১২ নভেম্বর ২০২৬

মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের উদ্যোগ ‘আলফু মুসলিমাহ"

প্রকাশ: সোমবার, আগস্ট ২৪, ২০২৬
মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের উদ্যোগ ‘আলফু মুসলিমাহ
টপ স্টোরিজ

বিশ্বব্যাপী মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণের উদ্যোগ নিয়েছে কাতারের আল-মুজাদিলাহ সেন্টার অ্যান্ড মসজিদ ফর উইমেন নামের একটি নারী বিশেষায়িত আধুনিক শিক্ষা ও গবেষণা কেন্দ্র।

সম্প্রতি দ্যা পেনিনসুলায় এবিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, মুসলিম বিশ্বের প্রথম নারী বিশেষায়িত আধুনিক শিক্ষা ও গবেষণা কেন্দ্র আল-মুজাদিলাহ সেন্টার অ্যান্ড মসজিদ ফর উইমেন মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে ‘আলফু মুসলিমাহ’ নামের একটি বৈশ্বিক উদ্যোগ চালু করেছে।

কাতারের এডুকেশন সিটিতে অবস্থিত প্রতিষ্ঠানটি জানায়, এই বৈশ্বিক উদ্যোগের লক্ষ্য হলো, ইতিহাসজুড়ে মুসলিম নারীদের জীবন, বুদ্ধিবৃত্তিক অবদান ও দীর্ঘস্থায়ী উত্তরাধিকার বা অতীত থেকে চলে আসা কাজের ধারাগুলোকে নথিবদ্ধ করা। এ উদ্যোগের আওতায় গবেষক ও শিক্ষাবিদদের একটি যৌথ বিশ্বকোষ তৈরিতে অংশগ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে “ইতিহাসে নেতৃত্ব ও প্রভাব বিস্তারকারী মুসলিম নারীরা কেবল ব্যতিক্রমী কিছু ব্যক্তি ছিলেন”—এমন ধারণাকে চ্যালেঞ্জ করা হবে। এর বিপরীতে জ্ঞানচর্চা, শিক্ষা, সামাজিক নেতৃত্ব, রাজনীতি, অর্থনৈতিক জীবন ও পরিবারে নারীদের দীর্ঘদিনের অংশগ্রহণের ঐতিহ্য তুলে ধরা হবে।

আল-মুজাদিলাহর রিসার্চ ম্যানেজার ড. নাজাহ নাদি এবিষয়ে বলেন, আজকালকার তরুণীদের জন্য মুসলিম নারীদের আদর্শ হিসেবে কীভাবে উপস্থাপন করা যায়—এ নিয়ে আলোচনার মধ্য থেকেই এই উদ্যোগের ধারণা এসেছে।

তিনি বলেন, “আমরা আবিষ্কার করেছি যে ইসলামী নেতৃত্বের মডেল ধারণকারী মুসলিম নারীদের পরিসর এতটাই বিস্তৃত যে, তাদের ব্যতিক্রমী নারী হওয়ার যে ধারণা রয়েছে, তা আর টেকে না।”

তিনি আরো বলেন, “আলফু মুসলিমাহ প্রকল্পের লক্ষ্য হলো এসব ইতিহাসকে আরো সহজলভ্য করে তোলা এবং ‘রিআয়া’ (رعاية) বা দায়িত্বশীল তত্ত্বাবধানের ইসলামী ধারণার আলোকে নারীদের নেতৃত্ব সম্পর্কে আরো বিস্তৃত ধারণা তুলে ধরা।”

এছাড়াও বলেন, “মুসলিম নারীদের অবদান নতুন কোনো বিষয় নয়; নারীরা দীর্ঘদিন ধরে জ্ঞান উৎপাদন ও জ্ঞান হস্তান্তর, গবেষণা, রাজনীতি, সমাজ, অর্থনৈতিক জীবন এবং পরিবারের মতো ক্ষেত্রগুলোতে অংশগ্রহণ করে আসছে।”

