২০২৬ সালের লেগাটুম প্রসপারিটি ইনডেক্স বা সমৃদ্ধি সূচকে অসাধারণ সাফল্য অর্জন করেছে কাতার। সূচক অনুযায়ী, জীবনযাত্রার মান সূচকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (MENA) অঞ্চলের দেশগুলোর মধ্যে শীর্ষস্থান অর্থাৎ প্রথম এবং বিশ্বব্যাপী চতুর্থ স্থান অধিকার করেছে কাতার।
এই অর্জন দেশটির নাগরিক ও প্রবাসী উভয়ের জন্যই জীবনযাত্রার মানের ধারাবাহিক উন্নতির একটি পরিষ্কার প্রতিফলন।
এছাড়া জীবনযাত্রার মান, স্বাস্থ্য এবং শিক্ষাকে একত্রে বিবেচনা করে প্রস্তুতকৃত উন্নয়ন সূচকেও বিশ্বজুড়ে অষ্টম স্থান অর্জন করেছে কাতার। জীবনযাত্রার মান নিশ্চিতকারী মৌলিক সেবা খাতের জন্য উন্নত অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে দেশটির অগ্রগতির কথাই এই ফলাফলে ফুটে উঠেছে।
লেগাটুম প্রসপারিটি ইনডেক্সে কাতারের এই অবস্থান দেশটির সমন্বিত উন্নয়ন নীতির সফলতারই প্রমাণ।
ভিশন ২০৩০ ও জাতীয় উন্নয়ন কৌশল বাস্তবায়নের সুফল
বিশ্লেষকদের মতে, লেগাটুম প্রসপারিটি ইনডেক্সের এই অগ্রগতি কোনো আকস্মিক সাফল্য নয়; বরং এটি কাতারের সুদূরপ্রসারী এবং সমন্বিত রাষ্ট্রীয় উন্নয়ন নীতির বাস্তব রূপায়ণের সোনালী ফসল।
বিশেষ করে ‘তৃতীয় জাতীয় উন্নয়ন কৌশল’ এর সফল বাস্তবায়ন এবং এর মাধ্যমে ‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’-এর লক্ষ্যগুলোর দিকে এগিয়ে যাওয়ার পথযাত্রাকে আরও শাণিত করেছে।
এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মূল কেন্দ্রবিন্দুতেই রয়েছে মানব ও সামাজিক উন্নয়ন, যা একটি দেশের টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের মূল ভিত্তি হিসেবে কাজ করে।
শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুষম বণ্টনের মাধ্যমে কাতার আজ কেবল মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক অর্থনীতির অন্যতম প্রধান এবং নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
সরকারের সময়োপযোগী পদক্ষেপ এবং নাগরিক-বান্ধব নীতিমালার ফলেই কাতার আজ বিশ্বমঞ্চে প্রগতি, সমৃদ্ধি এবং উন্নত জীবনযাত্রার এক অনন্য প্রতীকে পরিণত হয়েছে।