২৫ সেপ্টেম্বর ২০২৬

মানব পাচার রুখতে ‘হিউম্যান ট্র্যাফিকিং’ চালু করেছে কাতার

প্রকাশ: শনিবার, আগস্ট ০১, ২০২৬
টপ স্টোরিজ

মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার করতে কাতারের শ্রম মন্ত্রণালয় জাতীয় মানব পাচার প্রতিরোধ কমিটির মাধ্যমে ন্যাশনাল রেফারেল সিস্টেম ফর কমব্যাটিং হিউম্যান ট্র্যাফিকিং চালু করেছে।

নতুন এই জাতীয় কাঠামোর লক্ষ্য হলো সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা, মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা জোরদার করা এবং অপরাধীদের শনাক্ত, তদন্ত ও বিচারের আওতায় আনতে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা।

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, মানব পাচারের সব ধরনের অপরাধ মোকাবেলা এবং ভুক্তভোগীদের মানবিক ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে কাতারের চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এই জাতীয় রেফারেল সিস্টেম চালু করা হয়েছে।

দেশটির সংবাদ সংস্থা জানিয়েছে, এই ব্যবস্থায় সরকার ও বেসরকারি বিভিন্ন সংস্থা একযোগে কাজ করবে। অংশীদারদের মধ্যে রয়েছে জাতীয় মানব পাচার প্রতিরোধ কমিটি, শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাবলিক প্রসিকিউশন, সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিল, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয়, জনস্বাস্থ্য মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিটি, আমান সেন্টার, বিভিন্ন দূতাবাস, কূটনৈতিক মিশন এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা।

নতুন রেফারেল সিস্টেমে ভুক্তভোগীকেন্দ্রিক নীতি অনুসরণ করা হয়েছে। এতে বৈষম্যহীনতা, মানবিক মর্যাদার প্রতি সম্মান, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং তথ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

এর পাশাপাশি, শোষণের কারণে সংঘটিত কোনো কর্মকাণ্ডের জন্য ভুক্তভোগীদের দায়ী করা হবে না।

এছাড়া, ভুক্তভোগীদের জন্য একটি নির্দিষ্ট সুরক্ষা সময় নিশ্চিত করা হয়েছে, যাতে তারা কোনো ধরনের চাপ বা জবরদস্তি ছাড়াই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। তদন্ত বা বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করাকে সুরক্ষা বা সহায়তা পাওয়ার পূর্বশর্তও করা হয়নি।

এই জাতীয় রেফারেল সিস্টেমের আওতায় সন্দেহভাজন মানব পাচারের ঘটনা দ্রুত শনাক্তকরণ, অভিযোগ গ্রহণ, প্রাথমিক সুরক্ষা, ঝুঁকি মূল্যায়ন, প্রয়োজনীয় সহায়তা প্রদান, তদন্ত ও বিচার কার্যক্রমে সহায়তা এবং ভুক্তভোগীদের পুনর্বাসন ও সমাজে পুনঃএকীভূত করার জন্য সমন্বিত ব্যবস্থা রাখা হয়েছে।

কাতার সরকার জানিয়েছে, এই উদ্যোগ দেশের বিচার ও মানবাধিকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং মানব পাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা, মানবিক সহায়তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কাতার থেকে হজের আবেদন ও শর্তাবলি ঘোষণা

প্রকাশ: মঙ্গলবার, সেপ্টেম্বর ০৮, ২০২৬
কাতার থেকে হজের আবেদন ও শর্তাবলি ঘোষণা
টপ স্টোরিজ

আসন্ন ১৪৪৮ হিজরির পবিত্র হজ পালনে ইচ্ছুক নাগরিকদের জন্য আগাম প্রস্তুতির অংশ হিসেবে নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়। আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত অফিসিয়াল হজ ওয়েবসাইটের (hajj.gov.qa) মাধ্যমে এই নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে।

এক সংবাদ সম্মেলনে হজ ও ওমরাহ বিষয়ক বিভাগের পরিচালক আলি সুলতান আল-মুসাইফ্রি এই ঘোষণা দেন। বিগত বছরগুলোতে আগাম নিবন্ধনের ফলে ইতিবাচক ফলাফল পাওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, এর মাধ্যমে হজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো (কাফেলা) তাদের চুক্তি ও অপারেশনাল প্রস্তুতি অনেক আগেই সম্পন্ন করতে পারে, যা সেবার মান বাড়াতে সরাসরি ভূমিকা রাখে। সৌদি আরব সরকারের নির্ধারিত আগাম সময়সীমা এবং কোটা বরাদ্দের সাথে সামঞ্জস্য রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

১৪৪৮ হিজরিতে কাতার থেকে হজের কোটা ও যোগ্যতা

আসন্ন হিজরি সেশনের জন্য কাতার থেকে হজের মোট কোটা নির্ধারণ করা হয়েছে ৪,৪০০ জন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও ফিটনেস মানদণ্ড অনুযায়ী এবারও আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

আবেদনের সুনির্দিষ্ট শর্তাবলি নিচে তুলে ধরা হলো:

কাতারি নাগরিকদের জন্য:

আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম ১৮ বছর বয়সী হতে হবে। প্রধান আবেদনে সর্বোচ্চ তিনজন সঙ্গী যুক্ত করা যাবে।

প্রবাসী ও জিসিসি (GCC) নাগরিকদের জন্য:

আবেদনকারীর বয়স ন্যূনতম ৪৫ বছর হতে হবে এবং ইতিপূর্বে কখনো হজ পালন করেননি এমন হতে হবে। তারা কেবল একজন সঙ্গী যুক্ত করতে পারবেন এবং কাতারে অন্তত ১৫ বছর একটানা বসবাস করার শর্ত পূরণ করতে হবে।

আরও পড়ুন

কাতারে ২০২৭ সালের হজের মেডিকেল পরীক্ষা শুরু: বিনা মূল্যে সনদ পাবেন যারা

উন্নত অনলাইন পেমেন্ট ও ইলেকট্রনিক চুক্তি ব্যবস্থা

হজযাত্রীদের সুবিধা নিশ্চিত করতে এবার অনলাইন নিবন্ধন ব্যবস্থায় আরও নমনীয় ও ব্যবহারকারী-বান্ধব পেমেন্ট সিস্টেম যুক্ত করা হয়েছে। সফলভাবে নিবন্ধিত হওয়ার পর ইলেকট্রনিক সিস্টেমে একটি নির্দিষ্ট ডাউন পেমেন্ট বা অগ্রিম ফি প্রদান করতে হবে (যার পরিমাণ পরবর্তীতে জানানো হবে)। এটি কোনো রেজিস্ট্রেশন ফি নয়, বরং এটি চূড়ান্ত চুক্তিমূল্যের অংশ হিসেবে কাটা হবে এবং আবেদনকারীদের আন্তরিকতা নিশ্চিত করতেই এই ব্যবস্থা রাখা হয়েছে।

নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে মন্ত্রণালয় থেকে বিভিন্ন নির্দেশিকা ও ডিজিটাল সচেতনতামূলক ভিডিও প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে প্রার্থীরা সঠিক ক্যাফেলাইন্টি নির্বাচন এবং ইলেকট্রনিক চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া সহজে জানতে পারবেন। নিবন্ধিত সব অনুমোদিত কাফেলা ওয়েবসাইটের তালিকাও সেখানে পাওয়া যাবে। যেকোনো জিজ্ঞাসা বা অভিযোগের জন্য অফিশিয়াল হটলাইন নম্বরে (১৩২) যোগাযোগ করতে বলা হয়েছে।

নিবন্ধন পরবর্তী স্ক্রিনিং ও স্বাস্থ্য সনদ বাধ্যতামূলক

নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই ইলেকট্রনিক স্ক্রিনিং শুরু হবে এবং অক্টোবর মাসের শেষ দিক থেকে সফল আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে অনুমোদনের বার্তা পাঠানো হবে।

এদিকে কাতারি হজ মিশনের মেডিকেল ইউনিটের প্রধান ডা. হামাদ আল-রুহাইহি জানিয়েছেন, হজে ইচ্ছুক ব্যক্তিদের জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করাই প্রথম এবং অত্যন্ত জরুরি পদক্ষেপ। দেশের যেকোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর এর ফলাফল ইলেকট্রনিক সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে হজ ও ওমরাহ বিভাগের সাথে যুক্ত হয়ে যাবে। তীর্থযাত্রীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে হজ পালন নিশ্চিত করতেই এই মেডিকেল সার্টিফিকেটের কড়াকড়ি আরোপ করা হয়েছে।

স্যামসাং ওয়ালেটে যুক্ত হলো কাতারের জাতীয় পেমেন্ট কার্ড ‘হিময়ান’

প্রকাশ: মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
স্যামসাং ওয়ালেটে যুক্ত হলো কাতারের জাতীয় পেমেন্ট কার্ড ‘হিময়ান’
টপ স্টোরিজ

তৃতীয় আর্থিক খাত কৌশল এবং তৃতীয় জাতীয় উন্নয়ন কৌশল ২০২৪-২০৩০-এর সাথে সামঞ্জস্য রেখে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল কাতার সেন্ট্রাল ব্যাংক। গত রবিবার (৩০ আগস্ট ২০২৬) স্যামসাং গালফ ইলেকট্রনিক্সের সাথে যৌথভাবে কাতারের নিজস্ব জাতীয় পেমেন্ট স্কিম ‘হিময়ান’ (Himyan)-কে ‘স্যামসাং ওয়ালেট’-এর (Samsung Wallet) সাথে যুক্ত করার ঘোষণা দিয়েছে কিউসিবি।

এর ফলে এখন থেকে নির্দিষ্ট কার্ডধারীরা তাদের সামঞ্জস্যপূর্ণ গ্যালাক্সি স্মার্টফোন এবং স্মার্টওয়াচ ব্যবহার করে খুব সহজেই দ্রুততম সময়ে, নিরাপদে এবং স্পর্শহীন (contactless) পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

হিময়ান হলো কাতারের প্রথম নিজস্ব জাতীয় পেমেন্ট কার্ড ব্র্যান্ড, যা দেশে নিরাপদ, দক্ষ এবং স্থানীয়ভাবে পরিচালিত ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে জনপ্রিয় করার জন্য তৈরি করা হয়েছে। স্যামসাং ওয়ালেটে হিময়ান যুক্ত হওয়ার ফলে ব্যবহারকারীরা এখন ফিজিক্যাল কার্ড বহন করা ছাড়াই ডেবিট ও প্রিপেইড কার্ড যোগ করে মোবাইল পেমেন্টের পূর্ণ সুবিধা উপভোগ করতে পারবেন। দেশের যেকোনো প্রান্তের পয়েন্ট-অফ-সেল (POS) টার্মিনাল ও খুচরা বাজারে এখন খুব সহজেই এই স্পর্শহীন লেনদেন করা যাবে।

কিউসিবি ও স্যামসাংয়ের শীর্ষ কর্তাদের মন্তব্য:

কাতার সেন্ট্রাল ব্যাংকের ডেপুটি গভর্নর হিজ এক্সিলেন্সি শেখ আহমেদ বিন খালিদ বিন আহমেদ আল থানি এই উদ্যোগ সম্পর্কে বলেন, “স্যামসাং ওয়ালেটে হিময়ানের সংযুক্তি কাতারে হিময়ানকে শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি একটি উন্নত এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলার প্রতি কিউসিবির প্রতিশ্রুতিরই বাস্তব প্রমাণ।”

স্যামসাং গালফ ইলেকট্রনিক্সের মোবাইল এক্সপেরিয়েন্স ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট এবং হেড ফাদি আবু শামাত বলেন, “স্থানীয় কার্ডধারীদের ফিজিক্যাল কার্ড ছাড়াই আরও দ্রুত এবং নিরাপদ উপায়ে পেমেন্ট করার সুবিধা দিতে পেরে আমরা আনন্দিত। স্যামসাং নক্সের (Samsung Knox) নিরাপত্তা এবং হিময়ানের বিশ্বস্ত স্থানীয় অবকাঠামোর সমন্বয়ে গ্রাহকরা আরও সহজ ও সুরক্ষিত অভিজ্ঞতা পাবেন।”

অ্যাডভান্সড সিকিউরিটি ও ব্যবহারের নিয়ম:

স্যামসাং ওয়ালেটের গ্লোবাল স্ট্যান্ডার্ড এবং স্যামসাং নক্সের ডিভাইস টোকেনাইজেশন ও বায়োমেট্রিক অথেন্টিকেশন (ফিঙ্গারপ্রিন্ট বা পিন ভেরিফিকেশন)-এর মাধ্যমে ব্যবহারকারীদের আর্থিক ডেটা সম্পূর্ণ নিরাপদ রাখা হয়েছে।

স্যামসাং ওয়ালেটে হিময়ান কার্ড যুক্ত করতে ব্যবহারকারীদের শুধু তাদের সামঞ্জস্যপূর্ণ গ্যালাক্সি ডিভাইসে স্যামসাং ওয়ালেট অ্যাপ ওপেন করে ‘Add Card’ অপশনে যেতে হবে এবং কার্ড ইস্যুকারী ব্যাংকের মাধ্যমে দ্রুত একটি ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ডাউনপেমেন্ট ছাড়াই কাতারে সাউইস্ট গাড়ি কেনার সুবর্ণ সুযোগ

প্রকাশ: রবিবার, আগস্ট ২৩, ২০২৬
টপ স্টোরিজ

কাতারে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়া উপলক্ষে গ্রাহকদের কথা মাথায় রেখে আকর্ষণীয় অফার ঘোষণা করেছে গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান ওয়েস্ট লেক মোটরস। ‘লার্ন. ড্রাইভ. এক্সপ্লোর’ স্লোগানে সাউইস্ট (SOUEAST) ব্রান্ডের বিভিন্ন জনপ্রিয় এসইউভি গাড়ির ওপর এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এই অফারটি চালু থাকবে।

এই ক্যাম্পেইনের আওতায় সাউইস্ট এস০৬, এস০৭ এবং এস০৯ মডেলের গাড়িগুলো বেশ সহজ কিস্তিতে কিনতে পারবেন গ্রাহকরা। মডেলভেদে মাসিক কিস্তি শুরু হচ্ছে মাত্র ১,৩৯৯ কাতারি রিয়াল থেকে। এর মধ্যে এস০৬ মডেলের কিস্তি ১,৩৯৯ রিয়াল, এস০৭ মডেলের কিস্তি ১,৫৯৯ রিয়াল এবং বড় মডেলের এস০৯ গাড়িটি নিতে মাসিক কিস্তি দিতে হবে ১,৯৯৯ রিয়াল।

গাড়ি কেনার ক্ষেত্রে গ্রাহকদের জন্য আরও থাকছে দারুণ কিছু উপহার ও সুবিধা। অফার চলাকালীন প্রতিটি গাড়ি ক্রয়ের সাথে একটি করে নতুন আইফোন ১৭ উপহার দেওয়া হচ্ছে।

এছাড়া গ্রাহকরা উপভোগ করতে পারবেন কোনো ডাউনপেমেন্ট ছাড়াই গাড়ি কেনার সুযোগ, চার বছরের জন্য শূন্য লাভ বা সুদ, ফ্রি রেজিস্ট্রেশন, দুই বছর বা ২০ হাজার কিলোমিটার পর্যন্ত বিনামূল্যে সার্ভিসিং এবং ইঞ্জিনের ওপর ১০ বছর বা ১০ লাখ কিলোমিটারের বিশাল ওয়ারেন্টি সুবিধা।

ওয়েস্ট লেক মোটরসের প্রধান অপারেটিং অফিসার মনসেফ আহাবচানে জানিয়েছেন, নতুন শিক্ষাবর্ষ মানেই পরিবারগুলোর জন্য নতুন রুটিন ও নতুন প্রস্তুতি। এই সময়ে পরিবারের দৈনন্দিন চলাফেরা সহজ করতে এবং সাধ্যের মধ্যে একটি ভালো গাড়ি উপহার দিতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।

আধুনিক প্রযুক্তি, নিরাপত্তা এবং আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা দিতে এই অফারটি গ্রাহকদের অনেক উপকারে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রিতে শাটল সার্ভিস চালু

প্রকাশ: মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রিতে শাটল সার্ভিস চালু
টপ স্টোরিজ

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর (HIA) প্যাসেঞ্জার টার্মিনালের অভ্যন্তরে যাত্রীদের সহজে চলাচলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে শাটল সার্ভিস প্রদান করছে।

আনুমানিক প্রতি ১৫ মিনিট পর পর এই শাটল বাসগুলো চলাচল করে, যার জন্য পূর্ব বুকিং বা নিবন্ধনের প্রয়োজন নেই।

যেসব যাত্রীর কানেক্টিং ফ্লাইটের সময় কম, সাথে ভারী ব্যাগ রয়েছে অথবা টার্মিনালের এক কনকোর্স থেকে অন্য কনকোর্সে দীর্ঘ পথ হাঁটতে কষ্ট হয়, তাদের জন্য এই সেবাটি অত্যন্ত সহায়ক।

যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শাটল চলাকালীন সিটবেল্ট বাঁধা এবং শিশুদের সার্বক্ষণিক সাথে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

পিক-আপ ও ড্রপ-অফ স্টেশনসমূহ

টার্মিনালের ডিপারচার ও অ্যারাইভাল জোনভেদে নির্দিষ্ট স্থান থেকে এই শাটলগুলো পাওয়া যাবে:

জোন কনকোর্স ও অবস্থান সুনির্দিষ্ট স্টেশন
ডিপারচার (Departures) কনকোর্স বি (ল্যাম্প বিয়ারের কাছে) স্টেশন ১: ডিউটি বিগ ভ্যালু স্টোরের সামনে।
কনকোর্স ই স্টেশন ২: গেট E1 এবং এয়ারপোর্ট ইনফরমেশন ডেস্কের কাছে।
অ্যারাইভাল (Arrivals) কনকোর্স ডি স্টেশন ১: গেট D1-এর পাশে।
কনকোর্স ই স্টেশন ২: গেট E1-এর পাশে।

বিশেষ দ্রষ্টব্য: অ্যারাইভাল শাটলগুলো যাত্রীদের সরাসরি ইমিগ্রেশন এস্কেলেটরের কাছাকাছি ড্রপ-অফ বা নামিয়ে দিয়ে থাকে।