১২ নভেম্বর ২০২৬

মার্কিন রাজনীতিতে নতুন মোড়: ট্রাম্প যুগের অবসান?

প্রকাশ: বুধবার, নভেম্বর ০৪, ২০২৬
মার্কিন রাজনীতিতে নতুন মোড়: ট্রাম্প যুগের অবসান?
টপ স্টোরিজ

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি মার্কিন ভোটারদের স্পষ্ট প্রত্যাখ্যানের বার্তা দিয়েছে। এক দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আসা ট্রাম্পের জনপ্রিয়তা এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে।

কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের এই ঢেউ ছড়িয়ে পড়েছে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবেও পরিচিত অঙ্গরাজ্যগুলোতে। দুবার ট্রাম্পকে হোয়াইট হাউসে পৌঁছে দেয়া ভোটার জোটের ওপরও তাঁর আগের মতো নিয়ন্ত্রণ আর নেই।

নিউ ইয়র্ক টাইমস বুধবার (৪ নভেম্বর) জানায়, মধ্যবর্তী নির্বাচনের প্রচারে ট্রাম্প ভোটারদের বারবার বলেছিলেন, ‘এমনভাবে ভোট দিন, যেন ব্যালটে আমার নাম আছে।’ এবারের শরতে তিনি অন্তত ৪৭ বার এ কথা বলেছেন। ভোটাররা তাঁর কথামতোই ভোট দিয়েছেন। তবে ফল হয়েছে তাঁর প্রত্যাশার উল্টো।

রিপাবলিকানদের হারে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

হিস্টোরিক মিডটার্ম রাউট সার্ভস অ্যাজ আ সুইপিং রিপিউক অব ট্রাম্প এরা নামের বিশ্লেষণ-নিবন্ধের লেখক পিটার বেকার নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউসবিষয়ক প্রধান সংবাদদাতা। ১৯৮৬ সালে প্রথম মধ্যবর্তী নির্বাচন কভার করেন তিনি।

ট্রাম্পের আগের কোনো প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনকে নিজের জনপ্রিয়তা যাচাইয়ের এত বড় পরীক্ষায় পরিণত করেননি। ট্রাম্প নিজেই এবারের নির্বাচনকে তাঁর শাসনামলের ওপর গণভোটের রূপ দিয়েছিলেন। এখন সেই সিদ্ধান্তের মূল্য দিতে হচ্ছে তাঁকে।

রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জ্বালানির উচ্চমূল্য, ইরানের সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে ক্ষমতায় থেকে বিপুল অর্থ উপার্জনের অভিযোগে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা একজন বহিরাগত নেতার ওপর যারা একসময় আস্থা রেখেছিলেন, তাঁদের অনেকেই এবার তাঁর দলকে প্রত্যাখ্যান করেছেন। কেউ কেউ ভোট দিতেই যাননি।

বুধবার ভোর পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, প্রতিনিধি পরিষদের আসনগুলোর জন্য জাতীয়ভাবে ডেমোক্র্যাটদের ভোটের ব্যবধান প্রায় ১৩ শতাংশ হতে পারে। নিউ ইয়র্ক টাইমসের হিসাব বলছে, অন্তত ১৯৭৬ সালের পর কংগ্রেস নির্বাচনে কোনো দল এত বড় ব্যবধানে জয় পায়নি।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নতুন ঊর্ধ্বগতি

বিল ক্লিনটন প্রেসিডেন্ট থাকার সময় ১৯৯৪ সালে এবং বারাক ওবামার শাসনামলে ২০১০ সালে রিপাবলিকানরা যে বড় জয় পেয়েছিল, এবারের ব্যবধান তার চেয়েও অনেক বেশি হতে পারে।

তবে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের কারণে এই ব্যবধান আসন সংখ্যায় ততটা প্রতিফলিত নাও হতে পারে। নিজেদের সুবিধামতো নির্বাচনী এলাকার সীমানা সাজিয়ে নেয়ায় এখন বিরোধী দলের পক্ষে অন্য দলের আসন কেড়ে নেয়া আগের চেয়ে কঠিন।

তারপরও ডেমোক্র্যাটদের বিপুল ভোটের ব্যবধান একটি বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের হাতে আরো দুই বছর ক্ষমতা থাকলেও ভোটের ফল বলছে, তাঁর শাসনামলের অবসানের সূচনা হতে পারে।

কাতারের হাত ধরে ফের শান্তি চুক্তি? মার্কিন-ইরান চুক্তিতে যুক্তরাষ্ট্রের সায়

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের রাজনৈতিক পরিচালক ডগলাস বি. সোসনিক এবারের নির্বাচনে ঘনিষ্ঠ নজর রেখেছিলেন। তিনি বলেন, ‘এটি মূলত ট্রাম্প, রিপাবলিকান পার্টি এবং গত দুই বছরে তারা যা করেছে, তার প্রতি ভোটারদের প্রত্যাখ্যান।’

সোসনিকের মতে, নির্বাচনের পরদিন থেকেই যুক্তরাষ্ট্রের রাজনীতি নতুন এক পর্যায়ে প্রবেশ করবে। আগামী দুই বছর হবে পরিবর্তনের সময়। আর এই সময়ের রাজনৈতিক পরিস্থিতি গত দুই বছরের তুলনায় অনেক বেশি অস্থির হতে পারে।

তবে নির্বাচনে ভরাডুবির পরপরই নিজের অবস্থান সামাল দেয়ার চেষ্টা করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ডেমোক্র্যাটদের কাছে এই পরাজয় আসলে তাঁর বিরুদ্ধে ভোটারদের রায় নয়। কারণ, তিনি নিজে নির্বাচনে প্রার্থী ছিলেন না। অথচ প্রচারের সময় ভোটারদের বারবার তাঁর পক্ষে ভোট দিতে বলেছিলেন।

মঙ্গলবার রাতে নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি ব্যালটে ছিলাম না। আর আমি ব্যালটে না থাকায় পর্যাপ্ত মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসা সম্ভব হয়নি।’

তাঁর এই বক্তব্য শুনে অনেক রিপাবলিকানও বিরক্তি প্রকাশ করবেন। কারণ, এবারের নির্বাচনী প্রচারের প্রায় সবকিছুই আবর্তিত হয়েছে ট্রাম্পকে ঘিরে।

কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এলএনজি নিতে চায় ভারত

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প। এর প্রভাব পড়েছে জ্বালানির বাজারে। বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের ইস্যু, কৌশল ও প্রচারের বার্তা—সবকিছুই নির্ধারণ করেছেন তিনি। দলের প্রার্থীদের কাছে নিঃশর্ত আনুগত্যও দাবি করেছেন। তাঁর কাছ থেকে দূরত্ব তৈরির সাহস অনেক রিপাবলিকান প্রার্থী দেখাতে পারেননি।

এ ছাড়া ক্ষমতায় থেকে নিজের অর্থ উপার্জনের নৈতিকতা নিয়ে ওঠা প্রশ্নও তিনি এড়িয়ে গেছেন। এতে দুর্নীতি নিয়ে ভোটারদের উদ্বেগ আরো বেড়েছে।

রিপাবলিকানদের শক্ত ঘাঁটি টেক্সাস ও সাউথ ক্যারোলাইনায় ট্রাম্পের ব্যক্তিগত পছন্দের দুই সিনেট প্রার্থীর পরাজয় তাঁর হস্তক্ষেপের পরিণতি সামনে এনেছে। তুলনামূলক বেশি জয়ের সম্ভাবনা থাকা প্রার্থীদের বাদ দিয়ে তিনি কেন প্যাক্সটন ও ডারলিন গ্রাহামকে বেছে নিয়েছিলেন, এখন সেই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে।

এ ছাড়া দশক শেষ হওয়ার আগেই প্রতিনিধি পরিষদের নির্বাচনী এলাকার সীমানা নতুন করে সাজিয়ে রিপাবলিকানদের সুবিধা দেয়ার উদ্যোগও উল্টো ফল দিয়েছে।

অনেক ভোটার জরিপকারী ও সাক্ষাৎকার গ্রহণকারীদের বলেছেন, ট্রাম্প তাঁদের প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছেন। তাঁরা ভেবেছিলেন, তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাবেন, নতুন যুদ্ধ শুরু করবেন না। সীমান্ত বন্ধ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। কিন্তু বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা মানুষদের বিরুদ্ধে কঠোর ধরপাকড় দেখে তাঁরা ক্ষুব্ধ হয়েছেন। ভোক্তাদের খরচ বাড়িয়ে দেয়া শুল্কনীতির বিরুদ্ধেও তাঁদের ক্ষোভ তৈরি হয়েছে।

নির্বাচনের আগের দিন ট্রাম্পের শেষ ভাষণেও ভোটারদের মনোভাবের সাথে তাঁর রাজনৈতিক চিন্তাভাবনার দূরত্ব স্পষ্ট হয়ে ওঠে। জীবনযাত্রার বাড়তি ব্যয় নিয়ে মানুষের উদ্বেগ কমানোর পরিকল্পনার কথা বলার বদলে তিনি ওয়াশিংটনের রিফ্লেক্টিং পুলের সামনে দাঁড়িয়ে শেওলা ও পানির পাইপ নিয়ে কথা বলেন।

ওয়াশিংটনে নিজের পছন্দের নির্মাণ প্রকল্প নিয়ে তাঁর অতিরিক্ত আগ্রহের বিষয়টি আবারো সামনে আসে। অথচ এসব উদ্যোগ নিয়ে ভোটারদের বিরক্তির লক্ষণ আগেই দেখা যাচ্ছিল। বিষয়টি অনেকটা এমন, যেন রিচার্ড এম. নিক্সন ওয়াটারগেট ভবনের সামনে দাঁড়িয়ে নির্বাচনের আগে শেষ ভাষণ দিচ্ছেন।

ট্রাম্পের রাজনৈতিক ধারা বা ট্রাম্পবাদ কিছুটা পিছু হটলেও আগামী দুই বছর প্রেসিডেন্টের ক্ষমতা তাঁর হাতেই থাকছে। নিজের রাজনৈতিক আধিপত্য ধরে রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তাঁর ঘনিষ্ঠরা মনে করছেন, এই পরাজয় দেখে তাঁকে রাজনৈতিকভাবে শেষ ধরে নেয়া ঠিক হবে না।

সৌদির সঙ্গে আলোচনা, বিদেশি সেনামুক্ত মধ্যপ্রাচ্য চায় ইরান

রক্ষণশীল অর্থনৈতিক নীতির পক্ষে কাজ করা সংগঠন ক্লাব ফর গ্রোথের প্রেসিডেন্ট ডেভিড ম্যাকিনটোশ বলেন, ‘ট্রাম্পের সমালোচকেরা আগেও তাঁর রাজনৈতিক মৃত্যুর ঘোষণা দিয়েছেন। কিন্তু প্রতিবারই তাঁরা ভুল প্রমাণিত হয়েছেন।’

তাঁর মতে, রিপাবলিকানদের ঘুরে দাঁড়াতে হলে নিজেদের মূলনীতিতে ফিরে যেতে হবে। ২০২৮ সালের নির্বাচনে জিততে হলে সেটিই হবে পথ।

বড় ব্যবধানে মধ্যবর্তী নির্বাচনে জয় পেলে সাধারণত দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস খোঁজা হয়। এবারের ফলও তেমন পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। তবে ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে, যখন এ ধরনের পরিবর্তন বেশিদিন স্থায়ী হয়নি। মঙ্গলবারের ভোট যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে দীর্ঘমেয়াদি আদর্শিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

ওয়াটারগেট কেলেঙ্কারির পর ১৯৭৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর মনে করা হয়েছিল, রিপাবলিকানদের দীর্ঘদিন রাজনৈতিক ক্ষমতার বাইরে থাকতে হবে। কিন্তু মাত্র ছয় বছরের মাথায় রোনাল্ড রিগ্যান দলটিকে আবার হোয়াইট হাউসে ফিরিয়ে আনেন।

একইভাবে ১৯৯৪ ও ২০১০ সালের নির্বাচনে রিপাবলিকানদের বড় জয়কে ক্লিনটন ও ওবামার প্রেসিডেন্সির অবসানের পূর্বাভাস হিসেবে দেখা হয়েছিল। কিন্তু দুজনই দুই বছর পর সহজ ব্যবধানে পুনর্নির্বাচিত হন।

শাহজালালে পরিত্যক্ত বিমান ভাঙারি হিসেবে বিক্রির উদ্যোগ

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসের আমেরিকান রাজনীতি ও জননীতি বিভাগের অধ্যাপক লিন ভ্যাভরেক মনে করেন, এবারের নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পেট্রলের আকাশছোঁয়া দাম। তাই এই ফলকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চরিত্রে বড় ধরনের পরিবর্তনের প্রমাণ হিসেবে দেখা ঠিক হবে না।

তিনি বলেন, ‘এর অর্থ এই নয় যে মাগা জোট ভেঙে পড়ছে। তবে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার ঝলক যে কিছুটা কমেছে, তা বলা যায়। মানুষ তাঁর প্রতি আগের মতো আকৃষ্ট নয়—আমার মনে হয়, এর উত্তর হ্যাঁ।’

তবে তাঁর মতে, এর অর্থ এই নয় যে অভিবাসন ও বৈচিত্র্যের মতো ইস্যুতে ট্রাম্পের আমলে রিপাবলিকান পার্টির নেয়া পরিচয়ভিত্তিক নীতি থেকে দলটি সরে আসবে।

কারণ, ট্রাম্প দলটিকে নিজের আদলে নতুন করে গড়ে তুলেছেন। যারা তাঁর প্রতি আনুগত্য দেখিয়েছেন, তাঁদের ক্ষমতায়িত করেছেন। আর যারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে চেয়েছেন, তাঁদের দল থেকে সরিয়ে দিয়েছেন।

ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ক্রিস্টিনা এম. গ্রিয়ার বলেন, ‘প্রেসিডেন্ট এখন কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, তা আমরা জানি না। তবে এখন পর্যন্ত তাঁর দলের সদস্যদের তাঁকে মেনে চলতেই দেখেছি।’

সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কায় সতর্ক অবস্থানে উপসাগরীয় দেশগুলো: দ্য গার্ডিয়ান

ট্রাম্পের প্রথম মেয়াদের অভ্যন্তরীণ নীতিবিষয়ক উপদেষ্টা জো গ্রোগানের মতে, নির্বাচনের ফল যা-ই হোক, যুক্তরাষ্ট্রের রাজনীতির চেহারা বদলে দিয়েছেন ট্রাম্প। আগে যথেষ্ট গুরুত্ব না পাওয়া কিছু বিষয় তিনি সামনে এনেছেন।

এর মধ্যে রয়েছে আরো ভালো বাণিজ্য চুক্তির চেষ্টা এবং ন্যাটোর সদস্যদেশগুলোর সামরিক ব্যয় বাড়ানোর উদ্যোগ। তাঁর মতে, রিপাবলিকান পার্টি আর আগের অবস্থায় ফিরে যাচ্ছে না।

ভোটকেন্দ্র বন্ধ হওয়ার আগে গ্রোগান বলেন, ‘আজ রাতে যা-ই ঘটুক, আমরা এখনো ট্রাম্পের দলেই আছি। যারা মনে করছেন, ট্রাম্পবাদের প্রত্যাখ্যান ঘটবে, তাঁরা ভুল করছেন। দলের মধ্যে কিছু বিতর্ক হবে, যা দলের জন্য ভালো। কিন্তু জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে পরপর দুটি নির্বাচনে জয়ী হওয়া পুরোনো রিপাবলিকান পার্টিতে ফিরে যাওয়ার পক্ষে বড় কোনো জনসমর্থন আমি দেখছি না।’

অন্যদিকে, ডেমোক্র্যাটদের মধ্যেও এবারের জয়কে কীভাবে দেখা হবে, তা নিয়ে বিতর্ক শুরু হতে পারে। এ বছর তাদের প্রধান পরিচয় ছিল ট্রাম্পবিরোধিতা। আর সেটিই জয়ের জন্য যথেষ্ট হয়েছে। তবে প্রগতিশীল নেতারা বলবেন, বামপন্থীদের সক্রিয়তা এই জয়ের মূল শক্তি।

অন্যদিকে মধ্যপন্থীরা মনে করবেন, টেক্সাস ও কানসাসের মতো অঙ্গরাজ্যে ট্রাম্পের ওপর অসন্তুষ্ট রিপাবলিকান ভোটারদের সমর্থন পাওয়াই ছিল জয়ের বড় কারণ।

শিকাগোর সাবেক ডেমোক্র্যাট মেয়র ও যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রাহম ইমানুয়েল বলেন, ‘সবচেয়ে বড় ঘটনা হলো, মাগা-সমর্থক নন এমন রিপাবলিকানরা তাঁদের দল থেকে সরে এসেছেন। এখন প্রশ্ন হলো, আমরা এই নির্বাচনকে শুধু তাৎক্ষণিক রাজনৈতিক সাফল্য হিসেবে দেখব, নাকি বড় পরিবর্তনের সুযোগ হিসেবে নেব? ২০২৭ সালে আমরা কী করব, তার ওপরই সেটি নির্ভর করছে।’

১৯৭৪ সালের ওয়াটারগেট-পরবর্তী ডেমোক্র্যাটদের বড় জয়ের সময় প্রথমবার কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন জেমস ব্ল্যানচার্ড। পরে তিনি মিশিগানের গভর্নর হন। তাঁর কাছে এবারের নির্বাচন সেই ঐতিহাসিক বছরের কথা মনে করিয়ে দিয়েছে। তবে এর অর্থ এই নয় যে ট্রাম্পের আগের যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ফিরে যাওয়া সম্ভব।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা আর পেছনে ফিরতে পারব না। আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

এরপর তিনি যোগ করেন, ‘এটি ট্রাম্পের শেষের শুরু, যদিও তিনি এখনো ক্ষমতায় থাকবেন।’

কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের নির্দেশ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ?

ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, নাবিক নিহত

প্রকাশ: মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬
ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, নাবিক নিহত
টপ স্টোরিজ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ‘আল জুসুফি’ নামের বহুমুখী সহায়তাকারী জাহাজটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার পর ওমানের কোস্টগার্ড ১৩ জনকে নিরাপদে উদ্ধার করেছে।

ভারতের কেন্দ্রীয় জাহাজ পরিবহণ ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, গত ২ নভেম্বর ওমান উপকূল দিয়ে চলার সময় জাহাজটিতে অজ্ঞাত আকাশযান থেকে হামলা চালানো হয়। এতে আহত হয়ে মারা যান গুজরাটের বাসিন্দা নাবিক গন্ধর নাহিম আজিজ।

পোস্টে সোনোয়াল লেখেন, ‘ওমান উপকূলের কাছে চলাচলের সময় ভারতের পতাকাবাহী এমএসভি আল জুসুফিতে অজ্ঞাত একটি আকাশযান আঘাত হানে। জাহাজটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। ওমানের কোস্টগার্ড ১৩ জনকে নিরাপদে উদ্ধার করেছে। তবে গুজরাটের নাবিক গন্ধর নাহিম আজিজের আহত অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’

নিহত নাবিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, উদ্ধার হওয়া ১৩ নাবিককে তাৎক্ষণিক সহায়তা দিতে দেশটির জাহাজ চলাচল মন্ত্রণালয় ও ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। জীবিত নাবিকদের দ্রুত দেশে ফেরানো এবং নিহত ব্যক্তির মরদেহ প্রত্যাবাসনের ব্যবস্থাও করা হচ্ছে।

তবে জাহাজটিতে কারা হামলা চালিয়েছে কিংবা কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার মধ্যে ঘটল। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এসব হামলা বেড়েছে। এতে উপসাগরীয় জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে জ্বালানি সরবরাহেও সংকট দেখা দিয়েছে। এর সঙ্গে বাণিজ্যিক জাহাজে হামলা আন্তর্জাতিক অর্থনীতি ও সমুদ্রপথে পণ্য পরিবহনের ঝুঁকি আরও বাড়িয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপসাগরীয় জলসীমায় জাহাজ ও ট্যাংকারে হামলার ঘটনায় অন্তত ২২ জন ভারতীয় নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন নাবিক।

সূত্র : এনডিটিভি

৪৮ বছর পর ঐতিহাসিক সফরে চীনে ওমানের সুলতান হাইথাম

প্রকাশ: সোমবার, নভেম্বর ০২, ২০২৬
৪৮ বছর পর ঐতিহাসিক সফরে চীনে ওমানের সুলতান হাইথাম
টপ স্টোরিজ

৪৮ বছর পর প্রথমবারের মতো চীন সফরে গেছেন ওমানের কোনো রাষ্ট্রপ্রধান। রবিবার (১ নভেম্বর) বেইজিংয়ে পৌঁছেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ। ১৯৭৮ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এটিই ওমানের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম চীন সফর।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএনের প্রতিবেদন অনুযায়ী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এ রাষ্ট্রীয় সফরে গেছেন সুলতান হাইথাম। সোমবার (২ নভেম্বর) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট শি জিনপিং।

১৯৭৮ সালের মে মাসে চীন ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৪৮ বছর পর সুলতানের এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার গুরুত্ব তুলে ধরছে বলে জানিয়েছে মাস্কাট টাইমস।

এমন এক সময়ে সফরটি অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত চলছে। গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে।

জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রেও চীনের গুরুত্বপূর্ণ অংশীদার ওমান। দেশটি চীনের অপরিশোধিত তেলের পঞ্চম বৃহত্তম সরবরাহকারী। আরব দেশগুলোর মধ্যে চীনের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদারও ওমান।

২০২৪ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৩৬ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলার। সুলতানের এই সফরকে কেন্দ্র করে দুই দেশের বিদ্যমান সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

প্রকাশ: রবিবার, নভেম্বর ০১, ২০২৬
হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
টপ স্টোরিজ

হরমুজ প্রণালির কাছে ওমানের মুসান্দাম উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর আগুন ধরে যায়। জাহাজটিতে থাকা ২৫ নাবিককে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী।

গতকাল শুক্রবার দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার এ তথ্য জানিয়েছে।

পানামার পতাকাবাহী জাহাজটি মুসান্দাম উপকূল থেকে ১ দশমিক ৬ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে হামলার শিকার হয়। হামলার পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। মেরিটাইম সিকিউরিটি সেন্টারের সঙ্গে সমন্বয় করে নৌবাহিনী উদ্ধার অভিযান চালায়। উদ্ধার করা নাবিকদের পরে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।

এদিকে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বাহিনীটির ভাষ্য, জাহাজগুলো অনুমোদনহীন পথে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জাহাজ তিনটি নিজেদের শনাক্তকরণ ও অবস্থান নির্ণয়ব্যবস্থা বন্ধ রেখেছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহায়তায় তারা অনুমোদনহীন পথে চলছিল। এ সময় কয়েকবার বেতারবার্তা পাঠিয়ে জাহাজগুলোকে সতর্ক করা হয়। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে তারা চলাচল অব্যাহত রাখে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট পথ নির্ধারণ করেছে ইরান। তেহরান জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে ওই পথ ব্যবহার করতে হবে। ওমান উপকূলের কাছের দক্ষিণ দিকের একটি জলপথকে অনুমোদনহীন হিসেবে বিবেচনা করছে ইরান।

জাহাজে হামলার আরেকটি ঘটনার কথা জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও। গতকাল সংস্থাটি জানায়, ইরানের লাভান দ্বীপের দক্ষিণে ৪০ নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে এর নাবিকেরা নিরাপদে রয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে আসছে ইরান। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

ইরানের এ পদক্ষেপের জবাবে দেশটির বন্দরগুলোয় অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের তেল রপ্তানি ও বাণিজ্য আরো সীমিত হয়ে পড়েছে।

সামরিক মহড়া ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান

প্রকাশ: শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
সামরিক মহড়া ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান
টপ স্টোরিজ

যুক্তরাজ্য ও ওমান প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, পরিবেশবান্ধব শিল্প এবং নতুন প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে।

এ তথ্য শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, যা ওমানের সুলতান হাইথাম বিন তারিকের যুক্তরাজ্য সফরের প্রেক্ষাপটে প্রকাশিত হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দুই দেশ তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করে একটি ‘উচ্চাভিলাষী ও ভবিষ্যৎমুখী অংশীদারত্ব’ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। চলতি সপ্তাহে যুক্তরাজ্যে রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আসেন ওমানের সুলতান।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে বুধবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও সুলতান হাইথাম দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।

আলোচনা চলাকালে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক আধুনিকায়ন, উন্নত শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনগণের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

দুই দেশ সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব সম্প্রসারণের প্রতিশ্রুতি প্রদান করেছে। এ ক্ষেত্রে ‘সাইফ সারিয়া’ সামরিক মহড়া সিরিজকে দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিবৃতিতে সাইফ সারিয়া-৪ মহড়ার প্রস্তুতিকে স্বাগত জানিয়ে সামরিক সক্ষমতা উন্নয়ন, পরীক্ষা-নিরীক্ষা, নতুন কৌশল যাচাই এবং সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক তথ্য বিনিময়ে আরও সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।

এছাড়া, যুক্তরাজ্য ও ওমান সাইবার নিরাপত্তা এবং জাতীয় সংকট মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির জন্য সহযোগিতা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।

যুদ্ধ থামানোর কঠোর শর্ত দিল ইরান! ওমানের সাথে ঐতিহাসিক সমঝোতা

প্রকাশ: শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৬
যুদ্ধ থামানোর কঠোর শর্ত দিল ইরান! ওমানের সাথে ঐতিহাসিক সমঝোতা
টপ স্টোরিজ

চলমান যুদ্ধ সমাপ্তির জন্য নিজেদের সুনির্দিষ্ট শর্তের কথা ঘোষণা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ওমানের সাথে একটি চুক্তির রূপরেখা চূড়ান্ত হয়েছে বলে জানানো হয়েছে।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ইরান-যুক্তরাষ্ট্র সাম্প্রতিক আলোচনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে জানান, সব মোর্চায় চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ করতে এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দৃষ্টিভঙ্গি ও শর্তগুলো অত্যন্ত স্পষ্ট ও দৃঢ়ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখন অপর পক্ষের প্রস্তাবগুলোর উপযুক্ত জবাব দেওয়া হবে।

মেহের নিউজের বরাতে তিনি আরও বলেন, ইরান ও ওমানের মধ্যকার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। হরমুজ প্রণালীতে নিরাপদ প্রবেশ ও প্রস্থান রুটগুলোর ভৌগোলিক স্থানাঙ্ক নিয়ে দুই পক্ষ একমত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থায় বিষয়টি কীভাবে উপস্থাপন করা হবে, সে বিষয়েও একটি পারস্পরিক বোঝাপড়ায় পৌঁছেছে। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই তা বাস্তবায়িত হবে।