১২ নভেম্বর ২০২৬

গ্রীষ্মে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সমুদ্র ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস

প্রকাশ: শনিবার, আগস্ট ১৫, ২০২৬
টপ স্টোরিজ

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মাঝে বিনোদনের বিকল্প হিসেবে কাতারজুড়ে সমুদ্র ভ্রমণ ও নানা ধরনের ওয়াটার স্পোর্টসের প্রতি স্থানীয় বাসিন্দা, তরুণ এবং বিদেশি পর্যটকদের আগ্রহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সূর্যাস্তের পর তাপমাত্রা কিছুটা কমে আসায় বিশেষ করে সান্ধ্যকালীন নৌবিহার এবং দ্বীপ কেন্দ্রিক ভ্রমণগুলো এখন সবার পছন্দের শীর্ষে।

দর্শনার্থীদের জন্য ঐতিহ্যবাহী কাঠের ধো (Dhow), স্পিডবোট, প্রাইভেট ইয়ট, ফিশিং ট্রিপ এবং ডিনার ক্রুজের ব্যবস্থা রয়েছে। বর্তমানে পুরাতন দোহা বন্দর (বিশেষ করে বক্স পার্কের বিপরীতে মেরিনা), দোহা কর্নিশ, দ্য পার্ল-কাতার এবং লুসাইল মেরিনা সামুদ্রিক ভ্রমণের মূল প্রস্থান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

রুট, খরচ ও যাত্রী সুবিধা

সাধারণত ১ থেকে ২ ঘণ্টার এই নৌভ্রমণগুলোতে ভ্রমণকারীরা কর্নিশ, কাতারা কালচারাল ভিলেজ, দ্য পার্ল, ঐতিহ্যবাহী বন্দর এবং ওয়েস্ট বে-র মনোরম স্কাইলাইনের দৃশ্য উপভোগ করার সুযোগ পান।

  • প্রাইভেট ও গ্রুপ ট্রিপের খরচ: সাধারণ গ্রুপ ট্রিপে জনপ্রতি খরচ শুরু হয় মাত্র ১৫ রিয়াল থেকে (৩০-৪৫ মিনিট)। অন্যদিকে, ৫-১০ জন ধারণক্ষমতার ছোট নৌকায় ৩০ মিনিটের প্রাইভেট ট্রিপের খরচ শুরু হয় ২৫০ থেকে ৩০০ কাতারি রিয়াল পর্যন্ত।

  • জনপ্রিয় গন্তব্য: নিয়মিত ভ্রমণের পাশাপাশি আল সাফলিয়া দ্বীপ, বানানা আইল্যান্ড এবং গভীর সমুদ্রে মাছ ধরার বিশেষ ট্যুর পরিচালনা করছেন অপারেটররা।

  • সহজ বুকিং ও সময়সূচী: অনলাইনে ট্রিপ সিলেক্ট ও ই-পেমেন্টের সুবিধা থাকায় পর্যটকরা সহজেই বুকিং করতে পারছেন। ছুটির দিনে এসব বোট সার্ভিস মধ্যরাত পর্যন্ত চালু থাকে।

জিসিসি পর্যটকদের প্রশংসা ও ওয়াটার স্পোর্টসের জনপ্রিয়তা

কাতার এয়ারওয়েজ এবং উন্নত পর্যটন ব্যবস্থার কারণে সৌদি আরব ও কুয়েতসহ জিসিসি অঞ্চলের পর্যটকদের কাছে কাতার এখন সামুদ্রিক বিনোদনের প্রধান কেন্দ্র। কম খরচে বিশ্বমানের সার্ভিস, আধুনিক ভিউ এবং অভিজ্ঞ কর্মীদের সেবায় সন্তোষ প্রকাশ করেছেন আগত পর্যটকরা।

পাশাপাশি তরুণদের মাঝে জনপ্রিয়তা পাচ্ছে জেট স্কি, সাঁতার এবং ওয়াটার স্কিইং। কাতারার মতো জনপ্রিয় সৈকতগুলোতে ৩০ মিনিটের জন্য জেট স্কি ভাড়ার হার ২৫০ রিয়াল থেকে শুরু হয়। নিরাপত্তা নিশ্চিত করতে লাইফ জ্যাকেট ব্যবহার, বিশেষ রিস্টব্যান্ড এবং সাঁতারের এলাকা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিচ্ছে কর্তৃপক্ষ। স্থানীয় অভিভাবকরা মনে করছেন, এই সামুদ্রিক ভ্রমণগুলো নতুন প্রজন্মকে গ্যাজেট থেকে দূরে রেখে ঐতিহ্যবাহী কাতারি সংস্কৃতির সাথে যুক্ত করতে বড় ভূমিকা রাখছে।

ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, নাবিক নিহত

প্রকাশ: মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬
ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, নাবিক নিহত
টপ স্টোরিজ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ‘আল জুসুফি’ নামের বহুমুখী সহায়তাকারী জাহাজটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার পর ওমানের কোস্টগার্ড ১৩ জনকে নিরাপদে উদ্ধার করেছে।

ভারতের কেন্দ্রীয় জাহাজ পরিবহণ ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, গত ২ নভেম্বর ওমান উপকূল দিয়ে চলার সময় জাহাজটিতে অজ্ঞাত আকাশযান থেকে হামলা চালানো হয়। এতে আহত হয়ে মারা যান গুজরাটের বাসিন্দা নাবিক গন্ধর নাহিম আজিজ।

পোস্টে সোনোয়াল লেখেন, ‘ওমান উপকূলের কাছে চলাচলের সময় ভারতের পতাকাবাহী এমএসভি আল জুসুফিতে অজ্ঞাত একটি আকাশযান আঘাত হানে। জাহাজটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। ওমানের কোস্টগার্ড ১৩ জনকে নিরাপদে উদ্ধার করেছে। তবে গুজরাটের নাবিক গন্ধর নাহিম আজিজের আহত অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’

নিহত নাবিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, উদ্ধার হওয়া ১৩ নাবিককে তাৎক্ষণিক সহায়তা দিতে দেশটির জাহাজ চলাচল মন্ত্রণালয় ও ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। জীবিত নাবিকদের দ্রুত দেশে ফেরানো এবং নিহত ব্যক্তির মরদেহ প্রত্যাবাসনের ব্যবস্থাও করা হচ্ছে।

তবে জাহাজটিতে কারা হামলা চালিয়েছে কিংবা কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার মধ্যে ঘটল। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এসব হামলা বেড়েছে। এতে উপসাগরীয় জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে জ্বালানি সরবরাহেও সংকট দেখা দিয়েছে। এর সঙ্গে বাণিজ্যিক জাহাজে হামলা আন্তর্জাতিক অর্থনীতি ও সমুদ্রপথে পণ্য পরিবহনের ঝুঁকি আরও বাড়িয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপসাগরীয় জলসীমায় জাহাজ ও ট্যাংকারে হামলার ঘটনায় অন্তত ২২ জন ভারতীয় নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন নাবিক।

সূত্র : এনডিটিভি

৪৮ বছর পর ঐতিহাসিক সফরে চীনে ওমানের সুলতান হাইথাম

প্রকাশ: সোমবার, নভেম্বর ০২, ২০২৬
৪৮ বছর পর ঐতিহাসিক সফরে চীনে ওমানের সুলতান হাইথাম
টপ স্টোরিজ

৪৮ বছর পর প্রথমবারের মতো চীন সফরে গেছেন ওমানের কোনো রাষ্ট্রপ্রধান। রবিবার (১ নভেম্বর) বেইজিংয়ে পৌঁছেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ। ১৯৭৮ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এটিই ওমানের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম চীন সফর।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএনের প্রতিবেদন অনুযায়ী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এ রাষ্ট্রীয় সফরে গেছেন সুলতান হাইথাম। সোমবার (২ নভেম্বর) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট শি জিনপিং।

১৯৭৮ সালের মে মাসে চীন ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৪৮ বছর পর সুলতানের এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার গুরুত্ব তুলে ধরছে বলে জানিয়েছে মাস্কাট টাইমস।

এমন এক সময়ে সফরটি অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত চলছে। গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে।

জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রেও চীনের গুরুত্বপূর্ণ অংশীদার ওমান। দেশটি চীনের অপরিশোধিত তেলের পঞ্চম বৃহত্তম সরবরাহকারী। আরব দেশগুলোর মধ্যে চীনের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদারও ওমান।

২০২৪ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৩৬ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলার। সুলতানের এই সফরকে কেন্দ্র করে দুই দেশের বিদ্যমান সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

প্রকাশ: রবিবার, নভেম্বর ০১, ২০২৬
হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
টপ স্টোরিজ

হরমুজ প্রণালির কাছে ওমানের মুসান্দাম উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর আগুন ধরে যায়। জাহাজটিতে থাকা ২৫ নাবিককে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী।

গতকাল শুক্রবার দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার এ তথ্য জানিয়েছে।

পানামার পতাকাবাহী জাহাজটি মুসান্দাম উপকূল থেকে ১ দশমিক ৬ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে হামলার শিকার হয়। হামলার পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। মেরিটাইম সিকিউরিটি সেন্টারের সঙ্গে সমন্বয় করে নৌবাহিনী উদ্ধার অভিযান চালায়। উদ্ধার করা নাবিকদের পরে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।

