কাতারে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ডিজিটাল বাণিজ্যিক কনটেন্ট সৃষ্টিকারীদের জন্য লাইসেন্স বা নিবন্ধনের নিয়ম বাধ্যতামূলক করার একটি বিশেষ প্রস্তাব বাস্তবায়নের পথে এগোচ্ছে।
প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিগগিরই শুরা কাউন্সিলের দেওয়া এই প্রস্তাবটি চূড়ান্তভাবে বাস্তবায়িত হতে যাচ্ছে।
দৈনিক আল শারক (Al Sharq)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই প্রস্তাবটির মূল লক্ষ্য হলো ডিজিটাল বিজ্ঞাপন ও ইনফ্লুয়েন্সারদের কার্যক্রমকে একটি নির্দিষ্ট সুশৃঙ্খল কাঠামোর মধ্যে নিয়ে আসা।
কেন এই উদ্যোগ এবং এর মূল লক্ষ্যসমূহ:
সামাজিক ও জাতীয় মূল্যবোধ রক্ষা: কনটেন্ট ক্রিয়েটররা যাতে কাতারের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং জাতীয় পরিচয় অক্ষুণ্ণ রেখে বিষয়বস্তু নির্মাণ করেন, তা নিশ্চিত করা।
ভুল তথ্য ও বিদ্বেষমূলক বার্তা রোধ: সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বা গুজব এবং কোনো প্রকার বিদ্বেষমূলক বক্তব্য বা কনটেন্ট ছড়ানো প্রতিরোধ করা।
গ্রাহক স্বার্থ সুরক্ষা ও স্বচ্ছতা: ডিজিটাল পণ্যের প্রচারণায় স্বচ্ছতা আনা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা করা।
যেসব বিষয়ের ওপর নিয়মাবলী প্রযোজ্য হবে
খুব শিগগিরই কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কোন ক্যাটাগরির ইনফ্লুয়েন্সারদের লাইসেন্সের আওতায় আনা হবে, লাইসেন্স পাওয়ার জন্য কী কী টেকনিক্যাল ও প্রফেশনাল যোগ্যতা লাগবে এবং বিজ্ঞাপনদাতাদের ক্ষেত্রে কী ধরনের নিয়মাবলী প্রযোজ্য হবে— তা প্রকাশ করবে।
প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগটি ইনফ্লুয়েন্সারদের সৃজনশীলতা ও দায়িত্বশীল মতপ্রকাশকে বাধাগ্রস্ত করবে না; বরং ডিজিটাল অঙ্গনে নির্ভরযোগ্যতা, বাণিজ্যিক স্বচ্ছতা এবং সার্বিক বিশ্বাসযোগ্যতা বহুলাংশে বৃদ্ধি করবে।
তথ্যসূত্র: দৈনিক আল শারক