১২ নভেম্বর ২০২৬

বাংলাদেশে ২৬টি এলএনজি কার্গো সরবরাহ করবে কাতার

প্রকাশ: সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
বাংলাদেশে ২৬টি এলএনজি কার্গো সরবরাহ করবে কাতার
টপ স্টোরিজ

২০২৭ সালে বাংলাদেশের জন্য চুক্তিবদ্ধ ৪০টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গোর মধ্যে ২৬টি সরবরাহ করবে কাতারএনার্জি। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বার্ষিক চুক্তির ৬৫ শতাংশ পূরণ করতে পারবে বলে আশা করা হচ্ছে।

তবে কাতারের পাশাপাশি ওমানসহ অন্যান্য আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকেও এলএনজি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আপাতত আগামী বছরের মার্চ পর্যন্ত এলএনজি আমদানির সূচি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৭ সালের পুরো বছরের আমদানি পরিকল্পনা এখনই চূড়ান্ত করতে চায় না সরকার। বরং সরবরাহ পরিস্থিতি ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী মার্চ পর্যন্ত এলএনজি সরবরাহের সূচি তৈরির জন্য পেট্রোবাংলাকে নির্দেশ দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পরবর্তী সময়ে পরিস্থিতি পর্যালোচনা করে বাকি সময়ের আমদানি পরিকল্পনা নির্ধারণ করা হবে।

নীতিনির্ধারকদের ধারণা, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর হরমুজ প্রণালিকে ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা কমে আসতে পারে। এ গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক হলে এলএনজিবাহী জাহাজের পরিবহনও বাড়বে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

পেট্রোবাংলার কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা হলে আন্তর্জাতিক এলএনজি সরবরাহ সংকট কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে। সে ক্ষেত্রে বিদ্যমান চুক্তির আওতায় অতিরিক্ত এলএনজি কার্গো পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এ কারণে পুরো বছরের আমদানি সূচি আগেভাগে নির্ধারণ না করে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রাখতে চায় সরকার।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক এলএনজি সরবরাহব্যবস্থায় অস্থিরতা দেখা দেয়। সংঘাতের প্রভাবে গ্যাস উৎপাদন ও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হয়। কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠান ফোর্স ম্যাজিউর ঘোষণা করায় দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই পরিস্থিতির আগে ২০২৭ সালে প্রায় ১১৫টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা করেছিল বাংলাদেশ। এর মধ্যে অন্তত ১০৩টি কার্গো দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সংগ্রহের লক্ষ্য ছিল। তবে চুক্তিবদ্ধ মোট ১২৮টি কার্গোর মধ্যে এখন পর্যন্ত মাত্র ৭১টির সরবরাহ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগের কর্মকর্তারা।

২০২৭ সালে বাংলাদেশের এলএনজি আমদানিতে সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা কাতারএনার্জির। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ ৪০টি কার্গোর মধ্যে ২৬টি সরবরাহের প্রত্যাশা করা হচ্ছে। অর্থাৎ মোট চুক্তির ৬৫ শতাংশ পূরণ করতে পারবে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া কাতারএনার্জির সহযোগী প্রতিষ্ঠান কাতারএনার্জি ট্রেডিং এলএলসি থেকেও উল্লেখযোগ্য পরিমাণ এলএনজি পাওয়ার কথা রয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে ২৪টি কার্গোর চুক্তি থাকলেও ২০২৭ সালে ১৮টি সরবরাহের প্রত্যাশা করা হচ্ছে। এটি মোট চুক্তির ৭৫ শতাংশ।

দুই প্রতিষ্ঠান মিলিয়ে আগামী বছর কাতারের কাছ থেকে মোট ৪৪টি এলএনজি কার্গো পেতে পারে বাংলাদেশ। তবে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটায় কাতারএনার্জি ফোর্স ম্যাজিউর ঘোষণা করেছে। ফলে চুক্তি অনুযায়ী নির্ধারিত পরিমাণ এলএনজি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে, ওমানের রাষ্ট্রায়ত্ত এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিংয়ের (ওকিউটি) কাছ থেকে ২০২৭ সালে ৩২টি কার্গো পাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির কোনো কার্গোর সরবরাহ নিশ্চিত হয়নি। বরং চুক্তির অর্ধেক, অর্থাৎ ১৬টি কার্গো সরবরাহের প্রস্তাব দিয়েছে ওকিউটি।

ওকিউটির প্রস্তাবে এলএনজির মূল্য নির্ধারণ পদ্ধতি পরিবর্তনের বিষয়টিও রয়েছে। বর্তমানে ব্রেন্ট ক্রুড তেলের দামের সঙ্গে সম্পর্কিত মূল্য নির্ধারণ পদ্ধতির পরিবর্তে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচক অনুসারে দাম নির্ধারণ করতে চায় প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম জেকেএম সূচকের চেয়ে ০.০৪ ডলার কম রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে ওকিউটির এ প্রস্তাবে সম্মতি দেয়নি পেট্রোবাংলা। প্রতিষ্ঠানটিকে বিদ্যমান চুক্তির শর্ত অনুযায়ী এলএনজি সরবরাহ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত মার্চে সরবরাহ সংকট শুরুর পর থেকেই ফোর্স ম্যাজিউর ঘোষণা দিয়ে এলএনজি সরবরাহ বন্ধ রেখেছে ওকিউটি।

কাতার ও ওমানের বাইরে অন্যান্য আন্তর্জাতিক সরবরাহকারীর কাছ থেকেও এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। এর অংশ হিসেবে সুইজারল্যান্ডভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে ২০২৭ সালে ছয়টি কার্গো পাওয়ার কথা রয়েছে।

২০২৬ থেকে ২০৩৮ সালের মধ্যে মোট ১১৭টি এলএনজি কার্গো সরবরাহের লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে ১৩ বছর মেয়াদি চুক্তি করেছে বাংলাদেশ।

চুক্তির প্রথম পর্যায়ে ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে জেকেএম সূচকভিত্তিক মোট ১৪টি কার্গো সরবরাহ করবে গানভর। এর মধ্যে ২০২৬ সালে পাঁচটি, ২০২৭ সালে ছয়টি এবং ২০২৮ সালে তিনটি কার্গো পাওয়ার কথা রয়েছে।

২০২৭ সালে সরবরাহের জন্য নির্ধারিত ছয়টি কার্গোর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জেকেএম সূচকের সঙ্গে অতিরিক্ত ০.০৮৭৫ ডলার যোগ করে নির্ধারণ করা হয়েছে।

চুক্তির অবশিষ্ট ১০৩টি কার্গো ২০২৮ থেকে ২০৩৮ সালের মধ্যে সরবরাহ করা হবে। এসব কার্গোর মূল্য নির্ধারণে যুক্তরাষ্ট্রের হেনরি হাব সূচকের ১২১ শতাংশের সঙ্গে ৫.২০ ডলার যোগ করার শর্ত রাখা হয়েছে।

এদিকে, ফ্রান্সভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান টোটালএনার্জিসের কাছ থেকে ২০২৭ সালে ১২টি এলএনজি কার্গো পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত মোট ১৮টি কার্গো সরবরাহের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে সম্প্রতি স্বল্পমেয়াদি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম হবে জেকেএম সূচকের সঙ্গে অতিরিক্ত ০.০৬ ডলার যোগ করে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সেলেরেট গ্যাসের কাছ থেকে ২০২৭ সালে ১৪টি কার্গো পাওয়ার কথা রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত নয়টি কার্গোর সরবরাহ নিশ্চিত হয়েছে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, রিগ্যাসিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিটি এলএনজি কার্গো থেকে প্রায় ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়।

দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে গ্যাস কেনার ওপর বাংলাদেশের নির্ভরতা বাড়ছে। স্পট মার্কেটে তুলনামূলক বেশি দামে এলএনজি কিনতে হওয়ায় দেশের আমদানি ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সরকারের জ্বালানি খাতের ভর্তুকি ব্যয়ের ওপর।

জ্বালানি খাতের সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে এলএনজি আমদানিতে ভর্তুকি হিসেবে সরকারের ব্যয় হয়েছে ১০ হাজার ৩০০ কোটি টাকা।

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা এবং সরবরাহ সংকটের মধ্যে দেশের গ্যাসের চাহিদা পূরণ করতে গিয়ে সরকারকে এই বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে। দীর্ঘমেয়াদি চুক্তির সরবরাহ স্বাভাবিক না হলে স্পট মার্কেটনির্ভরতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে আপাতত আগামী বছরের মার্চ পর্যন্ত এলএনজি আমদানির সূচি নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক জ্বালানি বাজারের গতিপ্রকৃতি এবং সরবরাহকারীদের প্রতিশ্রুতি পর্যালোচনা করে পরবর্তী আমদানি পরিকল্পনা নির্ধারণ করতে পারবে পেট্রোবাংলা।

দুবাইয়ে আড়াই কোটি টাকার গ্র্যান্ড প্রাইজ জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি আলোকচিত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
দুবাইয়ে আড়াই কোটি টাকার গ্র্যান্ড প্রাইজ জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি আলোকচিত্রী
টপ স্টোরিজ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত বিখ্যাত ‘হামদান আন্তর্জাতিক ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’ (HIPA)-এর ১৫ তম আসরে সর্বোচ্চ সম্মাননা ‘গ্র্যান্ড প্রাইজ’ অর্জন করেছেন বাংলাদেশের পিনু রহমান।

এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বাংলাদেশি হিসেবে ২ লাখ মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা) প্রধান পুরস্কার জয় করে ইতিহাস গড়েছেন তিনি।

পেশায় ব্যাংকার পিনু রহমান তাঁর ‘আন্ডার দ্য সেম স্কাই’ শীর্ষক মানবিক ও বেদনাঘন একটি একক আলোকচিত্রের জন্য এই আন্তর্জাতিক স্বীকৃতি পান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দুবাইয়ের ঐতিহাসিক ‘মিউজিয়াম অব দ্য ফিউচার’-এ আয়োজিত এক জমকালো পুরস্কার প্রদান অনুষ্ঠানে শেখ মোহাম্মদ বিন রশিদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আনুষ্ঠানিকভাবে পিনু রহমানের হাতে এই পুরস্কারের অর্থ ও ট্রফি তুলে দেন।

রাজধানী ঢাকার কড়াইল বস্তিতে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বাস্তুহারা হওয়া এক পরিবারের ঘুরে দাঁড়ানোর ছবি তুলে এনেছিলেন সৌখিন আলোকচিত্রী পিনু রহমান। সেই অগ্নিকাণ্ডে কড়াইল বস্তির প্রায় ১ হাজার ৫০০-এর বেশি ঘরবাড়ি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।

ছবিটিতে দেখা যায়, সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া পাঁচ সদস্যের একটি পরিবার তাঁদের ধ্বংস হয়ে যাওয়া ঘরের অবশিষ্ট থাকা একটি মাত্র কংক্রিটের দেয়ালের আশ্রয় নিয়ে খোলা আকাশের নিচে ঘুমিয়ে রয়েছে। সমস্ত সহায়-সম্বল হারিয়ে গেলেও পরিবারটি যে একসূত্রে বাঁধা রয়েছে—ছবিটিতে সেই মানবিক বন্ধনই ফুটে উঠেছে।

আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে দেশের নাম উজ্জ্বল করতে পেরে উচ্ছ্বসিত পিনু রহমান গণমাধ্যমকে বলেন, ‘মানুষের সুখ-দুঃখের গল্প ক্যামেরার ফ্রেমে তুলে আনতে আমি বরাবরই ভালোবাসতাম। এত বড় এবং আন্তর্জাতিক মানের একটি সম্মানজনক অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং সর্বোচ্চ এই পুরস্কার জয় করা আমার জন্য অসীম আনন্দ ও গর্বের।’

তিনি আরও যোগ করেন, ‘এই স্বীকৃতি আলোকচিত্রের মাধ্যমে গল্প তুলে ধরার আমার এই দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতিকে আরও জোরদার করল।’

পিনু রহমান পেশাগত জীবনে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সাইবার সিকিউরিটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) হিসেবে কর্মরত।

তাঁর জন্ম পিরোজপুর জেলায়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

প্রধান পেশা ব্যাংকিং হলেও সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য পেয়ে আসছেন তিনি।

চলতি ২০২৬ সালের শুরুর দিকেই ‘সোনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬ ’-এ ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড’ জয় করেন তিনি। এ ছাড়া পাটশিল্পের এক বয়স্ক শ্রমিকের মাথায় পাটের আঁশ বহন করার দৃশ্য ‘দ্য গোল্ডেন বার্ডেন’ ছবির জন্য ইতালির বিখ্যাত ‘সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬ ’-এ প্রথম পুরস্কার লাভ করেন পিনু রহমান। একই প্রতিযোগিতায় তাঁর আরেকটি ছবি প্রশংসিত হয়েছিল।

তবে দুবাইয়ের এই ‘গ্র্যান্ড প্রাইজ’ জয়ই তাঁর ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে বড় ও ঐতিহাসিক অর্জন।

এইচআইপিএ-এর ১৫ তম এই আসরের মূল প্রতিপাদ্য বা থিম নির্ধারিত হয়েছিল পরিবার। সংযুক্ত আরব আমিরাত ২০২৬ সালকে তাদের জাতীয় ‘পরিবার বর্ষ’ হিসেবে ঘোষণা করার পরিপ্রেক্ষিতে প্রতিযোগিতায় প্রথাগত পরিবারের বাইরে নানা সম্পর্কের মানবিক রূপ ফুটিয়ে তুলতে বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রীদের আহ্বান জানানো হয়েছিল।

পুরো প্রতিযোগিতায় বিজয়ী আলোকচিত্রীদের মাঝে মোট ১০ লাখ (১ মিলিয়ন) মার্কিন ডলার মূল্যের পুরস্কার বিতরণ করা হয়।

এইচআইপিএ-র মহাসচিব আলী খলিফা বিন থালিথ জানান, বিশ্বের ২০৯টি দেশের প্রায় সাড়ে পাঁচ লাখেরও বেশি আলোকচিত্রীর কাছ থেকে পাওয়া ১০ লাখেরও বেশি ছবির এক বিশাল সংগ্রহ তৈরি হয়েছে এই প্রতিযোগিতার মাধ্যমে।

অনুষ্ঠানে বছরের সেরা আলোকচিত্রী হিসেবে ‘ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করেন ফরাসি ফটোসাংবাদিক ভ্যারোনিক দ্য ভিগুয়েরি। এ ছাড়া ‘অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ পান জাপানি আলোকচিত্রী কাজুয়োশি নোমাচি এবং ‘কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ পান সিরিয়ার ড. আলী মোহাম্মদ।

এর আগে ২০১৭ সালে বাংলাদেশি আলোকচিত্রী কে এম আসাদ এই প্রতিযোগিতার ‘দ্য মোমেন্ট’ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেলেও পিনু রহমানের এই ‘গ্র্যান্ড প্রাইজ’ জয় বাংলাদেশিদের ক্ষেত্রে প্রথম। এর আগের অর্থাৎ ১৪তম আসরে এই সর্বোচ্চ পুরস্কারটি জিতেছিলেন ইতালির আলোকচিত্রী জিয়ানলুকা জিয়ানফেরারি।

