১২ নভেম্বর ২০২৬

নেতানিয়াহুর বিদায়, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকট

প্রকাশ: রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
নেতানিয়াহুর বিদায়, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকট
টপ স্টোরিজ

ইসরায়েলের নির্বাচনে কোনো জোটই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটির পরবর্তী সরকার গঠনের দায়িত্ব সাবেক সেনাপ্রধান ও য়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটকে দিয়েছেন প্রেসিডেন্ট আইজাক হারজোগ। এর ফলে ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে বড় ধরনের ধাক্কা খেলেন বেঞ্জামিন নেতানিয়াহু।

রবিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় জেরুজালেমের প্রেসিডেন্ট ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ম্যানডেট হস্তান্তর করা হবে।

সিনেটের ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন নিয়ে আইজেনকোট এখন জোট সরকার গঠন এবং ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার জন্য ২৮ দিন সময় পাবেন।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটের দলগুলোর সঙ্গে বৈঠকের পর হারজোগ এই সিদ্ধান্ত জানান। গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর দেশটি একটি বিভক্ত ফলাফলের মুখোমুখি হয়, যেখানে কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছাতে পারেনি। আইজেনকোট প্রথম জোট গঠনের সুযোগ পাচ্ছেন, যার মাধ্যমে নেতানিয়াহুর দীর্ঘদিনের শাসন অবসানের একটি পথ উন্মোচিত হলো।

সিদ্ধান্ত নেওয়ার আগে হারজোগ নেতানিয়াহু এবং আইজেনকোট উভয়ের সঙ্গেই কথা বলেন এবং তাদের জানান যে তিনি আইজেনকোটকেই বেছে নেওয়ার পরিকল্পনা করছেন।

বিরোধী ও আরব জোট ইসরায়েলকে ধ্বংসের দিকে নেবে: নেতানিয়াহু

পরামর্শ সভাটি কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল না। ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকোটের নাম সুপারিশ করেন, বিপরীতে ৪৬ জন সমর্থন করেন নেতানিয়াহুকে এবং ৭ জন কাউকে সুপারিশ করেননি।

আইজেনকোটকে সমর্থন দেওয়া ৬৭ জনের হিসাবটি এমন: চেঞ্জ ব্লক থেকে ৪৮ জন, আরব পার্টি রাআম থেকে ৭ জন এবং জয়েন্ট লিস্ট থেকে ১২ জন। অন্যদিকে নেতানিয়াহু তার ডানপন্থি ও ধর্মীয় সহযোগীদের সমর্থন পান। তবে ইউনাইটেড তোরাহ জুডাইজমের ৭ জন সদস্য কোনো সিদ্ধান্ত না নিয়ে নিরপেক্ষ অবস্থান নেন।

এই পরিসংখ্যানটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। নেতানিয়াহু এখনও একজন প্রভাবশালী নেতা, কিন্তু তার পেছনে দাঁড়ানোর চেয়ে আইজেনকোটের অধীনে একটি বিকল্প তৈরিতে বেশি সংখ্যক আইনপ্রণেতা আগ্রহ প্রকাশ করেছেন।

তবে কেবল সুপারিশ দিয়ে সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তৈরি হয়ে যায় না।

আইজেনকোট হলেন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক চিফ অব স্টাফ, যিনি ২০২২ সালে রাজনীতিতে আসেন। কেন্দ্র-বামপন্থি থেকে শুরু করে ডানপন্থি দলগুলোকে এক ছাতার নিচে এনে প্রচারণা চালিয়ে তিনি এই নির্বাচনে নেতানিয়াহুর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেন। এই দলগুলোর এক হয়ে থাকার মূল ভিত্তি ছিল নেতানিয়াহুর বিরোধিতা।

তার য়াশার পার্টি ২১টি আসন নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে এবং বিস্তৃত চেঞ্জ ব্লক মোট ৪৮টি আসনে জয় পায়। দুটি আরব-নেতৃত্বাধীন দল যারা যৌথভাবে রেকর্ড ১৯টি আসন পেয়েছে হারজোগের কাছে আইজেনকোটকে সুপারিশ করেছিল। মূলত তাদের ভোটই এই ব্যবধান তৈরি করে দেয়।

তবে আসল কঠিন পরীক্ষা এখন শুরু। আরব দলগুলো জানিয়েছে, তারা সরকারে যোগ দেওয়ার বদলে বাইর থেকে নেতানিয়াহু-বিরোধী অন্য যে কাউকেই সমর্থন দেবে। তাসত্ত্বেও তাদের ওপর নির্ভর করাটা বেশ সংবেদনশীল একটি বিষয়, এবং আইজেনকোটের নিজস্ব শিবিরের বেশ কয়েকটি দল আরব আইনপ্রণেতাদের ওপর নির্ভর করতে রাজি নয়।

আল্ট্রা-অর্থোডক্স দলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নেতানিয়াহুকে ইউটিজে সমর্থন না দেওয়ায় একটি নতুন দরজাও খুলেছে, যদিও সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ নিয়ে ঝামেলা সেই সুযোগ আবারও বন্ধ করে দিতে পারে।

আইজেনকোটের সামনে কয়েকটি পথ খোলা আছে। তিনি বাইরে থেকে আরব আইনপ্রণেতাদের সমর্থনে একটি সংখ্যালঘু সরকার পরিচালনা করতে পারেন, আল্ট্রা-অর্থোডক্স দলগুলোর সঙ্গে চুক্তি করতে পারেন, অথবা একটি বৃহত্তর জাতীয় ঐক্য সরকার গঠনের চেষ্টা করতে পারেন। তবে প্রতিটি পথের সামনেই রয়েছে নানা জটিলতা।

নেতানিয়াহু পরাজয় মেনে নেননি। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী এখনও একটি জাতীয় ঐক্য সরকার গঠনের জন্য চাপ দিচ্ছেন এবং আরব-নেতৃত্বাধীন দলগুলোর ওপর নির্ভরশীল যেকোনো সরকারের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে তাদের সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে আখ্যা দিয়েছেন। নির্বাচন-পরবর্তী আলোচনার সবচেয়ে তীব্র বিরোধপূর্ণ জায়গাগুলোর মধ্যে এটি একটি।

আইজেনকোটের পার্টি পাল্টা জবাব দিয়ে আরব আইনপ্রণেতাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করায় নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছে। তারা লিকুদ পার্টির সদস্যদের সুদূর-ডানপন্থি সহযোগীদের সাথে নিজেদের জোট পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে।

গাজা যুদ্ধ, জাতীয় নিরাপত্তা, সামরিক বাহিনীর ভবিষ্যৎ এবং স্বয়ং নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে তীব্র বিভাজনের মাঝেই এই পুরো ঘটনা প্রবাহ উন্মোচিত হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর আইজেনকোট সাময়িকভাবে নেতানিয়াহুর যুদ্ধকালীন ক্যাবিনেটে যোগ দিয়েছিলেন, তবে পরবর্তীতে তিনি আবারও বিরোধী দলে ফিরে আসেন। এরপর থেকে তিনি যুদ্ধ পরিচালনার উপায় নিয়ে নেতানিয়াহুর অন্যতম কঠোর সমালোচক হয়ে ওঠেন এবং নেতানিয়াহুর নেতৃত্বাধীন যেকোনো সরকারে কাজ করার সম্ভাবনা সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

তার সামরিক ক্যারিয়ার ও নিরাপত্তার রেকর্ডই রাজনীতির মূল ভিত্তি। তিনি যদি সরকার গঠনে সফল হন, তবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ঐতিহ্যবাহী শিকড় থাকা সমাজ থেকে উঠে আসা ইসরায়েলের প্রথম মিজরাহি প্রধানমন্ত্রী হবেন তিনি।

হারজোগের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ম্যানডেট পাওয়ার পর আইজেনকোট জোট গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজন মনে করলে প্রেসিডেন্ট অতিরিক্ত আরও ১৪ দিন সময় বাড়িয়ে দিতে পারেন।

তিনি যদি জোট গঠনে ব্যর্থ হন, তবে পর্যাপ্ত সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে এমন অন্য কারও কাছে এই ম্যানডেট চলে যেতে পারে। পরিস্থিতি পরিবর্তনের ওপর ভিত্তি করে নেতানিয়াহুও আরেকবার সুযোগ পেতে পারেন। আর যদি একের পর এক প্রচেষ্টা ব্যর্থ হতে থাকে, তবে ইসরায়েল হয়তো আবারও একটি নির্বাচনের দিকে এগিয়ে যাবে যা সম্ভবত ২০২৭ সালের শুরুর দিকে হতে পারে।

আপাতত, হারজোগের এই সিদ্ধান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। নিজের জোটের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন সত্যিই ক্ষমতা হারানোর বাস্তব ঝুঁকির মুখে।

আইজেনকোটের কাজটাও সমান কঠিন। ৬৭ জনের সমর্থন পাওয়া ছিল সবচেয়ে সহজ অংশ। প্রথম কোনো নীতিগত মতপার্থক্য তৈরি হওয়ার পরও টিকে থাকতে পারবে এমন একটি শক্ত জোট গঠন করাই হবে তার আসল পরীক্ষা।

প্রশ্নটা এখন আর কেবল নেতানিয়াহু টিকে থাকতে পারবেন কি না তার মধ্যে সীমাবদ্ধ নেই। আসল বিষয় হলো, তার বিরুদ্ধে একাট্টা হওয়া শক্তিগুলো পরবর্তীতে কী করা হবে সে বিষয়ে একমত হতে পারবে কি না। সূত্র: এনডিটিভি

ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, নাবিক নিহত

প্রকাশ: মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬
ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, নাবিক নিহত
টপ স্টোরিজ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ‘আল জুসুফি’ নামের বহুমুখী সহায়তাকারী জাহাজটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার পর ওমানের কোস্টগার্ড ১৩ জনকে নিরাপদে উদ্ধার করেছে।

ভারতের কেন্দ্রীয় জাহাজ পরিবহণ ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, গত ২ নভেম্বর ওমান উপকূল দিয়ে চলার সময় জাহাজটিতে অজ্ঞাত আকাশযান থেকে হামলা চালানো হয়। এতে আহত হয়ে মারা যান গুজরাটের বাসিন্দা নাবিক গন্ধর নাহিম আজিজ।

পোস্টে সোনোয়াল লেখেন, ‘ওমান উপকূলের কাছে চলাচলের সময় ভারতের পতাকাবাহী এমএসভি আল জুসুফিতে অজ্ঞাত একটি আকাশযান আঘাত হানে। জাহাজটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। ওমানের কোস্টগার্ড ১৩ জনকে নিরাপদে উদ্ধার করেছে। তবে গুজরাটের নাবিক গন্ধর নাহিম আজিজের আহত অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’

নিহত নাবিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, উদ্ধার হওয়া ১৩ নাবিককে তাৎক্ষণিক সহায়তা দিতে দেশটির জাহাজ চলাচল মন্ত্রণালয় ও ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। জীবিত নাবিকদের দ্রুত দেশে ফেরানো এবং নিহত ব্যক্তির মরদেহ প্রত্যাবাসনের ব্যবস্থাও করা হচ্ছে।

তবে জাহাজটিতে কারা হামলা চালিয়েছে কিংবা কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার মধ্যে ঘটল। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এসব হামলা বেড়েছে। এতে উপসাগরীয় জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে জ্বালানি সরবরাহেও সংকট দেখা দিয়েছে। এর সঙ্গে বাণিজ্যিক জাহাজে হামলা আন্তর্জাতিক অর্থনীতি ও সমুদ্রপথে পণ্য পরিবহনের ঝুঁকি আরও বাড়িয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপসাগরীয় জলসীমায় জাহাজ ও ট্যাংকারে হামলার ঘটনায় অন্তত ২২ জন ভারতীয় নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন নাবিক।

সূত্র : এনডিটিভি

৪৮ বছর পর ঐতিহাসিক সফরে চীনে ওমানের সুলতান হাইথাম

প্রকাশ: সোমবার, নভেম্বর ০২, ২০২৬
৪৮ বছর পর ঐতিহাসিক সফরে চীনে ওমানের সুলতান হাইথাম
টপ স্টোরিজ

৪৮ বছর পর প্রথমবারের মতো চীন সফরে গেছেন ওমানের কোনো রাষ্ট্রপ্রধান। রবিবার (১ নভেম্বর) বেইজিংয়ে পৌঁছেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ। ১৯৭৮ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এটিই ওমানের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম চীন সফর।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএনের প্রতিবেদন অনুযায়ী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এ রাষ্ট্রীয় সফরে গেছেন সুলতান হাইথাম। সোমবার (২ নভেম্বর) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট শি জিনপিং।

১৯৭৮ সালের মে মাসে চীন ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৪৮ বছর পর সুলতানের এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার গুরুত্ব তুলে ধরছে বলে জানিয়েছে মাস্কাট টাইমস।

এমন এক সময়ে সফরটি অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত চলছে। গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে।

জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রেও চীনের গুরুত্বপূর্ণ অংশীদার ওমান। দেশটি চীনের অপরিশোধিত তেলের পঞ্চম বৃহত্তম সরবরাহকারী। আরব দেশগুলোর মধ্যে চীনের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদারও ওমান।

২০২৪ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৩৬ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলার। সুলতানের এই সফরকে কেন্দ্র করে দুই দেশের বিদ্যমান সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

প্রকাশ: রবিবার, নভেম্বর ০১, ২০২৬
হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
টপ স্টোরিজ

হরমুজ প্রণালির কাছে ওমানের মুসান্দাম উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর আগুন ধরে যায়। জাহাজটিতে থাকা ২৫ নাবিককে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী।

গতকাল শুক্রবার দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার এ তথ্য জানিয়েছে।

পানামার পতাকাবাহী জাহাজটি মুসান্দাম উপকূল থেকে ১ দশমিক ৬ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে হামলার শিকার হয়। হামলার পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। মেরিটাইম সিকিউরিটি সেন্টারের সঙ্গে সমন্বয় করে নৌবাহিনী উদ্ধার অভিযান চালায়। উদ্ধার করা নাবিকদের পরে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।

এদিকে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বাহিনীটির ভাষ্য, জাহাজগুলো অনুমোদনহীন পথে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জাহাজ তিনটি নিজেদের শনাক্তকরণ ও অবস্থান নির্ণয়ব্যবস্থা বন্ধ রেখেছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহায়তায় তারা অনুমোদনহীন পথে চলছিল। এ সময় কয়েকবার বেতারবার্তা পাঠিয়ে জাহাজগুলোকে সতর্ক করা হয়। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে তারা চলাচল অব্যাহত রাখে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট পথ নির্ধারণ করেছে ইরান। তেহরান জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে ওই পথ ব্যবহার করতে হবে। ওমান উপকূলের কাছের দক্ষিণ দিকের একটি জলপথকে অনুমোদনহীন হিসেবে বিবেচনা করছে ইরান।

জাহাজে হামলার আরেকটি ঘটনার কথা জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও। গতকাল সংস্থাটি জানায়, ইরানের লাভান দ্বীপের দক্ষিণে ৪০ নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে এর নাবিকেরা নিরাপদে রয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে আসছে ইরান। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

ইরানের এ পদক্ষেপের জবাবে দেশটির বন্দরগুলোয় অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের তেল রপ্তানি ও বাণিজ্য আরো সীমিত হয়ে পড়েছে।

সামরিক মহড়া ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান

প্রকাশ: শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
সামরিক মহড়া ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান
টপ স্টোরিজ

যুক্তরাজ্য ও ওমান প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, পরিবেশবান্ধব শিল্প এবং নতুন প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে।

এ তথ্য শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, যা ওমানের সুলতান হাইথাম বিন তারিকের যুক্তরাজ্য সফরের প্রেক্ষাপটে প্রকাশিত হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দুই দেশ তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করে একটি ‘উচ্চাভিলাষী ও ভবিষ্যৎমুখী অংশীদারত্ব’ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। চলতি সপ্তাহে যুক্তরাজ্যে রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আসেন ওমানের সুলতান।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে বুধবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও সুলতান হাইথাম দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।

আলোচনা চলাকালে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক আধুনিকায়ন, উন্নত শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনগণের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

দুই দেশ সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব সম্প্রসারণের প্রতিশ্রুতি প্রদান করেছে। এ ক্ষেত্রে ‘সাইফ সারিয়া’ সামরিক মহড়া সিরিজকে দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিবৃতিতে সাইফ সারিয়া-৪ মহড়ার প্রস্তুতিকে স্বাগত জানিয়ে সামরিক সক্ষমতা উন্নয়ন, পরীক্ষা-নিরীক্ষা, নতুন কৌশল যাচাই এবং সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক তথ্য বিনিময়ে আরও সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।

এছাড়া, যুক্তরাজ্য ও ওমান সাইবার নিরাপত্তা এবং জাতীয় সংকট মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির জন্য সহযোগিতা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।

ওমান উপকূলে জাহাজে হামলা, রক্ষা পেলেন বাংলাদেশি চিফ ইঞ্জিনিয়ার

প্রকাশ: শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
ওমান উপকূলে জাহাজে হামলা, রক্ষা পেলেন বাংলাদেশি চিফ ইঞ্জিনিয়ার
টপ স্টোরিজ

সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের উদ্দেশে যাওয়ার পথে ওমান উপকূলে হামলার শিকার ‘এমভি কেপ দাও’ নামের বাল্ক ক্যারিয়ারের প্রধান প্রকৌশলী ছিলেন বাংলাদেশি আমান উল্লাহ। হামলার পর তাঁকে উদ্ধার করে ওমানের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন ও নিরাপদে আছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে সাকিব আমান।

আমান উল্লাহ মেরিন ফিশারিজ একাডেমির ১৫তম ব্যাচের সাবেক ক্যাডেট। তাঁর ছেলে সাকিব আমান বাংলাদেশ মেরিন একাডেমির ৫৩তম ব্যাচের ক্যাডেট।

সাকিব আমান জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) জাহাজে হামলার দিন দুপুর ১টা ৬ মিনিটে তাঁর বাবা তাঁকে একটি অডিও বার্তা পাঠান। সেখানে তিনি বলেন, আব্বু, আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে। দোয়া করো আব্বু, দোয়া করো। হয়তো আর কমিউনিকেশন করতে পারব না, আব্বু।

অডিও বার্তায় তিনি আরও বলেন, সাবধানে থাইকো। আর দোয়া করো। আম্মুকে এই কথা বলার দরকার নাই। আম্মু খুব চিন্তা করবে।

বার্তা পাঠানোর পর বেশ কিছু সময় পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না। পরে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সাকিব আমান বলেন, কিছুক্ষণ আগে আব্বুর সঙ্গে কথা হয়েছে। এখন বাবা নিরাপদে আছে। বাবাসহ উদ্ধার হওয়া নাবিকদের জাহাজ থেকে সরিয়ে ওমানের হাসপাতালে নেওয়া হয়েছে।

সূত্র জানায়, ওই হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। জাহাজটিতে মোট ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে।