ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ঐতিহাসিক কাতার সফর উপলক্ষে দোহার লুসাইল প্রাসাদে এক রাজকীয় নৈশভোজের আয়োজন করেছেন কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি। নৈশভোজে ফরাসি প্রেসিডেন্ট ও তাঁর সাথে থাকা সফরসঙ্গী উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে দেওয়া স্বাগত বক্তব্যে ফরাসি প্রেসিডেন্টকে উষ্ণ অভিবাদন জানিয়ে কাতারের আমির দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের পারস্পরিক শ্রদ্ধা ও যৌথ মূলবোধের ওপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বের কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের মধ্যকার অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্কের ক্ষেত্রগুলোকে আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
প্রত্যুত্তরে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ কাতারের আমিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। দুই দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি ও নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগের প্রশংসা করে তিনি প্রযুক্তি, জ্বালানি ও শিল্প খাতে দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন।
একই সাথে ভবিষ্যৎমুখী সম্ভাবনাময় খাতগুলোতে যৌথ বিনিয়োগের লক্ষ্যে 'ওয়ান প্ল্যানেট' সাভরেন ওয়েলথ ফান্ডস উদ্যোগের আওতায় কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ম্যাক্রোঁ।
বর্ণাঢ্য এই নৈশভোজে কাতারের আমিরের সহধর্মিণী হার হাইনেস শেখা জওয়াহের বিনতে হামাদ বিন সুহাইম আল থানি উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল থানি, সাবেক প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন খলিফা আল থানি, শেখ মোহাম্মদ বিন খলিফা আল থানি, শেখ জসিম বিন খলিফা আল থানি এবং প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি।
নৈশভোজে অন্যান্যের মধ্যে শূরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমসহ কাতারের রাজপরিবারের সদস্য, সরকারের মন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী প্রতিনিধিদলের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন।