ফ্লাইদুবাইয়ের বিমান রক্ষা করায় পাইলট ও ক্রুদের রাষ্ট্রীয় সম্মাননা

প্রকাশ: বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
ফ্লাইদুবাইয়ের বিমান রক্ষা করায় পাইলট ও ক্রুদের রাষ্ট্রীয় সম্মাননা
ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড় ও ক্রুদের ‘অর্ডার অফ জায়েদ টু, ফার্স্ট ক্লাস’ প্রদান করা হয়েছে
টপ স্টোরিজ

গত মাসে সহ-পাইলটের হামলা মোকাবিলা করে দুবাই থেকে ইসরায়েলগামী একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করানোর জন্য ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলট স্মিত মাচ্ছাড় এবং তার ক্রু সদস্যদের সর্বোচ্চ সাহসিকতাসূচক সম্মাননায় ভূষিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

মাঝ-আকাশের ওই ঘটনায় তাদের কর্মকাণ্ডের প্রশংসা করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ।

এমিরেটস নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) এক অনুষ্ঠানে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিমানটিকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে তাদের সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ মাচ্ছাড় ও ক্রুদের ‘অর্ডার অফ জায়েদ টু, ফার্স্ট ক্লাস’ প্রদান করা হয়েছে। দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ফ্লাইদুবাই কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন।

ওই হামলায় মাচ্ছাড় গুরুতর আহত হন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাহায্য করার জন্য ক্রু সদস্য, ছুটিতে থাকা পাইলট এবং যাত্রীদেরও কৃতিত্ব দেন তিনি। ককপিটে সংঘর্ষের পর বিমানটি সৌদি আরবে নিরাপদে অবতরণ করে। পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের আইনজীবীরা ঘটনাটিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত করার উদ্দেশ্যে চালানো একটি সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেন। এ ঘটনার পর ফ্লাইদুবাই তেল আবিবগামী সকল ফ্লাইট স্থগিত করে।

বিমান সংস্থাটি এখনো ইসরায়েলি শহরটিতে পরিষেবা পুনরায় চালু করেনি এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও বেন গুরিয়ন বিমানবন্দরের মধ্যে ফ্লাইট স্থগিতাদেশ অক্টোবরের শেষ পর্যন্ত বাড়িয়েছে।

সূত্র: নিউ আরব

ইসরাইলগামী সব ফ্লাইট বন্ধ করল ফ্লাই দুবাই

ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

ফ্লাই দুবাইয়ের পাইলটকে হাসপাতালে গিয়ে সম্মান জানালেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসায় ভাসছেন উগান্ডার মনসুর

আমিরাতের উপকূলে ভয়াবহ বিপর্যয়! সব সৈকত বন্ধ ঘোষণা

প্রকাশ: সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
আমিরাতের উপকূলে ভয়াবহ বিপর্যয়! সব সৈকত বন্ধ ঘোষণা
টপ স্টোরিজ

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর সব সৈকত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রতিবেশী উম্ম আল কুয়াইন ও শারজাহর উপকূলে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় ওই দুই এলাকার সৈকত বন্ধের এক দিন পর শনিবার (২৪ অক্টোবর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাস আল খাইমাহ পুলিশের সদর দফতরের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সৈকত বন্ধের ঘোষণা দেয় আমিরাতটির পাবলিক সার্ভিসেস ডিপার্টমেন্ট। তবে, এ সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

ইউএই কর্তৃপক্ষ জানায়, সমুদ্র উপকূলে একটি ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া তেল নিয়ন্ত্রণে কাজ চলছে। এ ঘটনায় পরিবেশগত প্রভাব মূল্যায়ন করছে দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, কারিগরি দলগুলোর মূল্যায়ন শেষ না হওয়া এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও সামুদ্রিক পরিবেশ সুরক্ষার ব্যবস্থা নির্ধারিত না হওয়া পর্যন্ত উম্ম আল কুয়াইনের সব সৈকত ও উপকূলীয় এলাকা সাময়িকভাবে বন্ধ থাকবে।

পাশাপাশি জেলে ও সমুদ্রে চলাচলকারীদের ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উম্ম আল কুয়াইনের সীমান্তসংলগ্ন আল হামরিয়াহ সৈকতও সাময়িকভাবে বন্ধ করেছে শারজাহ কর্তৃপক্ষ।

শারজাহ, আজমান ও উম্ম আল কুয়াইনের কয়েকটি এলাকায় অস্বাভাবিক দুর্গন্ধের কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার উম্ম আল কুয়াইনেও তীব্র দুর্গন্ধ ছিল। তবে ইউএইর পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এ দুর্গন্ধে স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি নেই।

তেল ছড়িয়ে পড়ার ঘটনায় জড়িত ট্যাংকারটির নাম প্রকাশ করেনি আমিরাত কর্তৃপক্ষ। কী কারণে তেল ছড়িয়ে পড়েছে, সে বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর উপসাগরীয় অঞ্চলের নৌপথে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। পাশাপাশি এ সংঘাতের পরিবেশগত প্রভাব নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।

সৈকত ও বিলাসবহুল অবকাশকেন্দ্রের জন্য পরিচিত রাস আল খাইমাহর আল মারজান দ্বীপে উইন রিসোর্টসের একটি ক্যাসিনো রিসোর্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসভিত্তিক প্রতিষ্ঠানটি ২০২৪ সালে ইউএইর প্রথম বাণিজ্যিক গেমিং লাইসেন্স পায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি জানায়, ২০২৭ সালের প্রথম প্রান্তিকে রিসোর্টটি চালুর লক্ষ্য রয়েছে তাদের।

ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হলেও গত মার্চে উইন জানায়, সাময়িক বিরতির পর রিসোর্টটির নির্মাণকাজ আবার শুরু হয়েছে।

মধ্যপ্রাচ্য সংকটে পুরো জিসিসিকে এক হওয়ার ডাক আমিরাতের

প্রকাশ: সোমবার, অক্টোবর ১২, ২০২৬
মধ্যপ্রাচ্য সংকটে পুরো জিসিসিকে এক হওয়ার ডাক আমিরাতের
আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ
টপ স্টোরিজ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গালগাশ অঞ্চলের যৌথ নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে জরুরিভিত্তিতে ‘যৌথ উপসাগরীয় পদক্ষেপ’ বা যৌথ সুরক্ষার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি সতর্ক করে বলেছেন যে, আমরা একটি যুদ্ধ এড়াতে চেয়েছিলাম, কিন্তু আক্রমণকারীদের ভুল ধারণার কারণে উপসাগরীয় আরব দেশগুলোর ওপর পরপর আক্রমণ চালানো হয়েছে। এতে স্পষ্ট হয়ে গেছে যে আমরা সবাই এখন প্রতিপক্ষের লক্ষ্যবস্তু এবং আমাদের নিরাপত্তা কোনোভাবেই একে অপরের থেকে আলাদা নয়।

তিনি আরও জোর দিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের ওপর অব্যাহত আক্রমণ কেবল একক কোনো দেশের বিষয় নয়, বরং তা সংযুক্ত আরব আমিরাতসহ সমগ্র উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার ভিত্তিকেই হুমকির মুখে ফেলে দিচ্ছে।

আনোয়ার গালগাশের মতে, বিশেষ করে নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ উপসাগরীয় উদ্যোগগুলোকে পুনরুজ্জীবিত করা এবং সম্মিলিত নিরাপত্তা কাঠামোকে সুদৃঢ় করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। দীর্ঘদিন ধরে সুরক্ষার এই দিকটিতে মারাত্মক অবহেলা করা হয়েছে, যার সুযোগ নিয়ে শত্রুপক্ষ আজ আমাদের ভূখণ্ডে আঘাত হানার সুযোগ পাচ্ছে।

যৌথ নিরাপত্তা রক্ষা করা পুরো উপসাগরীয় অঞ্চলের একটি যৌথ দায়িত্ব, যেখানে কোনো ধরনের শিথিলতা বা বিলম্বের কোনো সুযোগ নেই।

আরও পড়ুন

সৌদি আরব হুথিদের হামলা ঠেকাতে পারছে না কেন?

এই সপ্তাহে হুথিরা কতবার সৌদি বিমানবন্দরগুলোতে হামলা চালিয়েছে?

সৌদি আরবে হুতি হামলায় নিহত ২ , আইসিইউতে ৪ বাংলাদেশি: ঢাকায় আটকে পড়েছেন ৩ হাজার প্রবাসী

ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসায় ভাসছেন উগান্ডার মনসুর

প্রকাশ: সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত করে প্রশংসায় ভাসছেন উগান্ডার মনসুর
টপ স্টোরিজ

ডেলিভারির ফাঁকে বাইকের পাশে বসে গভীর মনোযোগে পবিত্র কুরআন তিলাওয়াত করার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ইন্টারনেটে ব্যাপক প্রশংসায় ভাসছেন উগান্ডার নাগরিক মনসুর কাতাবালওয়া।

তবে তার কাছে এটি স্রেফ নেটিজেনদের নজর কাড়ার বিষয় নয়, বরং পরিবার ছেড়ে প্রবাসে কাজের মাঝে নিজের ঈমান ও প্রয়াত স্বজনদের স্মৃতি আঁকড়ে রাখার এক দৈনন্দিন প্রচেষ্টা।

গত দুবছর ধরে আরব আমিরাতে বসবাস করছেন মনসুর। আর গত পাঁচ মাস ধরে তিনি জনপ্রিয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘তালাবাত’-এর ডেলিভারি রাইডার হিসেবে কাজ করছেন।

দেশে থাকা স্ত্রী ও দুই সন্তানের মুখে হাসি ফোটাতে এবং তাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, অর্ডারের ফাঁকে বাইকটি দাঁড় করিয়ে হাতে একটি কুরআন শরীফ নিয়ে পরম তৃপ্তিতে তিলাওয়াত করছেন মনসুর।

তিনি জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার অনেক আগে থেকেই তিনি এটি নিয়মিত করে আসছেন। এর পেছনে রয়েছে তার জীবনের এক বিষাদময় অধ্যায়।

তিন বছর আগে মাত্র কিছুদিনের ব্যবধানে নিজের বাবা-মা এবং ভাইকে হারান মনসুর। প্রিয়জনদের হারানোর এই গভীর শোক ও বেদনা তাকে ইসলামের অনুশাসনের আরও কাছে নিয়ে আসে এবং তিনি পুরো কোরআন হিফজ (মুখস্থ) করেন।

ডেলিভারির কাজে দিনের বেশিরভাগ সময় তাকে রাস্তায় বাইক চালিয়ে পার করতে হয়। কুরআন যেন ভুলে না যান, তাই বাইক চালানোর সময় তিনি মোবাইলে তিলাওয়াত শোনেন। আর রাইডের মাঝে যখনই খানিকটা অবসর মেলে, সাথে রাখা কুরআন শরিফ খুলে তিলাওয়াত করতে বসে যান।

মনসুর বলেন, ‘কাজের বিরতিতে কুরআন পড়লে তা আমাকে গভীরভাবে মনোযোগী হতে সাহায্য করে এবং মানসিকভাবে আল্লাহর কাছাকাছি অনুভব করি।’ প্রয়াত মা-বাবার মাগফিরাত কামনা করেই মূলত তার এই তিলাওয়াত।

তিনি আরও বলেন, ‘আমি আমার প্রয়াত মা-বাবার আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস প্রার্থনার নিয়তেই কোরআন পাঠ ও চর্চা করি।’