৪ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানাল ইরান

প্রকাশ: রবিবার, জুন ০৭, ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানাল ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তেজনা কমানো বা স্থিতিশীলতার পথে ফেরার কোনো ইচ্ছা দেখাচ্ছে না যুক্তরাষ্ট্র। বরং তাদের ‘সাহসী ও ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড’ অঞ্চলের নিরাপত্তাকে গুরুতরভাবে বিপন্ন করছে।

শনিবার (৬ জুন) দেশটির মন্ত্রণালয়ের এক্সে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়, ইরানের সিরিক অঞ্চল এবং কিশম দ্বীপে উপকূলীয় রাডার ও নজরদারি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি বিবৃতির বরাতে জানিয়েছে, এসব ঘটনার দায় ও এর পরিণতির সম্পূর্ণ দায়িত্ব যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।

বিবৃতিতে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আঞ্চলিক দেশগুলোর প্রতি ‘ভালো প্রতিবেশী নীতি’ অনুসরণ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি মেনে চলার আহ্বান জানিয়েছে। যাতে কোনো দেশ তাদের ভূখণ্ড বা অবকাঠামো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আক্রমণ পরিকল্পনা বা পরিচালনা করতে না পারে।

ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়ানোর কাজ চলছে, স্বীকার করল ইসরায়েল

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬
ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়ানোর কাজ চলছে, স্বীকার করল ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের তাড়ানোর কাজ এখনো চলছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, গাজার জনসংখ্যা কমিয়ে ফেলা বা ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে দেওয়াই সেখানকার ‘একমাত্র সমাধান’।

বুধবার (২ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন কাটজ। তিনি বলেন, ‘এই অভিবাসন ছাড়া গাজার কোনো প্রকৃত সমাধান নেই।’

ইসরায়েলি কর্মকর্তারা ফিলিস্তিনিদের গাজা ছাড়ার বিষয়টিকে অনেক সময় ‘স্বেচ্ছামূলক অভিবাসন’ বা ‘মাইগ্রেশন’ হিসেবে উল্লেখ করেন।

তবে ফিলিস্তিনি অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম লক্ষ্য হলো ফিলিস্তিনিদের ভূখণ্ড থেকে সরিয়ে দেওয়া।

ট্রাম্পের পরিকল্পনা বাতিল হয়নি, দাবি কাটজের
গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার ধারণাটি ইসরায়েলের কট্টর ডানপন্থি কয়েকজন নেতা আগেই প্রকাশ্যে সমর্থন করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার দ্বিতীয় মেয়াদের শুরুতে এমন একটি পরিকল্পনার কথা বলেছিলেন।

ট্রাম্প বলেছিলেন, ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পর যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিয়ে উপত্যকাটির উন্নয়ন করতে পারে।

এই প্রস্তাব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরে ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে ফিলিস্তিনিদের নিজেদের ভূমিতে থাকার অধিকার নিশ্চিত করার কথা বলা হয়।

চুক্তিতে বলা হয়েছিল, গাজা ছাড়তে কাউকে বাধ্য করা হবে না। যারা যেতে চান, তারা যেতে পারবেন এবং ফিরে আসার সুযোগও থাকবে।

তবে কাটজের বক্তব্য অনুযায়ী, ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা পুরোপুরি বাতিল করেননি। তিনি বলেন, ‘এই মুহূর্তে ট্রাম্প এটি বাতিল করেননি; তিনি এটি হিমায়িত করেছেন।’

‘যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন’
কাটজ বলেন, ইসরায়েল গাজা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ‘সমুদ্রপথে, আকাশপথে এবং যে কোনো উপায়ে’ ব্যবস্থা নিতে প্রস্তুত।

তবে গাজার সঙ্গে সীমান্ত থাকা মিশর ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ করতে রাজি নয়। কাটজের ভাষ্য, ফিলিস্তিনিদের গ্রহণ করতে পারে—এমন অন্য দেশগুলোর যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন।

তিনি বলেন, পরিকল্পনাটি এখনো নিয়মিত আলোচনা হচ্ছে এবং শেষ পর্যন্ত গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার কোনো বিকল্প নেই। তার কথায়, ‘সবার স্বার্থেই শেষ পর্যন্ত অন্য কোনো সমাধান নেই।’

