ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় বিকল্প উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিচ্ছে ভারত। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকে কেনা এলএনজি কাতারের সঙ্গে নতুন সরবরাহ চুক্তির আওতায় আনার ভারতের প্রস্তাব বিবেচনা করতে রাজি হয়েছে কাতার।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি আমদানিকারক প্রতিষ্ঠান পেট্রোনেট এলএনজির (পিএলএনজি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বৃহত্তম গ্যাস আমদানিকারক প্রতিষ্ঠান পেট্রোনেট এলএনজি লিমিটেড ২০২৮ সাল থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কেনার বিষয়ে কাতারের সঙ্গে আলোচনা করছে। প্রতিষ্ঠানটির গ্রুপ জেনারেল ম্যানেজার বিবেক মিত্তাল বিশ্লেষকদের সঙ্গে এক আলোচনায় এ তথ্য জানান। ভারতে সবচেয়ে বেশি এলএনজি সরবরাহ করে কাতার।
বর্তমানে পেট্রোনেটকে বছরে ৭৫ লাখ মেট্রিক টন এলএনজি সরবরাহের চুক্তি রয়েছে কাতারের। ২০২৮ সালের এপ্রিলে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তা আরও ২০ বছরের জন্য নবায়ন করা হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, ২০৪৮ সাল পর্যন্ত ভারতকে এলএনজি সরবরাহ করবে কাতার।
নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে কেনা এলএনজি সরবরাহ করা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে বিবেক মিত্তাল বলেন, ২০২৮ সালে শুরু হতে যাওয়া চুক্তিতে গ্যাস সরবরাহের উৎস বাড়ানোর বিষয়ে কাতারের সঙ্গে আলোচনা হয়েছে। ভারতের এই প্রস্তাব বিবেচনা করতে রাজি হয়েছে দেশটি।
এ ছাড়া অন্য দেশ থেকে কাতারের কেনা জ্বালানির একটি নির্দিষ্ট অংশ ভারতকে সরবরাহের প্রস্তাবও দিতে পারে কাতার।
গত মাসে যুক্তরাষ্ট্রের উডসাইডের বিভিন্ন স্থাপনা থেকে বছরে ৩০ লাখ মেট্রিক টন এলএনজি কেনার জন্য ২০ বছর মেয়াদি চুক্তি করেছে কাতারএনার্জি। ২০৩০ সাল থেকে এ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের চেনিয়ের এনার্জির সঙ্গে দুটি চুক্তি করেছে কাতারএনার্জি। এসব চুক্তির আওতায় ২০৫৪ সাল পর্যন্ত বছরে সর্বোচ্চ ৪০ লাখ মেট্রিক টন এলএনজি কেনার সুযোগ থাকবে। যুক্তরাষ্ট্রের সাবিন পাস ও করপাস ক্রিস্টি স্থাপনা থেকে এসব গ্যাস সরবরাহ করা হবে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব পড়েছে কাতারের জ্বালানি সরবরাহেও। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া এবং কাতারের রাস লাফান গ্যাস স্থাপনায় হামলার পর গত মার্চে চুক্তি অনুযায়ী এলএনজি সরবরাহ করতে না পারার কথা জানায় কাতারএনার্জি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ পরিস্থিতি আপাতত ডিসেম্বর পর্যন্ত চলতে পারে।
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে ভারত এখন যুক্তরাষ্ট্র, ওমান, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানি করছে। অন্যদিকে, কাতার থেকে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় তিনটি গ্যাসবাহী জাহাজের ভাড়া চুক্তিও স্থগিত করেছে পেট্রোনেট।