কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের কর্মক্ষেত্রে ছবি তোলা, ভিডিও ধারণ করা ও লাইভ স্ট্রিমিং করার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (Civil Aviation Authority)। নতুন নির্দেশনায় এসব ছবি বা ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
নতুন এই নির্দেশনাটি মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা এবং অন্যান্য সকল রেকর্ডিং ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিমানবন্দর প্রাঙ্গণ (Apron), প্যাসেঞ্জার টার্মিনাল, প্রশাসনিক ও প্রযুক্তিগত ভবনসহ কর্তৃপক্ষের অধীনস্থ সকল স্থাপনা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
যেসব বিষয়ে কড়া নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে:
-
নিরাপত্তা ব্যবস্থা ও চেকপয়েন্ট: সিকিউরিটি চেকিং, স্ক্যানার, আইডি পরিদর্শন কেন্দ্র এবং নজরদারি ক্যামেরা (CCTV)-এর কোনো অংশ ছবি বা ভিডিওতে আনা যাবে না।
-
অভ্যন্তরীণ নথি ও চিঠি: বিমানবন্দর কর্তৃপক্ষের অভ্যন্তরীণ দাপ্তরিক কাগজপত্র, গোপনীয় ফাইল বা অফিসিয়াল চিঠিপত্রের ছবি বা ভিডিও তোলা ও প্রকাশ নিষিদ্ধ।
-
রানওয়ে ও ফ্লাইট অপারেশন: রানওয়েতে উড়োজাহাজের ওঠানামা, গ্রাউন্ড হ্যান্ডলিং ও কার্গো অপারেশন সম্পর্কিত কোনো ফুটেজ ধারণ বা পোস্ট করা যাবে না।
বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, গোপনীয়তা রক্ষা এবং অপারেশনাল কাজের সুরক্ষা নিশ্চিত করতেই এই নতুন সার্কুলার জারি করা হয়েছে বলে জানা গেছে।
তথ্যসূত্র: কুয়েত সিভিল এভিয়েশন অথরিটি