করতে পারবেন।
উবার ফর বিজনেসের এই সেবার ফলে করপোরেট প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের যাতায়াত খরচ খুব সহজে ট্র্যাক করতে পারবে। এছাড়া একটি সেন্ট্রাল ড্যাশবোর্ডের মাধ্যমে ভ্রমণ ব্যবস্থাপকরা পুরো খরচের হিসাব নিকাশ এবং নীতিমালা সহজে তদারকি করতে পারবেন, যা কোম্পানিগুলোর খরচ কমাতে সাহায্য করবে।
এই যৌথ উদ্যোগের ফলে কাতার এয়ারওয়েজের সেবা এখন শুধু আকাশপথেই সীমাবদ্ধ থাকছে না, বরং যাত্রীরা গন্তব্যে পৌঁছানোর পর স্থলপথের যাতায়াতও খুব সহজে পরিচালনা করতে পারবেন। পাশাপাশি যাত্রীরা ভ্রমণের সময় আরও বেশি রিওয়ার্ড অর্জনের সুযোগ পাবেন।
বিয়ন্ড বিজনেস প্রোগ্রামের সদস্যরা স্টারলিংকযুক্ত ৩২৩টিরও বেশি দৈনিক ফ্লাইটে সম্পূর্ণ বিনামূল্যে হাই-স্পিড ওয়াই-ফাই ব্যবহারের সুবিধা পেয়ে থাকেন। এর সাথে যুক্ত হলো উবারের এই নতুন করপোরেট সুবিধা।