এদিকে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বাহিনীটির ভাষ্য, জাহাজগুলো অনুমোদনহীন পথে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জাহাজ তিনটি নিজেদের শনাক্তকরণ ও অবস্থান নির্ণয়ব্যবস্থা বন্ধ রেখেছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহায়তায় তারা অনুমোদনহীন পথে চলছিল। এ সময় কয়েকবার বেতারবার্তা পাঠিয়ে জাহাজগুলোকে সতর্ক করা হয়। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে তারা চলাচল অব্যাহত রাখে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট পথ নির্ধারণ করেছে ইরান। তেহরান জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে ওই পথ ব্যবহার করতে হবে। ওমান উপকূলের কাছের দক্ষিণ দিকের একটি জলপথকে অনুমোদনহীন হিসেবে বিবেচনা করছে ইরান।

জাহাজে হামলার আরেকটি ঘটনার কথা জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও। গতকাল সংস্থাটি জানায়, ইরানের লাভান দ্বীপের দক্ষিণে ৪০ নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে এর নাবিকেরা নিরাপদে রয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে আসছে ইরান। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

ইরানের এ পদক্ষেপের জবাবে দেশটির বন্দরগুলোয় অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের তেল রপ্তানি ও বাণিজ্য আরো সীমিত হয়ে পড়েছে।

সামরিক মহড়া ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান

প্রকাশ: শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
সামরিক মহড়া ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান
টপ স্টোরিজ

যুক্তরাজ্য ও ওমান প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, পরিবেশবান্ধব শিল্প এবং নতুন প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে।

এ তথ্য শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, যা ওমানের সুলতান হাইথাম বিন তারিকের যুক্তরাজ্য সফরের প্রেক্ষাপটে প্রকাশিত হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দুই দেশ তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করে একটি ‘উচ্চাভিলাষী ও ভবিষ্যৎমুখী অংশীদারত্ব’ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। চলতি সপ্তাহে যুক্তরাজ্যে রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আসেন ওমানের সুলতান।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে বুধবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও সুলতান হাইথাম দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।

আলোচনা চলাকালে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক আধুনিকায়ন, উন্নত শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনগণের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

দুই দেশ সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব সম্প্রসারণের প্রতিশ্রুতি প্রদান করেছে। এ ক্ষেত্রে ‘সাইফ সারিয়া’ সামরিক মহড়া সিরিজকে দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিবৃতিতে সাইফ সারিয়া-৪ মহড়ার প্রস্তুতিকে স্বাগত জানিয়ে সামরিক সক্ষমতা উন্নয়ন, পরীক্ষা-নিরীক্ষা, নতুন কৌশল যাচাই এবং সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক তথ্য বিনিময়ে আরও সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।

এছাড়া, যুক্তরাজ্য ও ওমান সাইবার নিরাপত্তা এবং জাতীয় সংকট মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির জন্য সহযোগিতা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।

যুদ্ধ থামানোর কঠোর শর্ত দিল ইরান! ওমানের সাথে ঐতিহাসিক সমঝোতা

প্রকাশ: শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৬
যুদ্ধ থামানোর কঠোর শর্ত দিল ইরান! ওমানের সাথে ঐতিহাসিক সমঝোতা
টপ স্টোরিজ

চলমান যুদ্ধ সমাপ্তির জন্য নিজেদের সুনির্দিষ্ট শর্তের কথা ঘোষণা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ওমানের সাথে একটি চুক্তির রূপরেখা চূড়ান্ত হয়েছে বলে জানানো হয়েছে।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ইরান-যুক্তরাষ্ট্র সাম্প্রতিক আলোচনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে জানান, সব মোর্চায় চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ করতে এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দৃষ্টিভঙ্গি ও শর্তগুলো অত্যন্ত স্পষ্ট ও দৃঢ়ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখন অপর পক্ষের প্রস্তাবগুলোর উপযুক্ত জবাব দেওয়া হবে।

মেহের নিউজের বরাতে তিনি আরও বলেন, ইরান ও ওমানের মধ্যকার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। হরমুজ প্রণালীতে নিরাপদ প্রবেশ ও প্রস্থান রুটগুলোর ভৌগোলিক স্থানাঙ্ক নিয়ে দুই পক্ষ একমত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থায় বিষয়টি কীভাবে উপস্থাপন করা হবে, সে বিষয়েও একটি পারস্পরিক বোঝাপড়ায় পৌঁছেছে। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই তা বাস্তবায়িত হবে।