মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে কাতার। পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগেই দুই দেশকে সমঝোতায় আসতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি।
শনিবার (৭ নভেম্বর) যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী বলেন, সংঘাতের অবসানে সঠিক সময়ের জন্য অপেক্ষা করার আর কোনো সুযোগ নেই। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ও ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে হবে।
এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, চলমান আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছে দোহা।
শান্তি আলোচনা নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন অপপ্রচারেরও সমালোচনা করেন তিনি। মাজেদ আল-আনসারি বলেন, যারা যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়, এসব অপপ্রচার কেবল তাদের স্বার্থই হাসিল করছে।
অন্যদিকে, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে কাতারের এই উদ্যোগকে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে সম্ভাব্য শান্তি চুক্তির শর্ত, আলোচনার অগ্রগতি কিংবা চুক্তির সময়সীমা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
সূত্র: আল জাজিরা

