আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয় তুলে নিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট কেটেছে আফগানিস্তান। রশিদ খানদের এই জয়ে কপাল খুলেছে বাংলাদেশেরও। গাণিতিক সব হিসাব চুকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে গেছে টাইগারদের সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট।
আইসিসির নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ হওয়ায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুইয়ে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে অংশ নেবে। এছাড়া নির্ধারিত সময়সীমার (৩০ সেপ্টেম্বর) মধ্যে আইসিসি র্যাংকিংয়ে সেরা অবস্থানে থাকা দলগুলোর মূল পর্ব নিশ্চিতের কথা ছিল। আয়ারল্যান্ডের পরাজয়ে সময়সীমার আগেই চূড়ান্ত হয়ে গেল সেরা দলগুলোর তালিকা।
স্পোর্টস পোর্টাল ক্রিকইনফোর তথ্যমতে, আয়োজক দুই দেশ ছাড়াও র্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে অংশ নেবে—বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ।
বর্তমানে ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা র্যাংকিংয়ের শীর্ষ আটের ভেতরে থাকায় ৯ নম্বরে থাকা বাংলাদেশ সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের (৭৭ রেটিং) সামনে সুযোগ থাকলেও, নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ম্যাচগুলো জিতলেও বাংলাদেশকে টপকে যাওয়ার গাণিতিক কোনো সুযোগ নেই।
ফলে আবারও কপাল পুড়েছে সাবেক দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বাছাইপর্বের কঠিন সমীকরণ পেরিয়ে বিশ্বকাপের টিকিট খুঁজতে হবে ক্যারিবিয়ানদের।