বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রোববার (৫ জুলাই) বিকেলে বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একসময় বিদেশে নির্যাতনের শিকার হলে বাংলাদেশি কর্মীরা কার্যকর প্রতিকার পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতেন। তবে বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তির ফলে এখন নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি এবং আইনি প্রতিকার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তিনি জানান, ইতোমধ্যে ১০টি দেশে বাংলাদেশি কর্মীদের জন্য আইনি সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম আরও বিভিন্ন দেশে সম্প্রসারণ করা হবে।
নুরুল হক নুর বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করছে এবং তাদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে। এ সময় সরকারি বিভিন্ন দপ্তর ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।