যুদ্ধবিরতির পরও হামলা
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশে বিধিনিষেধ আরোপ করছে। পাশাপাশি, উপত্যকাটির পুনর্গঠনেও বাধা দেওয়া হচ্ছে বলে বলা হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনিদের লক্ষ্য করে প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে।

গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সমালোচনা হলেও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলি সরকারের পাশে রয়েছে। গত তিন বছরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় ২৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ট্রাম্পের

মেক্সিকো উপসাগর ও লেক অন্টারিওর পর এবার ট্রাম্পের নজর হরমুজ প্রণালিতে
প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬
হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব ট্রাম্পের

এবার হরমুজ প্রণালির নাম বদলে দেওয়ার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শুধু তাই নয়, প্রণালির নামটি নিজের নামে করতে চান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হোয়াইট হাউসের এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তুমুল বিরোধ চলছে এই হরমুজ প্রণালি নিয়ে। আর এর মধ্যেই ট্রাম্প এই প্রস্তাব রাখলেন। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘এখন যেহেতু যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, আমাদের কি হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ট্রাম্প প্রণালি করা উচিত??? আমেরিকার মতোই এটি আগের যেকোনো সময়ের চেয়ে আরও “উত্তপ্ত” হবে!’

ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের বিষয়ে ট্রাম্পের দেওয়া সর্বশেষ প্রস্তাব এটি। কানাডার সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দেওয়ার এক সপ্তাহ পর তিনি এ প্রস্তাব দিলেন।

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ওঠার প্রথম দিনেই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখেন ট্রাম্প।

এর আগে ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের অনেক উদ্যোগই ৮০ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্টের আপাতদৃষ্টিতে হাস্যরসাত্মক মন্তব্য দিয়ে শুরু হয়েছিল। পরে তিনি সেগুলো বাস্তবায়নেও উদ্যোগ নিয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালির ওপর সার্বভৌমত্ব দাবি করার হুমকি বারবার দিয়েছেন ট্রাম্প। এমনকি তিনি একটি মানচিত্রও পোস্ট করেছেন, যেখানে এই জলপথকে যুক্তরাষ্ট্রের ‘নতুন ভূখণ্ড’ হিসেবে দেখানো হয়েছে।

তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েলের সঙ্গে মিলে ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছিলেন, তার প্রতিক্রিয়ায় বিশ্বের মোট তেল সরবরাহের পাঁচ ভাগের এক ভাগ যে গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যায়, সেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান।

ইরান নতুন করে মাইন পেতে রাখার চেষ্টা করছে বলে ট্রাম্প দাবি করার পর মঙ্গলবার হরমুজ প্রণালির কাছে নতুন করে হামলা চালায় মার্কিন বাহিনী। এরপর আবারও বাড়তে শুরু করেছে তেলের দাম।

এর আগে স্থানীয় সময় গত সোমবার ইরানকে কঠোরভাবে আঘাতের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান একটি ‘ব্যর্থ’ ও ‘মৃত’ দেশ। একই সঙ্গে তিনি দাবি করেন, ওয়াশিংটনের সহায়তায় প্রতি রাতে প্রায় ৩০টি জাহাজ হরমুজ প্রণালি পার হচ্ছে।

হরমুজ প্রণালী বর্তমানে ‘অত্যন্ত ভালো অবস্থায়’ রয়েছে দাবি করে ট্রাম্প বলেন, ‘আমরা নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছি। গত রাতে অনেক, অনেক জাহাজ পার হয়েছে। আপনারা জানেন, নৌবাহিনীর সহায়তায়। আর আমরা গড়ে প্রতি রাতে ৩০টি জাহাজ পার করাচ্ছি।’

ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা সম্পর্কে যা জানা গেল

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬
ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা সম্পর্কে যা জানা গেল

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার বছর বয়সী এক শিশুও রয়েছে। হামলায় ৬০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বুধবার (২ সেপ্টেম্বর) হরমোজগান গভর্নরের কার্যালয় নিহত চারজনের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন চার বছর বয়সী আমির আলী কারিমি, ১৬ বছর বয়সী মোহাম্মদ মালাহি, ৪৩ বছর বয়সী কোলসুম মালাহি এবং ৪৩ বছর বয়সী জারখাতুন তাহেরি।

স্থানীয় সূত্র ও কর্তৃপক্ষের দাবি, হামলার সময় একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়।

