এতো কষ্ট করে অর্জন করা ‘বিশ্বকাপ ট্রফি’ স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া একটি প্লাস্টিকের ব্যাগে করে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে নিয়ে যাচ্ছেন। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার), ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে। এতে সবার চোখ কপালে। আসলে কী তাই?
বিশ্বকাপ-২০২৬ এ স্পেন দুর্দান্ত পারফরম্যান্স দেখালো। ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুললো লামিন ইয়ামালরা।
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের শিরোপা জিতে নিলো স্পেন। ফাইনালে এনজো ফার্নান্দেসের লাল কার্ড এবং আর্জেন্টিনার খেলার পারফরম্যান্স নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনি কুকুরেয়ার এই ঘটনাও মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে।
ঐতিহাসিক জয়ের পর স্পেনের ফুটবলাররা যখন স্টেডিয়াম ছাড়ছিলেন, তখন ক্যামেরায় ধরা পড়ে কুকুরেয়ার হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগটি। ব্যাগের ভেতরে বিশ্বকাপ ট্রফির মতো একটি বস্তু দেখে অনেকেই বিস্মিত হন। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং স্পেনের স্মরণীয় জয়ের রাতে এটি হয়ে ওঠে আরেকটি আলোচিত ঘটনা।
কী আছে ওই ভিডিওতে?
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া একটি সাধারণ সাদা প্লাস্টিকের ব্যাগে বিশ্বকাপ ট্রফির মতো দেখতে একটি বস্তু বহন করছেন। চেলসি ডিফেন্ডার মার্ক কুকুরেয়াকে এভাবে স্টেডিয়াম ছাড়তে দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হন। পরে সেই ঘটনা ভাইরাল।
অনেকে এটিকে নিছক মজার ঘটনা মনে করলেও অনেকে আবার তীব্র সমালোচনা করে বলছেন, ‘যে ট্রফি কোটি কোটি টাকা মূল্যের, জয়ের পর সেই ট্রফির কি না জায়গা হলো ময়লা ফেলার ব্যাগে!’
তবে দ্য সানডে গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বলছে, ওই ভিডিওর মধ্যে যে ট্রফি ছিল সেটি নিছক লেগো দিয়ে তৈরি একটি খেলনা ট্রফি, বিশ্বকাপ ট্রফি নয়।
ঘটনাটি অনেকে বিশ্বাসও করছেন না, কারণ ৬ কেজির বেশি ওজনের ট্রফি এমন পাতলা পলিথিন ব্যাগে বহন করতে পারার কথাও না।
তবে আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও স্পেনের জয়ের পর এমন ঘটনা হাস্যরস জুগিয়েছে ফুটবলপ্রেমীদের মাঝে।