মুসলিম নারীদের এসব অবদান নথিবদ্ধ করা ইসলামের আরও পূর্ণাঙ্গ উপলব্ধি গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের অর্ধেকই নারী।

ইতিহাসের যেসব অংশ এতদিন উপেক্ষিত ছিল, এই উদ্যোগ সেসব অংশকে সামনে আনতে, নতুন প্রজন্মকে মুসলিম নারীদের অবদান ও নেতৃত্বের দীর্ঘ ঐতিহ্য সম্পর্কে জানতে ও নিজেদের চিনতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটিতে বিস্তৃত ভৌগোলিক ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে এমন সব অঞ্চল ও সময়ের নারীদের, যারা তুলনামূলকভাবে কম পরিচিত এবং যাদের নিয়ে একাডেমিক গবেষণা বা জনপরিসরে আলোচনা কম হয়েছে।

আলফু মুসলিমাহ ইসলামী সভ্যতাভুক্ত বিশ্ব ও মুসলিম সম্প্রদায়গুলোর ১১টি বিস্তৃত অঞ্চলকে অন্তর্ভুক্ত করবে। এর মধ্যে রয়েছে—আরবি ভাষাভিত্তিক ও ফার্সি-প্রভাবিত বিশ্ব, তুর্কি অঞ্চল, ভারতীয় উপমহাদেশ, সাব-সাহারান আফ্রিকা, মালয় দ্বীপপুঞ্জ, চীন ও পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, ইংরেজিভাষী দেশগুলো, মূল ভূখণ্ডের ইউরোপ এবং লাতিন আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল।

ব্যক্তিবিশেষ নারীদের তথ্য সংরক্ষণের পাশাপাশি, মুসলিম নারীদের কীভাবে ঐতিহাসিক উৎসগুলোতে নথিবদ্ধ ও উপস্থাপন করা হয়েছে, কোথায় তথ্যের ঘাটতি রয়েছে, সময়ের সঙ্গে তাদের সম্পর্ক কেমন ছিলো ও বর্ণনাগুলো কীভাবে পরিবর্তিত হয়েছে—তাও এই প্রকল্পে পর্যালোচনা করা হবে।

আল মুজাদিলাহর রিসার্চ ম্যানেজার ড. নাজাহ আরো বলেন, “নারীদের সম্পর্কে নথি আছে কি না, আমরা শুধু সেটিই জানতে আগ্রহী নই; বরং নারীদের কীভাবে নথিবদ্ধ করা হয়েছে, সেটিও আমাদের আগ্রহের বিষয়।” তিনি জানান, মুসলিম নারীদের ইতিহাস কীভাবে সংরক্ষিত ও এর ব্যাখ্যা কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়া হয়েছে, আমাদের উদ্যোগটি সেটিও পর্যালোচনা করতে চায়।

লেখক, গবেষক ও শিক্ষাবিদদের কাছে একটি উন্মুক্ত প্রস্তাবনাও চাওয়া হচ্ছে। প্রস্তাবগুলোর গবেষণাগত মান এবং প্রকল্পের গবেষণা-পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যতা যাচাই করা হবে। অংশগ্রহণকারীদের প্রচলিত জীবনী লেখার গণ্ডির বাইরে গিয়ে প্রত্যেক মুসলিম নারীর গুরুত্বপূর্ণ অবদান, নেতৃত্বের ধরন ও উত্তরাধিকার বিশ্লেষণ করতে হবে। একই সঙ্গে ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক সময়কাল এবং প্রভাব বিস্তারের ক্ষেত্রের বৈচিত্র্য নিশ্চিত করতে হবে।

একই সময়ে, আকর্ষণীয় লেখা, গল্প বলা, মৌখিক ইতিহাস এবং ভিজ্যুয়াল উপকরণের মাধ্যমে একাডেমিক গবেষণাকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করে তোলাও প্রকল্পটির অন্যতম লক্ষ্য।

আল মুজাদিলাহ জানায়, এই গবেষণায় ৫০০টির বেশি জীবনী অভিধান, পাণ্ডুলিপি, আর্কাইভ এবং বিপুলসংখ্যক ধ্রুপদি ও সমকালীন উৎস ব্যবহার করা হবে।

ড. নাজাহর মতে, এই বিস্তৃত তথ্যভান্ডারের উদ্দেশ্য হলো ‘আলফু মুসলিমাহকে’ শুধু পৃথক নারীদের জীবনী সংকলনের উৎস হিসেবে নয়, মুসলিম নারীদের ইতিহাস নিয়ে ভবিষ্যৎ গবেষণারও একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে গড়ে তোলা।

গবেষক ও শিক্ষাবিদদের জন্য এই উদ্যোগের লক্ষ্য হলো, বিদ্যমান ঐতিহাসিক বর্ণনাগুলোর ঘাটতি চিহ্নিত করা এবং বহু সংখ্যক গবেষণাকে উৎসাহিত করা।

আর বৃহত্তর পাঠকসমাজের জন্য এর লক্ষ্য হলো, আরো বিস্তৃত পরিসরের নারীদের জীবন ও অবদান সম্পর্কে সহজবোধ্য বিবরণ তুলে ধরা।

ড. নাজাহ বলেন, “কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা এই উদ্যোগে অংশ নিতে পারবেন। প্রস্তাবনা আরবি ও ইংরেজি—উভয় ভাষায় গ্রহণ করা হবে। আবেদনকারীরা প্রকল্পের সুপারিশকৃত তালিকা থেকে যেকোনো নারীকে বেছে নিতে পারবেন অথবা নিজেদের অঞ্চল কিংবা গবেষণার ক্ষেত্র থেকে অন্য কোনো ব্যক্তিত্বের নাম প্রস্তাব করতে পারবেন।” প্রত্যেক আবেদনকারী সর্বোচ্চ তিনটি প্রস্তাবনা জমা দিতে পারবেন।

উন্মুক্ত প্রস্তাবনার আহ্বানটি ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য আল-মুজাদিলাহর মাধ্যমে পাওয়া যাবে।

ড. নাজাহ জোর দিয়ে বলেন, এই উদ্যোগের চূড়ান্ত লক্ষ্য হলো, মুসলিম নারীদের অবদানের আরো সমৃদ্ধ ও বৈচিত্র্যময় নথি তৈরি করা এবং ইতিহাসে তাদের অবস্থান সম্পর্কে গবেষণা, শিক্ষা ও জনসাধারণের উপলব্ধির জন্য একটি দীর্ঘস্থায়ী সম্পদ গড়ে তোলা।

সূত্র: দ্যা পেনিনসুলা

আল শাকাব আন্তর্জাতিক আরব ঘোড়া প্রদর্শনী ২০২৬: চতুর্থ সংস্করণের জমকালো আয়োজন

প্রকাশ: শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
আল শাকাব আন্তর্জাতিক আরব ঘোড়া প্রদর্শনী ২০২৬: চতুর্থ সংস্করণের জমকালো আয়োজন
টপ স্টোরিজ

বিশুদ্ধ আরব ঘোড়ার সৌন্দর্য, ঐতিহ্য ও স্থায়ী উত্তরাধিকার উদযাপনের লক্ষ্য নিয়ে কাতার ফাউন্ডেশনের সদস্য আল শাকাবের উদ্যোগে আগামী ৪ থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ আল শাকাব আন্তর্জাতিক আরব ঘোড়া প্রদর্শনী।

আল শাকাবের আউটডোর অ্যারেনায় অনুষ্ঠিতব্য চার দিনব্যাপী এই মেগা ইভেন্টটি সামাজিক ও ক্রীড়া অবদান তহবিল দ্বারা সমর্থিত।

কাতার অলিম্পিক কমিটির সভাপতি এবং আল শাকাবের বোর্ডের চেয়ারম্যান মহামান্য শেখ জোয়ান বিন হামাদ আল-থানির পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারের আসর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে তুলে ধরা হলো:

নিবন্ধন প্রক্রিয়া:

অংশগ্রহণকারী ঘোড়ার মালিক ও প্রজনকদের জন্য নিবন্ধন কার্যক্রম গত ২০ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং তা ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত খোলা থাকবে।

আন্তর্জাতিক স্বীকৃতি (ECAHO ক্যাটেগরি বি শো):

ইউরোপীয় আরব ঘোড়া সংস্থাগুলির সম্মেলনের (ইসিএএইচও) তত্ত্বাবধানে ইভেন্টটিকে 'ক্যাটেগরি বি' শো হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এর ফলে প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়াগুলো আরও উচ্চ শ্রেণীর আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগ্যতা অর্জনের সুযোগ পাবে।

বিশ্বমঞ্চের মিলনমেলা:

কাতারসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের শীর্ষ প্রজনক, মালিক এবং আরব ঘোড়া প্রেমীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। এটি আন্তর্জাতিক আরব ঘোড়া সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মিলনস্থলে পরিণত হয়েছে।

ঐতিহ্য সংরক্ষণ:

আল শাকাবের প্রজনন ও শো বিভাগের প্রধান এবং চ্যাম্পিয়নশিপের ডিরেক্টর খালিদ আল-জেহানি জানান যে, বিশুদ্ধ আরব ঘোড়ার ঐতিহ্য সংরক্ষণ ও আন্তর্জাতিক অঙ্গনে কাতারের অবস্থান আরও সুদৃঢ় করতে এই প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রতিযোগিতার গণ্ডি পেরিয়ে আল শাকাব আন্তর্জাতিক আরব ঘোড়া প্রদর্শনী আজ মালিক ও প্রজনকদের মাঝে মেলবন্ধন এবং আরব সংস্কৃতির গভীর ঐতিহ্য প্রদর্শনের অন্যতম প্রধান মঞ্চে রূপ নিয়েছে।

কাতার বোট শো ২০২৬-এর টিকিট বিক্রি শুরু: জেনে নিন সময়সূচি ও মূল্য

প্রকাশ: রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
কাতার বোট শো ২০২৬-এর টিকিট বিক্রি শুরু: জেনে নিন সময়সূচি ও মূল্য
টপ স্টোরিজ

ওল্ড দোহার পোর্টে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ‘কাতার বোট শো ২০২৬’ -এর টিকিট বিক্রি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চার দিনব্যাপী এই মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির পৃষ্ঠপোষকতায় এই প্রদর্শনী পরিচালিত হচ্ছে।

বিশ্বের শীর্ষস্থানীয় ইয়ট ও বোট প্রস্তুতকারক প্রতিষ্ঠান, সামুদ্রিক খাতের পেশাদার এবং জলপথপ্রেমীদের নিয়ে আয়োজিত এই প্রদর্শনী কাতারের সামুদ্রিক ঐতিহ্য ও আধুনিক উদ্ভাবনকে একসঙ্গে তুলে ধরে। গত বছর দ্বিতীয় সংস্করণে এই বোট শোতে ২৭ হাজারের বেশি দর্শনার্থী এবং ৫০৫টি ব্র্যান্ড অংশ নিয়েছিল। এবারের আসরটি “ক্রাফটিং ওয়ান্ডারফুল” থিয়েনের অধীনে পরিচালিত হচ্ছে।

টিকিটের ক্যাটাগরি ও মূল্যতালিকা:

দর্শনার্থীরা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন অপশন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন:

  • সিঙ্গেল-ডে জেনারেল অ্যাডমিশন টিকিট: প্রতি ব্যক্তি প্রতি দিন ৫০ রিয়াল।

  • ৪ দিনের জেনারেল অ্যাডমিশন পাস: চার দিনের জন্য পুরো অ্যাক্সেস পেতে প্রতি ব্যক্তি ১৬০ রিয়াল।

  • হসপিটালিটি পাস: আরও উন্নত ও ভিআইপি অভিজ্ঞতার জন্য প্রতিদিনের পাস ৪৫০ রিয়াল।

হসপিটালিটি টিকিটের সুবিধাসমূহ:

  • ভিআইপি ও হসপিটালিটি লাউঞ্জে প্রবেশাধিকার।

  • ভিআইপি রেজিস্ট্রেশন এরিয়া ব্যবহারের সুবিধা।

  • ফ্রি ভিআইপি পার্কিং সুবিধা।

প্রদর্শনী প্রতিদিনের সময়সূচি:

  • বুধবার, ৪ নভেম্বর ২০২৬: বিকেল ৪:০০ টা – রাত ৯:০০ টা

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬: বিকেল ৪:০০ টা – রাত ১০:০০ টা

  • শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬: বিকেল ৪:০০ টা – রাত ১০:০০ টা

  • শনিবার, ৭ নভেম্বর ২০২৬: বিকেল ৪:০০ টা – রাত ৯:০০ টা

ওল্ড দোহার পোর্টের ঐতিহাসিক জলপ্রান্তে আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে লেটেস্ট মেরিন ইনোভেশন, সুপারইয়ট এবং বিশ্বমানের সামুদ্রিক ব্র্যান্ডগুলোর সমাহার দেখতে আগ্রহী দর্শনার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট (boatshowqatar.com/tickets) থেকে টিকিট বুকিং করতে পারবেন।

২০৩০ ফিফা বিশ্বকাপ নিরাপত্তা জোরদারে স্পেনের সাথে কাতারের গুরুত্বপূর্ণ চুক্তি

প্রকাশ: মঙ্গলবার, সেপ্টেম্বর ০৮, ২০২৬
২০৩০ ফিফা বিশ্বকাপ নিরাপত্তা জোরদারে স্পেনের সাথে কাতারের গুরুত্বপূর্ণ চুক্তি
টপ স্টোরিজ

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় ও নিখুঁত করার লক্ষে স্পেনের সাথে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কাতার।

স্পেন সফররত কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লখুইয়া’-র কমান্ডার হিজ এক্সিলেন্সি শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি দেশটির রাজধানী মাদ্রিদে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাসকা গোমেজের সাথে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেন।

বৈঠকে দুই বন্ধুভাবাপন্ন দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত ও শক্তিশালী করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই দেশের মন্ত্রী।

বৈঠক শেষে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী যৌথভাবে একটি ‘লেটার অব ইনটেন্ট’ বা সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। আগামী ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল আয়োজনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং উন্নত প্রযুক্তির যৌথ ব্যবহারের লক্ষ্যেই কাতার ও স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হলো।

সেপ্টেম্বরে কাতারে থাকছে একের পর এক বড় ইভেন্ট

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬
সেপ্টেম্বরে কাতারে থাকছে একের পর এক বড় ইভেন্ট
টপ স্টোরিজ

সেপ্টেম্বর ২০২৬-এ কাতারে জমজমাট ইভেন্ট ও উৎসব: কনসার্ট, খেলাধুলা, প্রদর্শনী ও পারিবারিক বিনোদন

চলতি সেপ্টেম্বর ২০২৬ মাসে রাজধানী দোহাসহ পুরো কাতারে থাকছে বর্ণিল ও বৈচিত্র্যময় ইভেন্টের এক বিশাল আয়োজন। কাতার ক্যালেন্ডারের অধীনে আয়োজিত এই কর্মসূচিতে পরিবার, শিশু, তরুণ ও সব বয়সি মানুষের বিনোদনের জন্য রয়েছে চমৎকার সব আয়োজন। আন্তর্জাতিক কনসার্ট, বিশ্বমানের খেলাধুলা, ঐতিহ্যবাহী প্রদর্শনী এবং প্রযুক্তি সম্মেলনের এক অপূর্ব সমাহার দেখা যাবে মাসজুড়ে।

পারিবারিক বিনোদন ও উৎসব

কালারভার্স এক্সপেরিয়েন্স (ColorVerse Experience): কাতারা সাউথ পার্কিংয়ে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিশুদের রঙ বাঁচানোর থিমে এই আকর্ষণীয় প্রদর্শনী চলছে।

ভার্চুওসিটি ব্যাটলগ্রাউন্ড ২০২৬ (Virtuocity Battleground 2026):** দোহা ফেস্টিভ্যাল সিটির ভার্চুওসিটিতে ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গেমিং অনুরাগীদের জন্য থাকছে রোমাঞ্চকর প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ।

ফুওয়াইরিত ব্রেক (Fuwairit Break): ফুওয়াইরিত কাইট বিচে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পরিবার নিয়ে ঘোরার জন্য থাকছে নানা আয়োজন।

দ্য জুরি এক্সপেরিয়েন্স (The Jury Experience): ইউ ভেন্যুতে (U Venue) আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দর্শকদের নিজেদের রায় দেওয়ার এক ব্যতিক্রমী অভিজ্ঞতা মিলবে।

মেনা ডব্লিউ ফেনা (Mena W Fena): আল হাজম আউটডোর এলাকায় ২৪ সেপ্টেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে ঐতিহ্যবাহী ও স্বতন্ত্র কাতারি পণ্যের প্রদর্শনী।

খেলাধুলা ও আন্তর্জাতিক টুর্নামেন্ট

বিট দ্য হিট (Beat the Heat): গ্রীষ্মকালীন ফিটনেস ও রেস সিরিজটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে চলছে।

বিশ্ব ইউনিভার্সিটি ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ২০২৬: কাতার ফাউন্ডেশনে আগামী ৮ থেকে ১২ সেপ্টেম্বর এই বিশ্ব আসর অনুষ্ঠিত হবে।

শোর ফিনিক্স গেমস ২০২৬ (Seashore Phoenix Games 2026): স্পায়ার লেডিজ স্পোর্টস হলে আগামী ১০ থেকে ১৪ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের ফিটনেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।

কাতার ক্লাসিক স্কোয়াশ ২০২৬ (Qatar Classic Squash 2026): খলিফা ইন্টারন্যাশনাল টেনিস অ্যান্ড স্কোয়াশ কমপ্লেক্সের কোর্টে আগামী ১২ থেকে ১৮ সেপ্টেম্বর বিশ্বের শীর্ষস্থানীয় স্কোয়াশ খেলোয়াড়রা লড়বেন। এছাড়া ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রথম কাতার এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস টুর্নামেন্ট।

শিল্প, সংস্কৃতি ও প্রদর্শনী

কাতারা এসদাইল প্রদর্শনী (S'hail 2026): কাতারা কালচারাল ভিলেজে আগামী ৮ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দশম আন্তর্জাতিক শিকার ও ফ্যালকন প্রদর্শনী।

মিউজিয়াম অব ইসলামিক আর্ট (MIA): আগামী ৩ সেপ্টেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সেখানে ‘উজবেকিস্তান: হেরিটেজ ইন মোশন’ এবং ‘একতাশফ উজবেকিস্তান’ প্রদর্শনী চলবে।

কিউপিও প্রেজেন্টস (QPO Presents): কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (QNCC) ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে চাইকভস্কির পিয়ানো কনসার্টো নং-১। এছাড়া ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘কাতার-মেক্সিকো কালচারাল ইয়ার: সাউন্ডস অব মেক্সিকো’।

বিলারবি বার্ষিক সম্মেলন: ১৯ থেকে ২০ সেপ্টেম্বর এডুকেশন সিটির মুলতাকা সেন্টারে এটি অনুষ্ঠিত হবে।

সঙ্গীত, কমেডি ও লাইভ কনসার্ট

জন লিজেন্ড কনসার্ট: কিউএনসিসির হল ৩ ও ৪-এ আগামী ১০ সেপ্টেম্বর পারফর্ম করবেন বিশ্বখ্যাত তারকা জন লিজেন্ড।

স্ট্যান্ড-আপ কমেডি শো: একই দিনে (১০ সেপ্টেম্বর) সৌক ওয়াকিফের আবদুল আজিজ নাসের থিয়েটারে সালেহ এল নাওয়াবির ‘ঘাইবূবা’ এবং ১৭ সেপ্টেম্বর কিউএনসিসির আল মায়াস্সা থিয়েটারে পারফর্ম করবেন তাহা দেশৌকি।

টিন ও রক কনসার্ট: আগামী ২৫ সেপ্টেম্বর সৌক ওয়াকিফের আবদুল আজিজ নাসের থিয়েটারে থাকছে ‘ফিনা নহকে? - জন আচকার লাইভ ইন দোহা’। এছাড়া একই দিনে কিউএনসিসিতে রকপ্রেমীদের মাতাতে আসছে বিখ্যাত ব্যান্ড ‘পিংক ফয়েড লেগ্যাসি লাইভ’।

ব্যবসা, প্রযুক্তি ও বাণিজ্য প্রদর্শনী

অটোনমাস ই-মোবিলিটি ফোরাম ২০২৬: আগামী ৭ থেকে ৯ সেপ্টেম্বর কিউএনসিসিতে এই ফোরাম অনুষ্ঠিত হবে।

গুগল ক্লাউড সামিট দোহা ২০২৬: আগামী ২২ সেপ্টেম্বর কিউএনসিসির হল ৮ ও ৯-এ এই প্রযুক্তি সম্মেলন অনুষ্ঠিত হবে।

কাতার ফিনটেক এক্সপো ২০২৬: আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর হিলটন দোহা হোটেলে ফিনটেক মেলা অনুষ্ঠিত হবে।

দোহা জুয়েলার্স অ্যান্ড ওয়াচেস এক্সিশন ২০২৬: আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ডিইসিসি (DECC)-তে শুরু হবে ঐতিহ্যবাহী এই অলংকার প্রদর্শনী। এছাড়া ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর আল হাজম গ্যালারিতে বসবে নবম জিনাতা প্রদর্শনী (Zinatha Exhibition)।

আর্মেনিয়া থেকে প্রথম লেজার চার্টার ফ্লাইটকে স্বাগত জানাল কাতার

প্রকাশ: রবিবার, আগস্ট ৩০, ২০২৬
আর্মেনিয়া থেকে প্রথম লেজার চার্টার ফ্লাইটকে স্বাগত জানাল কাতার
টপ স্টোরিজ

কাতারে ইনবাউন্ড লেজার ট্যুরিজম বা বিনোদনমূলক পর্যটনের পরিধি বাড়াতে এবং নতুন পর্যটন বাজার তৈরির ক্ষেত্রে একটি বড় মাইলফলক অর্জিত হয়েছে। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে আসা প্রথম লেজার চার্টার ফ্লাইটকে শনিবার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে।

রুস্তার ট্যুর অপারেটর এর অংশীদারিত্বে ফ্লাইওয়ান এয়ারলাইন্স এই ফ্লাইটটি পরিচালনা করছে। এর মাধ্যমে ইয়েরেভান ও দোহার মধ্যে এয়ারবাস এ৩২০ মডেলের বিমান দিয়ে প্রতি সপ্তাহে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে। আগামী ২০২৭ সালের ১৫ মে পর্যন্ত এই চার্টার প্রোগ্রাম চলবে। এর ফলে নির্দিষ্ট এই সময়ের মধ্যে আর্মেনিয়া থেকে প্রায় ৬ হাজার ৫০০ পর্যটক কাতার ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক আঞ্চলিক অপারেশনাল ব্যাঘাতের পর কাতারে আসা এটিই প্রথম লেজার চার্টার ফ্লাইট। এটি প্রমাণ করে যে পর্যটক, ট্রাভেল পার্টনার এবং বৈশ্বিক এভিয়েশন কমিউনিটির কাছে কাতার এখন আগের মতো পুরোপুরি নিরাপদ এবং স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে।

বিশ্বমানের পর্যটন পরিকাঠামো, অতিথি আপ্যায়ন এবং এভিয়েশন খাতের ওপর ভিত্তি করে কাতার যে একটি নিরাপদ ও দারুণ গন্তব্য, এই ফ্লাইট চালুর মাধ্যমে সেটি আবারও প্রমাণিত হলো। এছাড়া এই উদ্যোগের ফলে কাতার ও আর্মেনিয়ার মধ্যে পর্যটন সম্পর্ক আরও গভীর হবে এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালুর পথও প্রশস্ত হবে।