ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন যে, বিরোধী দল এবং আরব জোটগুলোর মধ্যে সম্ভাব্য চুক্তি বা ঐক্য দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।
শনিবার (৭ নভেম্বর) ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ কাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেবেন সেই সংক্রান্ত চূড়ান্ত ঘোষণার আগের রাতে নেতানিয়াহু এই বক্তব্য দেন।
অন্যদিকে, দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বীরা দিন দিন আরও আশাবাদী হয়ে উঠছেন।
সাবেক সেনাপ্রধান ও রাজনীতিতে নবাগত গাদি আইজেনকোটের নেতৃত্বে থাকা বিরোধী শিবির ধর্মীয় নিরপেক্ষ ও উদারপন্থি ইসরায়েলিদের সমর্থন টানার চেষ্টা করছে। তারা আল্ট্রা-অর্থোডক্স ইহুদিদের সঙ্গে একসময়ের অবিশ্বাস্য ও অসম্ভব বলে মনে হওয়া একটি জোটের সুযোগ উন্মুক্ত করেছে।
এর ফলে আইজেনকোট জোট গঠনের মতো প্রয়োজনীয় আসন পেতে পারেন, যার মধ্যে চরমপন্থি নয় এমন ইসলামপন্থী দল রাআম যাদের নেতা ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন তারা যুক্ত হতে পারে। পাশাপাশি আরব-সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্ট-এর বাহ্যিক সমর্থনও তিনি পেতে পারেন।
একটি পূর্ব-রেকর্ড করা ভাষণে চরম ডানপন্থী ইউরোপীয় রাজনীতিবিদদের সুর মিলিয়ে যারা দাবি করেন যে ইউরোপের কিছু অংশ ইসলামিক আইনের অধীনে চলে গেছে নেতানিয়াহু বলেন, ইসলামপন্থিদের ওপর নির্ভরশীল এই ধরনের সরকার ভেতর থেকে ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করে দেবে; যা ইউরোপীয় দেশগুলোতে ঘটছে, তার থেকেও এটি অনেক বেশি ভয়াবহ রূপ নেবে।
নেতানিয়াহুর উগ্র-ডানপন্থি শাসনব্যবস্থায় গভীরভাবে বিভক্ত এবং দীর্ঘ যুদ্ধের চাপে ক্লান্ত এই দেশে গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
সব দলের সাথে পরামর্শ শেষে বৃহস্পতিবার বক্তব্য দেওয়ার সময় নতুন সরকার গঠনের জন্য প্রার্থী বাছাইয়ের দায়িত্বে থাকা প্রেসিডেন্ট হারজোগ স্বীকার করেন যে, আইজেনকোটকে ম্যানডেট দেওয়াটাই যুক্তিযুক্ত হবে। কারণ ৬৭ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো তাকে সুপারিশ করেছে, যেখানে নেতানিয়াহুর ব্লকের পক্ষে ছিল ৪৬ জনের সমর্থন।
প্রেসিডেন্ট এ সংক্রান্ত ইঙ্গিতও দিয়েছেন যে তিনি দুই শিবিরের ইহুদি ইসরায়েলিদের একত্র করে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের পথও উন্মোচন করতে চান।
শনিবার নেতানিয়াহু সেই ধারণার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
তিনি বলেন, আমি একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানাচ্ছি, যেখানে জাতীয় শিবিরের সমস্ত দল এবং সমস্ত জায়নবাদী দল অন্তর্ভুক্ত থাকবে যারা আমাদের রাষ্ট্রকে, অর্থাৎ ইহুদি জনগণের একমাত্র রাষ্ট্রকে রক্ষা করতে চায়। তবে তার সাম্প্রতিক আরেকটি ভাষণের মতো এবার তিনি নিজে সেই জোটের নেতৃত্ব দেবেন কি না, তা স্পষ্ট করেননি।
এর জবাবে আইজেনকোটের য়াশার পার্টি নেতানিয়াহুর মিত্র ও তার লিকুদ পার্টির সদস্যদের প্রতি আইজেনকোটের নেতৃত্বে ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছে।
এক্স-এ য়াশার পার্টি লিখেছে, লিকুদ এবং তার মিত্ররা যদি হঠাৎ করেই 'ঐক্য' এবং একটি বিস্তৃত সরকার গঠনে আগ্রহী হয়, তবে উগ্রপন্থীদের সাথে তাদের জোট বাতিলের সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণা করতে এবং প্রধানমন্ত্রী আইজেনকোটের অধীনে সরকারে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করতে তাদের স্বাগত জানানো হচ্ছে।
সূত্র: এনডিটিভি

