Gulf Bangla

স্বর্গে যাওয়ার শর্তেও শত্রুদের ক্ষমা করতে নারাজ ট্রাম্প

প্রকাশ: সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
স্বর্গে যাওয়ার শর্তেও শত্রুদের ক্ষমা করতে নারাজ ট্রাম্প

নিজেকে ধার্মিক বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (৮ অক্টোবর) রাতে সিবিএস নিউজে প্রচারিত ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে রস ডাউথাটকে দেওয়া এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

অনন্ত স্বর্গ লাভের বিনিময়ে হলেও কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরোধীদের ক্ষমা করতে পারবেন? মৃত্যুর পর কী হবে বলে তিনি মনে করেন?

এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি একজন ধার্মিক ব্যক্তি। তাই তত্ত্বগতভাবে আমি স্বর্গে যাব।’

এরপর ডাউথাট প্রশ্নটি আরও স্পষ্ট করেন। তিনি বলেন, ‘ধরুন, আপনি মারা গেলেন এবং পরকালে প্রবেশ করলেন। স্বর্গে যাওয়ার জন্য আপনাকে শুধু জেমস কোমি, ন্যান্সি পেলোসি কিংবা এমন কাউকে ভালোবাসতে ও ক্ষমা করতে হবে, যাঁদের প্রতি আপনি বছরের পর বছর ধরে ঘৃণা প্রকাশ করেছেন। আপনার কি মনে হয়, আপনি তা করতে পারবেন?’

জবাবে ট্রাম্প বলেন, ‘তাহলে তো আমি আর বাস্তব থাকব না, তাই না?’

তিনি তাদের ‘অত্যন্ত অসৎ, খুব খারাপ এবং আমাদের দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর’ বলেও আখ্যা দেন।

ডাউথাট জানতে চান, ‘তাহলে কি উত্তরটা না?’

ট্রাম্প জবাব দেন, ‘উত্তরটা হলো না। সত্যি বলতে, না।’

এরপর ডাউথাট বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আমার সারা জীবনে দেখা আমেরিকানদের মধ্যে আপনার জীবনই সবচেয়ে সৌভাগ্যপূর্ণ ও অসাধারণ। অথচ আপনি বলছেন, ঈশ্বরের বিচারাসনের সামনে দাঁড়িয়েও আপনি আপনার কিছু শত্রুকে ক্ষমা করতে পারবেন না? আপনাকে এত কিছু দেওয়ার পরও?’

‘আমি কি সত্যি কথা বলতে পারি?’ পাল্টা প্রশ্ন করেন ট্রাম্প। তারপর তিনি বলেন, ‘না, সম্ভবত আমি তা করতে পারব না। কারণ, আমি আমার কিছু শত্রুকে ঘৃণা করি এবং ভবিষ্যতেও করব।’

গত এক দশকে প্রেসিডেন্ট ট্রাম্পের রোষের লক্ষ্যবস্তু হয়েছেন অসংখ্য ব্যক্তি। তার দ্বিতীয় মেয়াদে তাদের অনেকেই আইনি তদন্ত ও বিচারের মুখোমুখি হয়েছেন। তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে ফেডারেল অভিযোগও আনা হয়েছে: সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

প্রেসিডেন্টের প্রথম মেয়াদে ট্রাম্প ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক নিয়ে এফবিআইয়ের তদন্তের তত্ত্বাবধান করেছিলেন কোমি। এক বছরের ব্যবধানে বিচার বিভাগ তার বিরুদ্ধে দুবার অভিযোগ আনে- প্রথমবার ২০২৫ সালের সেপ্টেম্বরে, এরপর চলতি বছরের এপ্রিলে। প্রথম মামলাটি খারিজ হয়ে গেলেও ইনস্টাগ্রামে একটি পোস্টকে কেন্দ্র করে করা দ্বিতীয় মামলাটি এখনো বিচারাধীন।

গত মাসে কোমির বিরুদ্ধে গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগ আনার উদ্যোগও নিয়েছে বিচার বিভাগ। এটি হবে তার বিরুদ্ধে তৃতীয় সম্ভাব্য অভিযোগ।

অন্যদিকে, লেটিশিয়া জেমসের দপ্তর ২০২২ সালে ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে দেওয়ানি জালিয়াতির মামলা করে সফল হয়েছিল। পরে জেমস নিজেই ব্যাংক জালিয়াতি এবং একটি আর্থিক প্রতিষ্ঠানে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। তবে একজন বিচারক উভয় অভিযোগই খারিজ করে দেন।

ট্রাম্পের প্রথম প্রশাসনে দায়িত্ব পালন করা ইরান-নীতি নিয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত জন বোল্টনই তার ধারাবাহিক লক্ষ্যবস্তুদের মধ্যে একমাত্র ব্যক্তি, যার বিরুদ্ধে সফলভাবে বিচারপ্রক্রিয়া এগিয়েছে।

জুনে তিনি গোপনীয় তথ্য গোপন রাখার অপরাধ স্বীকার করেন। ডিসেম্বর মাসে তার সাজা ঘোষণা করা হবে। সূত্র: সিবিসি নিউজ

ঢাকায় একের পর এক নাশকতা, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
ঢাকায় একের পর এক নাশকতা, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানী ঢাকায় একের পর এক বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের কয়েক ঘণ্টার ব্যবধানে মহাখালী, পল্লবী, বাড্ডা ও রামপুরায় চারটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পাশাপাশি মোহাম্মদপুরের পাঁচটি স্থান এবং যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন পুলিশ বক্সের সামনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।

রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পরে রাত সোয়া ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান মিয়া বাসে আগুনের ঘটনাগুলোর তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুরে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মোহাম্মদপুরে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়সহ পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেট এলাকায়, রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেটে এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া বসিলায় র‍্যাব-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণ হয়।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্যামলী এলাকা থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

তিনি আরও জানান, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে একটি ককটেল নিক্ষেপ করা হলেও সেটি বিস্ফোরিত হয়নি। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করে।

যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ

এদিকে, রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা দুটি ককটেল সামাদ সুপার মার্কেটের সামনে বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ককটেল বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হয়নি।

একের পর এক অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এসব ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেন।

মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবের বিরোধিতা করল সৌদি আরব, ওমান, কাতার ভোটদানে বিরত বাংলাদেশ

প্রকাশ: বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবের বিরোধিতা করল সৌদি আরব, ওমান, কাতার ভোটদানে বিরত বাংলাদেশ

বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতের আহ্বান জানিয়ে জাতিসংঘে উত্থাপিত একটি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ এবং বিপক্ষে ভোট পড়েছে ৩৩টি। তবে বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।

‘মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতকরণ’ শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করে মেক্সিকো। গত ১৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে প্রস্তাবটি অনুমোদিত হয়।

প্রস্তাবের বিরোধিতা করে ভোট দেওয়া ৩৩টি দেশের মধ্যে রয়েছে ভারত, বাহরাইন, চীন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের তথ্যমতে, বিশ্বের অধিকাংশ দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বিলুপ্ত করেছে অথবা এর প্রয়োগ স্থগিত রেখেছে।

সংস্থাটির মতে, অপরাধ দমন কিংবা ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কার্যকর ভূমিকার যথেষ্ট প্রমাণ নেই।

জাতিসংঘ আরও বলেছে, একবিংশ শতাব্দীতে মৃত্যুদণ্ডের মতো শাস্তির কোনো স্থান থাকা উচিত নয়। এ কারণে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের ব্যবহার স্থগিতের আহ্বান জানিয়ে আসছে সংস্থাটি।

৪টি ফ্লাইট দিয়ে চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল

প্রকাশ: সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
৪টি ফ্লাইট দিয়ে চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল

প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড বা তৃতীয় টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে থার্ড টার্মিনাল আংশিকভাবে চালু হবে।

আপাতত দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। এ ফ্লাইটগুলো নিয়মিত চলার পাশাপাশি ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।

শনিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী এ কথা বলেন তিনি। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুকরণ বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।

নির্ধারিত সময়ে টার্মিনাল-৩ এর কার্যক্রম শুরু নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় টার্মিনালটি চালুর পর্যায়ে এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে চালুর পর টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে সচল করার কার্যক্রম অব্যাহত থাকবে। অন্যান্য কাজও চলমান থাকবে। এরপর আগামী মার্চে টার্মিনালটি পুরোপুরি চালুর পরিকল্পনা রয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় টার্মিনাল চালুর লক্ষ্যে ইমিগ্রেশন বুথের কার্যক্রম শুরু করা, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন পরিচালনা এবং চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা।

প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করলেন কাতারি রাষ্ট্রদূত

প্রকাশ: সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করলেন কাতারি রাষ্ট্রদূত

দোহায় একটি সম্মেলনে যোগদানের জন্য কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফির এক‌টি আমন্ত্রণপত্র পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কা‌ছে হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সেরায়া আলী মাহদি সাইদ আল-কাহতানি। রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রে আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান অব্যবহৃত সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। তিনি কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়ে বাংলাদেশের আগ্রহের ওপরও জোর দেন।

রাষ্ট্রদূত কাতারের অর্থনীতিতে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং তাদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও মর্যাদাপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।

রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রতিমন্ত্রী বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে কাতার সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং এই সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে দেশটির সম্পৃক্ততা অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান

প্রকাশ: রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। এ তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি স্থান পেয়েছেন দেশের বিশিষ্ট মানবাধিকারকর্মী ও গবেষক ড. হামিদা হোসেন।

প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০’ তালিকার রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মধ্য দিয়ে দলটি আবার রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে।

নির্বাচনের পর অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে তালিকার রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত মানবাধিকারকর্মী, গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন। নারীর অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিত এ তালিকায় স্থান পেয়ে আসছেন।

প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করা হয়।

তালিকা প্রকাশের নিয়ম অনুযায়ী, শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। অন্যদিকে বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট ক্রমে না রেখে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।

এবারের তালিকায় বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই র‍্যাঙ্কিংবিহীন ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।