১ জুলাই ২০২৬

কাতার থেকে দেশে ফিরেই বিমানবন্দরে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশ: সোমবার, জুন ২৯, ২০২৬
কাতার থেকে দেশে ফিরেই বিমানবন্দরে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা

কাতার থেকে দেশে ফিরেই বিমানবন্দরে আটক হয়েছেন হত্যা মামলার আসামি ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির আদনান (৪০)। শনিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৩টায় তিনি দেশে পৌঁছালে হযরত শাহজালাল

আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বাছির কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দেবিদ্বারে আব্দুর রাজ্জাক রুবেল হত্যা এবং আবু বকর হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাছির আদনান আত্মগোপনে চলে যান। পরে তিনি দেশ ত্যাগ করে কাতারে অবস্থান করছিলেন।

সম্প্রতি অসুস্থ স্ত্রীকে দেখতে দেশে ফিরলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘দেবিদ্বার পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির আদনানকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল হত্যা এবং আবু বকর হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর থেকে তাকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আজ দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ

প্রকাশ: মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
আজ দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ

কাতারের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী যুবকের মরদেহ দেশে ফিরছে আজ।

মঙ্গলবার (৩০ জুন) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছানোর কথা রয়েছে।

জানা গেছে, তাদের মরদেহ বহনকারী একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় সোমবার (২৯ জুন) রাতে কাতার থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে।

নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর। তিনি জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে মঙ্গলবার যোহরের নামাজের পর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি মাদ্রাসা মাঠে পাঁচ প্রবাসীর সম্মিলিত জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

তিনি আরও জানান, জানাজায় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। একসঙ্গে পাঁচ প্রবাসীর মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

প্রবাসীদের রেকর্ড আয়: শেষ মুহূর্তে রেমিট্যান্সে বড় চমক

প্রকাশ: মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রবাসীদের রেকর্ড আয়: শেষ মুহূর্তে রেমিট্যান্সে বড় চমক

বিদায়ী অর্থবছর শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে বড় ধরনের রেকর্ড গড়েছে বাংলাদেশ। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩৬৩ দিনে (১ জুলাই ২০Wait, ২০২৫ থেকে ২৮ জুন ২০২৬) দেশে মোট ৩৫ দশমিক ৩৪৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি প্রায় ১৭ দশমিক ৬ শতাংশ বেশি। আগের অর্থবছরের এই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৩০ দশমিক ০৪৭ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক ‘ডাবল ডিজিট’ বা দুই-অঙ্কের প্রবৃদ্ধি দেশের সামষ্টিক অর্থনীতিতে বড় ধরনের স্বস্তি এনে দিচ্ছে।

জুন মাসেও ঊর্ধ্বমুখী ধারা

অর্থবছরের শেষ মাস জুনেও প্রবাসী আয় আসার গতি ছিল বেশ চাঙ্গা।

  • ২৮ দিনে ২.৫৮ বিলিয়ন: চলতি জুন মাসের প্রথম ২৮ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ৫৮৬ বিলিয়ন মার্কিন ডলার। যা গত ২০২৫ সালের জুনের একই সময়ের (২.৫৪০ বিলিয়ন ডলার) চেয়ে ১.৮ শতাংশ বেশি।

  • এক দিনেই ১৩৩ মিলিয়ন: কেবল ২৮ জুন—এই এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার।

অর্থনীতিতে স্বস্তির সুবাতাস

চলতি অর্থবছর পুরোপুরি শেষ হওয়ার আগেই মোট প্রবাসী আয় ৩৫ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে অন্যতম শক্তিশালী বার্ষিক সাফল্য হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের মূল্যায়ন: রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি জাতীয় অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের শক্তিশালী অবদানেরই প্রতিফলন। এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (ফরেক্স রিজার্ভ) বাড়ানো, বাহ্যিক খাতের স্থিতিশীলতা রক্ষা এবং অভ্যন্তরীণ ভোগব্যয় সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংকটের মাঝেও আশার আলো

গত কয়েক বছর ধরে ডলার সংকট এবং রিজার্ভের পতন নিয়ে দেশের অর্থনীতি যে চাপের মধ্য দিয়ে যাচ্ছিল, রেমিট্যান্সের এই উল্লম্ফন সেই চাপ অনেকটাই কমিয়ে আনবে বলে মনে করা হচ্ছে। ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার আকর্ষণীয় হওয়া এবং হুন্ডি প্রতিরোধে কড়াকড়ির কারণেই প্রবাসীরা বৈধ পথে বেশি টাকা পাঠাচ্ছেন বলে ধারণা বিশেষজ্ঞদের।

তবে এই ধারা বজায় রাখতে প্রবাসীদের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ করার পাশাপাশি রেমিট্যান্স প্রণোদনার বিষয়টি সচল রাখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, ঘরের চাল কেটে ঢুকেছিল দুর্বৃত্তরা

প্রকাশ: রবিবার, জুন ২৮, ২০২৬
প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, ঘরের চাল কেটে ঢুকেছিল দুর্বৃত্তরা

ফেনীর ফুলগাজীতে কাজল আক্তার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীর হাত-পা বাঁধা এবং মুখে কষটেপ লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকালে দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ির বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কাজল আক্তার উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী এবং তিন সন্তানের জননী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বসতঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর কাজল আক্তারের হাত-পা বেঁধে এবং মুখে কষটেপ পেঁচিয়ে তাকে হত্যা করা হয়।

নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সময় ঘরে তার তিন বছর বয়সী একমাত্র কন্যাসন্তান উপস্থিত ছিল। অন্য দুই সন্তান স্থানীয় একটি হেফজ মাদরাসায় থাকায় রক্ষা পায়। সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিথর দেহটি উদ্ধার করে।

নিহত কাজলের বাবা কেঁদে কেঁদে বলেন, ‘আমার মেয়ে খুব ভালো ছিল। শ্বশুরবাড়ির কারও সাথে ওর কোন ঝামেলা ছিল না। যারা আমার মেয়েকে হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এদিকে এই হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে নিহতের স্বজনরা দ্রুত প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

হত্যাকাণ্ডের বিষয়ে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, ঘরের ভেতরের আলামত দেখে প্রাথমিকভাবে এটিকে চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। পূর্ব শত্রুতা বা অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।

মাতারবাড়ীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ১

প্রকাশ: রবিবার, জুন ২৮, ২০২৬
মাতারবাড়ীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ১

মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল এলাকায় প্রবাসী বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধ দুর্বৃত্তদের হামলা, ডাকাতির ও গুলিবর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ প্রশাসন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবাসী বাদশা মিয়ার বাড়িতে হানা দেয়। হামলাকারীরা প্রথমে বাড়ির প্রধান ফটকে জোরে ধাক্কা দিয়ে দরজা খুলতে বলে। পরিবারের সদস্যরা বিষয়টি সন্দেহজনক মনে করে দরজা না খুললে তারা জোরপূর্বক ভেতরে প্রবেশ করে।

পরিবারের সদস্যদের দাবি, একপর্যায়ে কয়েকজন হামলাকারীর সঙ্গে তাদের মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়। তখন বাড়ির লোকজন সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুললে দুর্বৃত্তরা অস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দেয়। ধস্তাধস্তির মধ্যেও পরিবারের সদস্যরা পিছু হটেননি। দীর্ঘ সময়ধরে বাকবিতণ্ডা চলাকালে হামলাকারীরা বাড়ি লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়।

গুলিবর্ষণের ঘটনায় বাড়ির থাই গ্লাস, জানালার কাচ ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গুলির আঘাতে দেয়ালে স্পষ্ট চিহ্ন সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পরিবারটি। এ সময় বাড়িতে থাকা নারী, শিশু ও বয়স্ক সদস্যরা চরম আতঙ্কের মধ্যে পড়েন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

হামলার শিকার বাড়িটি দুবাই প্রবাসী শাহজাহান, জাহেদ ও তারেক এবং মালয়েশিয়া প্রবাসী রুবেল ও সাঈদীর পরিবারের বলে জানা গেছে। পরিবারের সদস্যরা জানান, দুবাই প্রবাসী শাহজাহান ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে সম্প্রতি দেশে ফিরেছেন। এমন সময়ে এ হামলার ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। পরিবারের দেওয়া তথ্য ও স্থানীয় সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিম ওরফে সেলিম ফকিরকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলার সঙ্গে মগডেইল এলাকার সেলিম ফকির ছাড়াও নাছির উদ্দীন, কায়সার, মান্নান, বাপ্পি আকাশসহ আরও কয়েকজন জড়িত। এছাড়া স্থানীয়ভাবে পরিচিত রাইফেল আমিন ও আতাউল্লাহর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনায় জড়িত থাকতে পারে বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির আইসি মোজাহের বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় সেলিম ফকিরকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।”

এদিকে ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা হামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।

প্রবাসীর ছেলেকে অপহরণের পর হত্যা, গ্রেপ্তার ১

প্রকাশ: রবিবার, জুন ২৮, ২০২৬
প্রবাসীর ছেলেকে অপহরণের পর হত্যা, গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রবাসীর ১৫ বছর বয়সী ছেলে রাফিজ মিয়াকে অপহরণ করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং পরে শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান আসামি লাল্টু মিয়া (৪১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশিও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। এর আগে শুক্রবার (২৬ জুন) ভোরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নলিয়া গ্রামের জামালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, গত ৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গা উপজেলার চিলাভালকী গ্রামের কিশোর রাফিজ মিয়া একটি ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। রাত ১১টার দিকে তার দাদি আমেনা খাতুনের মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। ফোনের ওপার থেকে রাফিজের কান্নার শব্দ শোনানো হয় এবং তাকে ছেড়ে দিতে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, রাফিজের বাবা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের উদ্দেশ্যে এই অপহরণের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী কৌশলে রাফিজকে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর এলাকার অর্জুন খালের পাশে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন করা হয় এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। পরে টাকা না পেয়ে ওই রাতেই গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ অর্জুন খালে ফেলে দিয়ে ও তার মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে কয়েক দফা মুক্তিপণের টাকা দাবি করে অপহরণকারীরা।

ঘটনার আট দিন পর, ১৩ জুন কুতুবপুরের লাল ব্রিজ মাঠ সংলগ্ন অর্জুন খালের পাশের একটি পুকুর থেকে রাফিজের পচাগলা মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

এর আগে ১০ জুন রাফিজের দাদি আমেনা খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি যৌথ টিম কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ২৬ জুন ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী জেলা থেকে প্রধান পলাতক আসামি লাল্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে লাল্টু মিয়া হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি উদ্ধার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, "এটি একটি অত্যন্ত নৃশংস ও হৃদয়বিদারক ঘটনা। তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের সমন্বয়ে আমরা প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধীই আইনের হাত থেকে রেহাই পাবে না।"