সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনায় বড় ধরনের পরিবর্তন আনল কাতার এয়ারওয়েজ।
আঞ্চলিক সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেছে কাতারের পতাকাবাহী এই রাষ্ট্রীয় বিমান সংস্থা।
একই সাথে জেদ্দা রুটেও ফ্লাইট সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক দাপ্তরিক বার্তায় কাতার এয়ারওয়েজ জানায়, আগামী ২৪ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে আসা-যাওয়ার সব ধরনের ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্থগিত থাকবে।
এছাড়া জেদ্দা রুটে আগে যেখানে প্রতিদিন ৭টি করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হতো, তা কমিয়ে প্রতিদিন ৪টি ফ্লাইটে নামিয়ে আনা হয়েছে।
বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের চরম সতর্কবার্তা কাতারের
উদ্ভূত পরিস্থিতিতে যেসব যাত্রীর আগে থেকেই টিকিট বুকিং করা রয়েছে, তাদের ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের অন্তত ৪৮ ঘণ্টা আগে এয়ারলাইন্সের সাথে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সেই সাথে ফ্লাইট চলাচলের বর্তমান সময়সূচি পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় পরিবর্তিত হতে পারে বলেও সতর্ক করেছে বিমান সংস্থাটি।
ফ্লাইট সংক্রান্ত যেকোনো সর্বশেষ হালনাগাদ তথ্য, টিকিট পুনঃনির্ধারণ বা বুকিং আপডেট জানার জন্য যাত্রীদের কাতার এয়ারওয়েজের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা সরাসরি কাস্টমার সার্ভিস সেন্টারে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
| বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার |
| লুসাইল প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সম্মানে কাতারের আমিরের নৈশভোজ |