ভবনের ছাদ ভেদ করে ক্ষেপণাস্ত্র
ঘটনাস্থলের ভিডিও, ছবি, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সরকারি বিভিন্ন প্রতিবেদনে কুহেস্তাকে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার চিত্র উঠে এসেছে।

স্থানীয়দের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, শহরের উপকূলের কাছে একটি টেলিযোগাযোগ টাওয়ারে ক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছে। এতে টাওয়ারটি ধ্বংস হয়ে যায়।

কিছু স্থানীয় বাসিন্দা দাবি করেছেন, হামলায় ড্রোনও ব্যবহার করা হয়ে থাকতে পারে।

ঘটনাস্থল থেকে পাওয়া ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে কয়েকজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ ধারণা করছেন, সেখানে এজিএম-৮৪কে এসএলএএম-ইআর ক্ষেপণাস্ত্রের কোনো একটি সংস্করণ ব্যবহার করা হয়ে থাকতে পারে।

বোয়িংয়ের তথ্য অনুযায়ী, এটি আকাশ থেকে নিক্ষেপযোগ্য নির্ভুল নিশানার ক্রুজ ক্ষেপণাস্ত্র।

ছড়িয়ে-ছিটিয়ে ছিল নারী ও শিশুর জুতা
বুধবার ধারণ করা ভিডিওতে দেখা যায়, যে ভবনে বিয়ের অনুষ্ঠান চলছিল, তার ছাদে সরাসরি আঘাতের চিহ্ন রয়েছে। আরও কয়েকটি ভিডিওতে ভবনটির ভেতরে ধ্বংসাবশেষ ও ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়।

হামলার পর ওই এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। ধ্বংসস্তূপের মধ্যে নারী ও শিশুদের জুতা পড়ে থাকতে দেখা গেছে। পাশের কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়েছে, হামলায় তিনটি মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এর একটি ভবনের ছাদ ভেদ করে মাটিতে প্রায় দেড় মিটার গভীর গর্ত তৈরি করে।

‘সবাই ছিল বেসামরিক’
হামলার শিকার ভবনটির মালিক আলী মালাহি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, সেখানে তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। ভবনের ভেতরে থাকা সবাই বেসামরিক নাগরিক ছিলেন বলে দাবি করেছেন তিনি।

হাসপাতাল থেকে প্রচারিত রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে আহত শিশু ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা নিতে দেখা যায়।

হামলায় আহত এক তরুণ বলেন, তারা বাড়িটির দিকে যাওয়ার সময় আকাশে যুদ্ধবিমান উড়তে দেখেছিলেন। এরপর বিস্ফোরণ ঘটে।

হাসপাতালের বিছানায় থাকা ওই তরুণ বলেন, অনেক শিশু ও নারী ভয়াবহভাবে আহত হয়েছেন।

ঘটনাস্থলে থাকা এক নারীও দাবি করেন, সেখানে কোনো সামরিক স্থাপনা ছিল না। তার ভাষ্য, বাড়িটিকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলে মনে হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ঘটনাটি তারা বিস্তারিতভাবে নথিভুক্ত করেছে। সংস্থাটি হামলার স্থান এবং আহত শিশুদের কয়েকটি ছবিও প্রকাশ করেছে।

পরে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কার্যালয়ে চিঠি দিয়ে হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

তাদের মতে, এটি একটি ‘গুরুতর’ হামলা।

হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে বিস্ফোরিত হলো সুপারট্যাংকার

প্রকাশ: সোমবার, আগস্ট ৩১, ২০২৬
হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে বিস্ফোরিত হলো সুপারট্যাংকার

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর দক্ষিণ রুট দিয়ে অতিক্রম করার সময় সামুদ্রিক মাইনের আঘাতে একটি বিশাল সুপারট্যাংকারে ভয়াবহ আগুন ধরে যাওয়ার খবর জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, দুটি জলমগ্ন মাইনের আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং এটি সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ে।

আইআরজিসির নৌবাহিনী এক কঠোর সতর্কবার্তায় জানিয়েছে, “যেসব জাহাজ হরমুজ প্রণালীর নিরাপত্তা বিধি লঙ্ঘন করবে, তাদের পরিণতি এর চেয়ে আলাদা কিছু হবে না। পারাপার এবং নৌ চলাচলের জন্য আইআরজিসি নৌবাহিনীর জারি করা নিয়মকানুন মেনে চলা বাধ্যতামূলক।”

যদিও ইরান বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক চলাচল প্রায় বন্ধ করে রেখেছে, তবুও মার্কিন সহায়তায় ওমান উপকূলের কাছাকাছি তুলনামূলক নিরাপদ জলপথ দিয়ে মাঝে মাঝে কয়েকটি জাহাজ যাতায়াত করার চেষ্টা করছে। তেহরান এই রুটগুলোকে ‘অনুমোদিত নয়’ বা ‘অবৈধ’ আখ্যা দিয়ে বারবার সতর্ক করে আসছে।

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, “শিপিং কোম্পানিগুলোর উচিত মার্কিন সেনাবাহিনীর উসকানিতে বিভ্রান্ত না হওয়া এবং অপ্রয়োজনে তাদের জাহাজ ও ক্রুদের জীবন ও সম্পদ ধ্বংসের মুখে ঠেলে না দেওয়া।”

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং জলপথটি উন্মুক্ত রাখার প্রচেষ্টাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। লারাক দ্বীপে মার্কিন হামলা এবং এর জবাবে জর্ডান ও আমিরাতের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার রেশ কাটতে না কাটতেই এই সুপারট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথে নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

লারাক দ্বীপে মার্কিন হামলার পর জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশ: সোমবার, আগস্ট ৩১, ২০২৬
লারাক দ্বীপে মার্কিন হামলার পর জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

গত জুলাই মাসের শেষের পর থেকে মধ্যপ্রাচ্যে দুই পক্ষের মধ্যে ফের তীব্র সহিংস সংঘাত শুরু হয়েছে। দক্ষিণ ইরানের লারাক দ্বীপে মার্কিন সামরিক হামলার জেরে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, “আগ্রাসনের শাস্তি” নামের এই সমন্বিত অভিযানে জর্ডানের কিং হুসেন এবং আল আজরাক ঘাঁটিতে নিখুঁত আঘাত হানা হয়েছে। আইআরজিসির দাবি, এই হামলায় শত্রু পক্ষের যুদ্ধবিমান মোতায়েনের স্থানসহ প্রযুক্তিগত ও মেরামত অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে হামলার পরপরই জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশসীমা লঙ্ঘনকারী আটটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। উভয় পক্ষের সূত্র অনুযায়ী, জর্ডানের কোনো ঘাঁটিতেই হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। লারাক দ্বীপে রবিবারের মার্কিন হামলার প্রতিশোধ নিতেই এই পাল্টা আঘাত হেনেছে তেহরান।

পাল্টাপাল্টি বক্তব্য ও সংঘাতের পটভূমি

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে রবিবারের মার্কিন হামলাকে “আগ্রাসী কার্যকলাপ” হিসেবে অস্বীকার করেছে। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালীতে ইরানি বাহিনীকে মাইন স্থাপন করা থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র কেবল “সীমিত ও সুনির্দিষ্ট পদক্ষেপ” নিয়েছে এবং বর্তমান পরিস্থিতির জন্য ইরানকেই দায়ী করেছে।

অন্যদিকে, ইরানের ফার্স সংবাদ সংস্থা দাবি করেছে যে এই মার্কিন-ইসরায়েল যৌথ হামলায় সেনা হতাহতের ঘটনা ঘটেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই চলমান যুদ্ধ বর্তমানে সপ্তম মাসে পদার্পণ করেছে। একদিকে যুক্তরাষ্ট্র তেহরানের ওপর কঠোর আর্থিক নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের কৌশল গ্রহণ করেছে, অন্যদিকে হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও তেল পরিবহন বজায় রাখার দাবি করে আসছে।

বিশ্লেষকদের মতে, লারাক দ্বীপ ও জর্ডানের ঘাঁটিতে হামলার এই ঘটনা মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়ায়ী সামরিক সংঘাতকে আরও বেশি উস্কে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের অনমনীয় অবস্থানের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার ও তেলের দামেও এর মারাত্মক প্রভাব পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে, যা বাইডেন বা ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণেও বড় ধরনের চাপ তৈরি করছে।

তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ দুর্বল করার যেকোনো মরিয়া প্রচেষ্টার জবাব আরও বিধ্বংসী উপায়ে দেওয়া হবে এবং তারা যেকোনো দীর্ঘমেয়াদী সংঘাতে লড়তে প্রস্তুত।