বিশ্বের সবচেয়ে পরিচিত ও ব্যাপকভাবে ব্যবহৃত এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে তুরস্কে। তবে বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
গতকাল বুধবার তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এ তথ্য জানায়।
মন্ত্রণালয় জানায়, নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় ইয়ালোভায় একটি এফ-১৬ বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগে পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে আসতে পেরেছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত করা হবে বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তুরস্কের বেসরকারি সংবাদমাধ্যম এনটিভির সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে আগুনের গোলা এবং ঘন কালো ধোঁয়া উড়ছে। ঘটনার পর পরই ঘটনাস্থলে বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
এফ-১৬ ফাইটিং ফ্যালকন বিশ্বের অন্যতম পরিচিত ও বহুল ব্যবহৃত যুদ্ধবিমান। আকাশযুদ্ধ, স্থল হামলা ও বিভিন্ন সামরিক অভিযানে বহু দেশ এই যুদ্ধবিমান ব্যবহার করে আসছে। দ্রুতগতি, উচ্চ চালনক্ষমতা ও বহুমুখী যুদ্ধ সক্ষমতার কারণে এফ-১৬ বিশ্বজুড়ে ব্যাপকভাবে আলোচিত। বর্তমানে এফ-১৬ তৈরি করছে যুক্তরাষ্ট্রের বৃহৎ প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি কোম্পানি ‘লকহিড মার্টিন’।
তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমানের বড় বহর রয়েছে। দেশটি দীর্ঘদিন ধরে এফ-১৬ পরিচালনা করছে এবং নতুন তৈরি ও আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে।