ইয়ামেনের কৌশলগত পাহাড়ি অঞ্চল এবং গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে নিজেদের পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সরকারি বাহিনী এবং ইরান-সমর্থিত আনসারুল্লাহ হুথি বিদ্রোহী গ্রুপের মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছে।
পাহাড়ি অঞ্চলের ভৌগোলিক উচ্চতার নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, তার পক্ষেই পুরো ভূখণ্ড, লোহিত সাগরের উপকূলীয় এলাকা এবং কৌশলগত তাইজ শহর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
সম্প্রতি হুথি বিদ্রোহীরা জাবাল সাবির পাহাড়ের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে, যা থেকে পুরো তাইজ শহর ও তার আশপাশের এলাকা পুরোপুরি পর্যবেক্ষণ করা যায়। সামরিক বিশেষজ্ঞদের মতে, হুথিরা যদি শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ পাহাড়টির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়, তবে তাইজ শহরটি প্রায় সম্পূর্ণভাবে তাদের দখলে চলে যাবে।
পরিস্থিতি মোকাবেলায় তাইজ শহর রক্ষায় হুথিদের এই অগ্রযাত্রা থামাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ইয়ামেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী। শহরটির মূল প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণ অংশের আল-মিসরাখ জেলা এবং আল-তুরবাহ অঞ্চলের দিকে বাড়তি সেনা পাঠাতে শুরু করেছে তারা।
একই সাথে সম্প্রতি হুথিদের দখলে চলে যাওয়া অবস্থানগুলোতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলার জোর দাবি জানানো হয়েছে।
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, তাইজ অভিমুখে জোরালো বিমান হামলা ও তীব্র পাল্টা আক্রমণের পর সরকারি বাহিনী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও কৌশলগত পয়েন্টের পুনঃনিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। তবে তাইজ শহর ও লোহিত সাগরের উপকূলীয় এলাকার সংযোগস্থলগুলোতে দুই পক্ষের লড়াই অব্যাহত রয়েছে।