কাতারের সড়কগুলোতে নিরাপদে যানবাহন চলাচল নিশ্চিত করতে এবং মারাত্মক দুর্ঘটনা রোধে চালকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি দেশে ঘটা সড়ক দুর্ঘটনাগুলোর ওপর পর্যালোচনা চালিয়ে ৪টি প্রধান ঝুঁকিপূর্ণ কারণ চিহ্নিত করেছে মন্ত্রণালয় এবং প্রতিটি ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার জন্য চালকদের প্রতি আহ্বান জানিয়েছে।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে উঠে আসা ৪টি প্রধান কারণ হলো—হঠাৎ বা অসাবধানতাবশত লেন পরিবর্তন করা, গাড়ি চালানোর সময় মনোযোগ ধরে রাখতে না পারা, সামনের গাড়ির সাথে নিরাপদ দূরত্ব বজায় না রাখা এবং রাস্তা ফাঁকা আছে কি না তা না দেখে হঠাৎ কোনো মূল রাস্তায় প্রবেশ করা বা টার্ন নেওয়া।

লেন পরিবর্তনের বিষয়ে বিশেষ সতর্ক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাশের লেন পুরোপুরি ফাঁকা আছে কি না তা না দেখেই দ্রুত লেন পরিবর্তন করা একটি অত্যন্ত বিপজ্জনক অভ্যাস। এই ধরনের হঠাৎ করা সিদ্ধান্ত পাশের বা পেছনের গাড়িগুলোকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দেয়, যার ফলে মুখোমুখি বা পেছনের সংঘর্ষের ঝুঁকি বহুলাংশে বেড়ে যায়।
এছাড়া ড্রাইভিং করার সময় শতভাগ মনোযোগ ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে কর্তৃপক্ষ। মনোযোগের ঘাটতি বা অন্যদিকে নজর থাকার কারণে চালক দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারায়, যা যেকোনো মুহূর্তেই গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণ হতে পারে।
সামনের গাড়ির একদম কাছাকাছি চালানোর প্রবণতাকেও বড় কারণ হিসেবে উল্লেখ করেছে মন্ত্রণালয়।যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দূরত্ব না রাখলে সামনের গাড়িটি যদি হঠাৎ ব্রেক করে, তবে পেছনের চালক গাড়ি থামানোর জন্য পর্যাপ্ত সময় পান না, ফলে দুর্ঘটনা অনিবার্য হয়ে পড়ে। একইভাবে, সংযোগ সড়ক থেকে মূল রাস্তায় ওঠার সময় অসাবধানতা ও তাড়াহুড়া করা মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালিত এই সড়ক নিরাপত্তা সচেতনতা প্রচারণার মূল লক্ষ্য হলো কাতারজুড়ে দুর্ঘটনা কমিয়ে আনা এবং প্রতিটি নাগরিক ও প্রবাসীর জন্য সড়ক নিরাপদ রাখা।
ট্রাফিক আইনকানুন মেনে গাড়ি চালালে কেবল চালক নিজেই সুরক্ষিত থাকবেন না, বরং দেশের সামগ্রিক সড়ক ব্যবস্থা অনেক বেশি নিরাপদ হয়ে উঠবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
