নির্মাণ প্রকল্পের কাজ অসম্পূর্ণ রাখা এবং চুক্তিভঙ্গের অভিযোগে এক কোম্পানি ও দুই ব্যক্তির দায়ের করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন কাতারের আদালত। আল শার্ক পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাসেশন কোর্ট ওই আবেদন গ্রহণ না করে পূর্বের রায় বহাল রেখেছেন।
ফলে ক্ষতিগ্রস্ত অপর এক বাণিজ্যিক কোম্পানিকে অগ্রিম পরিশোধিত ১ মিলিয়ন ১ লাখ ২৩ হাজার রিয়াল এবং ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত ১ লাখ রিয়াল—সর্বমোট ১২ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নথিপত্র অনুযায়ী, ৫৫ লাখ (৫.৫ মিলিয়ন) রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য একটি চুক্তি হয়েছিল।
চুক্তি অনুযায়ী বাদী কোম্পানি তাদের সমস্ত আর্থিক বাধ্যবাধকতা পূরণ করে এবং কাজের পর্যায়গুলোর কথা বিবেচনা না করে চুক্তির নির্ধারিত কিস্তি নিয়মিত পরিশোধ করে। কিন্তু চুক্তিভুক্ত দ্বিতীয় কোম্পানিটি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় এবং মাঝপথে নির্মাণকাজ বন্ধ করে দেয়।
এরপর ক্ষতিগ্রস্ত কোম্পানিটি চুক্তি বাতিল ও অসম্পূর্ণ কাজের মূল্য বাবদ ১৯ লাখ ৬৯ হাজার রিয়াল (একজন প্রকৌশলী বিশেষজ্ঞের প্রতিবেদন অনুযায়ী) এবং ত্রুটিপূর্ণ কাজের ক্ষতিপূরণ চেয়ে ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কোর্টে মামলা দায়ের করে।
আদালত পর্যালোচনা করে দেখতে পান যে, বাদীপক্ষ সব শর্ত পূরণ করলেও অভিযুক্ত কোম্পানি নির্ধারিত সময়সীমা ও চুক্তির মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, যা সরাসরি চুক্তিভঙ্গের সামিল।
এর পরিপ্রেক্ষিতে প্রথম ইন্সট্যান্স আদালত অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কোম্পানিকে ১ লাখ ২৩ হাজার রিয়াল এবং ক্ষতিপূরণ বাবদ ১ লাখ রিয়াল পরিশোধের রায় দেন। পরবর্তীতে আপিল আদালতে ওই রায় বহাল থাকায় সর্বশেষ ক্যাসেশন কোর্টও আবেদন খারিজ করে রায় চূড়ান্ত করেন।