প্রবাসের ব্যস্ত জীবনে সম্প্রীতি, সৌহার্দ্য আর বন্ধুত্বের বন্ধন অটুট রাখার প্রত্যয়ে কাতারে বাংলাদেশ ফেন্ডস ক্লাবের ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজধানী দোহার মধুবন রেস্টুরেন্টে মো. আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশি কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন।
সি এম হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন ও জিটিভির সিইও ইকবাল করিম নিশান।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল আহমেদ রনি, রিফাত মাওলা , ফারিয়াজ, আব্দুল আউয়াল, তাজুল ইসলাম, আমিনুল ইসলাম সুমন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে নিজেদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় সংগঠনের ধারাবাহিক কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের কল্যাণে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন কাতারের জনপ্রিয় শিল্পী জেমস, তপু ও নয়ন।পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
