কাতারে যানবাহনের জন্য নতুন বিশেষ নিবন্ধন নম্বর প্লেট (স্পেশাল কার নম্বর প্লেট) উন্মুক্ত করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জেনারেল ডাইরেক্টরেট অব ট্রাফিকের ঘোষণা অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০:০০ টা থেকে ‘সৌম’ (Sooum) অ্যাপের নির্দিষ্ট সেকশনে এসব নম্বরের জন্য আগ্রহ প্রকাশ বা ‘Express Interest’ অপশনটি চালু হবে।
প্রবাস ও স্থানীয় গাড়িপ্রেমীদের জন্য বিশেষ এই নম্বরগুলো সংগ্রহের সুবর্ণ সুযোগ তৈরি করেছে ট্রাফিক বিভাগ। এই পুরো নিলাম প্রক্রিয়ার ধাপগুলো নিচে তুলে ধরা হলো:
নিলাম প্রক্রিয়া যেভাবে সম্পন্ন হবে:
১. আগ্রহ প্রকাশ (Expression of Interest): পছন্দের নম্বরের জন্য অ্যাপের মাধ্যমে আগ্রহ প্রকাশ করতে হবে এবং প্রথম আগ্রহ প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যে সিকিউরিটি ডিপোজিট বা জামানত পরিশোধ করতে হবে।
২. অভ্যন্তরীণ নিলাম (Internal Auction): আগ্রহ প্রকাশের নির্ধারিত সময় শেষ হওয়ার পর, যেসব নম্বর নিয়ে একাধিক ব্যক্তি আগ্রহ দেখাবেন, তাদের মধ্যে ২৪ ঘণ্টার একটি অভ্যন্তরীণ নিলাম অনুষ্ঠিত হবে।
বিশেষ কিছু নিয়ম ও শর্ত:
-
যদি কোনো নির্দিষ্ট নম্বরের জন্য কেবল মাত্র একজন ব্যক্তি আগ্রহ প্রকাশ করেন, তবে কোনো প্রতিযোগিতা ছাড়াই নির্ধারিত মূল্যেই সেই নম্বরটি তাকে বিক্রি করা হবে।
-
পক্ষান্তরে, যদি একই নম্বরের জন্য একাধিক ব্যক্তি আগ্রহ প্রকাশ করেন, তবে সবার মধ্যে একটি অভ্যন্তরীণ অনলাইন নিলাম অনুষ্ঠিত হবে এবং সর্বোচ্চ দরদাতাকে সেই নম্বরটি বরাদ্দ দেওয়া হবে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ট্রাফিক বিভাগ জানিয়েছে, বিশেষ এই নম্বরগুলো পেতে ইচ্ছুকরা নির্দিষ্ট সময়ের মধ্যে ‘Sooum’ অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।