১২ নভেম্বর ২০২৬

ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?

প্রকাশ: বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?

ইসরায়েলের নির্বাচনে আরব নেতৃত্বাধীন দলগুলো পার্লামেন্টে রেকর্ডসংখ্যক আসন পেতে যাচ্ছে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন কোনও জোটই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কিন্তু ইসরায়েলের প্রধান ইহুদি দলগুলোর বিরোধিতায় নির্বাচনী সাফল্য সত্ত্বেও সরকার গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারের নির্বাচনের আংশিক ফল ও বুথফেরত জরিপ অনুযায়ী, আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রা’আম দল দুটি মিলে ১২০ আসনের পার্লামেন্টে ১৭টি আসন পেতে পারে। অন্যদিকে, নেতানিয়াহুর জোট ৫৪টি এবং আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৯টি আসন পেতে পারে।

অন্যদিকে, ইহুদি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল রিপোর্ট লেখা পর্যন্ত এক প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট পেতে পারে ৫৩ আসন। আর আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৪৮ আসন।

সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানিয়েল শেকের মতে, এবারের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা আরব ভোটের পুনরুত্থান। তার ভাষায়, ইসরায়েলের রাজনৈতিক সমীকরণে এত বড় জনগোষ্ঠীকে আর উপেক্ষা করার সুযোগ নেই।

তবে বিশ্লেষকদের মতে, আরব দলগুলোর সামনে বড় বাধা রাজনৈতিক অঙ্ক নয়, বরং ইহুদি নেতৃত্বাধীন দলগুলোর অনীহা। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিন স্টাডিজবিষয়ক প্রতিষ্ঠান প্যালেস্টিনিয়ান ফোরাম ফর ইসরায়েলি স্টাডিজের মহাপরিচালক হোনাইদা ঘানাম বলেন, আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোকে সরকার গঠনের বৈধ অংশীদার হিসেবে মেনে নিতে অধিকাংশ ইসরায়েলি দলের আপত্তি রয়েছে।

সংখ্যাগরিষ্ঠতার সমীকরণ

টাইমস অব ইসরায়েল-এর হিসাব অনুযায়ী, আইজেনকটের বিরোধী জোটের সঙ্গে আরব দলগুলো যুক্ত হলে তাদের আসনসংখ্যা ৬৬-তে পৌঁছাতে পারে। এতে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে সরকার গঠনের প্রয়োজনীয় ৬১ আসনের সীমা অতিক্রম করা সম্ভব।

তবে ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক আহমেদ নাজ্জারের মতে, আরব দলগুলোর সঙ্গে জোট গঠনে বিরোধীদের অনীহা মূলত আদর্শিক। আইজেনকট আরব দলগুলোর প্রতি আনুগত্যের শর্ত আরোপ করেছেন এবং তাদের সমর্থনের ওপর নির্ভর করার সম্ভাবনাও নাকচ করেছেন।

রা’আমের নেতা মানসুর আব্বাস অবশ্য আইজেনকটের সরকারে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন। তার শর্ত, অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়গুলোতে আরব দলকে দায়িত্ব দিতে হবে। জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিনও নেতানিয়াহুর ডানপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করতে ভূমিকা রাখার কথা বলেছেন।

সমঝোতায় বাধা কোথায়?

নেতানিয়াহু আরব দলগুলোর সমর্থননির্ভর সরকার গঠনকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদর লিবারম্যানও সরকারে কেবল ‘জায়নবাদী’ দল রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।

তবে বিরোধী জোটের অংশ ডেমোক্র্যাটস দলের নেতা ইয়ার গোলান আরব দলগুলোর সঙ্গে সহযোগিতার পক্ষে। তার মতে, ইহুদি ও আরব ভোটের মধ্যে বিভাজন তৈরি করে রাখার নীতি আর মেনে নেওয়া উচিত নয়।

ইসরায়েলের রাজনীতিতে অবশ্য এর আগেও এমন সহযোগিতার নজির রয়েছে। ২০২১ সালের নির্বাচনের পর রা’আমের সমর্থন নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের নেতৃত্বাধীন সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তবে সেই সরকার বেশিদিন টেকেনি।

বিশ্লেষকদের মতে, আরব দলগুলোর সঙ্গে সমঝোতা না হলে নতুন নির্বাচন, বাইরে থেকে আরব দলগুলোর সমর্থনে সংখ্যালঘু সরকার, বিরোধী জোট থেকে নেতানিয়াহুর শিবিরে দলবদল কিংবা জাতীয় ঐক্যের সরকার- এই চারটি সম্ভাবনা সামনে রয়েছে।

ফলে রেকর্ড আসন পাওয়ার পরও আরব দলগুলো শেষ পর্যন্ত সরকার গঠনে কতটা প্রভাব বিস্তার করতে পারবে, তা নির্ভর করছে ইসরায়েলের প্রধান রাজনৈতিক দলগুলোর সমঝোতার ওপর।

সূত্র: আল-জাজিরা

কাতারে রাস্তা ও বাসাবাড়িতে ব্যবসা নিয়ে বালাদিয়ার সতর্কতা

প্রকাশ: মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
কাতারে রাস্তা ও বাসাবাড়িতে ব্যবসা নিয়ে বালাদিয়ার সতর্কতা

কাতারের আবাসিক এলাকা ও জনশৃঙ্খলা রক্ষায় বাণিজ্যিক কার্যক্রমে কঠোর নজরদারি শুরু করেছে কাতারের বালাদিয়া। সম্প্রতি এক জরুরি সতর্কবার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, কোনো ধরনের বৈধ লাইসেন্স বা অনুমতি ছাড়া আবাসিক বাড়ি, রাস্তাঘাট বা জনবহুল সড়কে বাণিজ্যিক পণ্য বিক্রি বা ব্যবসা পরিচালনা করা যাবে না।

"আপনার সম্মতিই আপনার দায়িত্ব" এই স্লোগানকে সামনে রেখে ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে, হোম বিজনেস লাইসেন্সধারী ব্যক্তিরা কেবল নির্দিষ্ট শর্ত ও নিয়মের মধ্যে থেকে অনুমোদিত কার্যক্রম চালাতে পারবেন।

তবে এই লাইসেন্সের অর্থ এই নয় যে, কেউ নিজের আবাসিক বাসস্থানকে একটি প্রচলিত খুচরা দোকান বা বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে রূপান্তর করতে পারবেন। নির্দিষ্ট সীমার বাইরে গিয়ে ব্যবসা করলে তা আইনি নিয়মের লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

রাস্তাঘাট ও সড়কে পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা

অনুমতি ছাড়া রাস্তা বা জনসাধারণের চলাচলের পথে পণ্য বিক্রি করার ওপরও কড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে:

  • রাজপথ বা ফুটপাতে লাইসেন্স ছাড়া ভ্রাম্যমাণ বা স্থায়ীভাবে পণ্য বিক্রি করা সম্পূর্ণ অবৈধ।

  • এ ধরনের অননুমোদিত কার্যক্রম সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটায় এবং সার্বিক জনশৃঙ্খলা ও শহরের নান্দনিক সৌন্দর্য নষ্ট করে।

  • আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও জরিমানা করা হবে।

লাইসেন্স যাচাই করার আহ্বান

ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, তারা যেন নিশ্চিত করেন যে তাদের ব্যবসার ধরন ও বিক্রয় প্রক্রিয়া বর্তমান লাইসেন্স দ্বারা সমর্থিত কি না।

বিশেষ করে বাসাভিত্তিক ব্যবসায়ীদের নিজ নিজ লাইসেন্সের শর্তাবলী কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে আবাসিক এলাকার শান্তি ও জীবনযাত্রার মান অক্ষুণ্ণ থাকে।

শুরা কাউন্সিলের প্রস্তাব: কাতারে আসছে ইনফ্লুয়েন্সার লাইসেন্স

প্রকাশ: মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬
শুরা কাউন্সিলের প্রস্তাব: কাতারে আসছে ইনফ্লুয়েন্সার লাইসেন্স

কাতারে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ডিজিটাল বাণিজ্যিক কনটেন্ট সৃষ্টিকারীদের জন্য লাইসেন্স বা নিবন্ধনের নিয়ম বাধ্যতামূলক করার একটি বিশেষ প্রস্তাব বাস্তবায়নের পথে এগোচ্ছে।

প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিগগিরই শুরা কাউন্সিলের দেওয়া এই প্রস্তাবটি চূড়ান্তভাবে বাস্তবায়িত হতে যাচ্ছে।

দৈনিক আল শারক (Al Sharq)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই প্রস্তাবটির মূল লক্ষ্য হলো ডিজিটাল বিজ্ঞাপন ও ইনফ্লুয়েন্সারদের কার্যক্রমকে একটি নির্দিষ্ট সুশৃঙ্খল কাঠামোর মধ্যে নিয়ে আসা।

কেন এই উদ্যোগ এবং এর মূল লক্ষ্যসমূহ:

সামাজিক ও জাতীয় মূল্যবোধ রক্ষা: কনটেন্ট ক্রিয়েটররা যাতে কাতারের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং জাতীয় পরিচয় অক্ষুণ্ণ রেখে বিষয়বস্তু নির্মাণ করেন, তা নিশ্চিত করা।

ভুল তথ্য ও বিদ্বেষমূলক বার্তা রোধ: সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বা গুজব এবং কোনো প্রকার বিদ্বেষমূলক বক্তব্য বা কনটেন্ট ছড়ানো প্রতিরোধ করা।

গ্রাহক স্বার্থ সুরক্ষা ও স্বচ্ছতা: ডিজিটাল পণ্যের প্রচারণায় স্বচ্ছতা আনা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা করা।

যেসব বিষয়ের ওপর নিয়মাবলী প্রযোজ্য হবে

খুব শিগগিরই কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কোন ক্যাটাগরির ইনফ্লুয়েন্সারদের লাইসেন্সের আওতায় আনা হবে, লাইসেন্স পাওয়ার জন্য কী কী টেকনিক্যাল ও প্রফেশনাল যোগ্যতা লাগবে এবং বিজ্ঞাপনদাতাদের ক্ষেত্রে কী ধরনের নিয়মাবলী প্রযোজ্য হবে— তা প্রকাশ করবে।

প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগটি ইনফ্লুয়েন্সারদের সৃজনশীলতা ও দায়িত্বশীল মতপ্রকাশকে বাধাগ্রস্ত করবে না; বরং ডিজিটাল অঙ্গনে নির্ভরযোগ্যতা, বাণিজ্যিক স্বচ্ছতা এবং সার্বিক বিশ্বাসযোগ্যতা বহুলাংশে বৃদ্ধি করবে।

তথ্যসূত্র: দৈনিক আল শারক

স্থানীয় রেস্তোরাঁগুলোর উন্নয়নে 'তালবাত গ্রো' চালু: কী থাকছে ‘তালবাত গ্রো’ প্রোগ্রামে?

প্রকাশ: শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
স্থানীয় রেস্তোরাঁগুলোর উন্নয়নে 'তালবাত গ্রো' চালু: কী থাকছে ‘তালবাত গ্রো’ প্রোগ্রামে?

কাতারের ক্ষুদ্র ও স্থানীয় রেস্তোরাঁ ব্যবসায়ীদের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্প্রসারণে 'তালবাত গ্রো' নামে এক যুগান্তকারী উদ্যোগ চালু করেছে জনপ্রিয় ফুড ও ডেলিভারি অ্যাপ 'তালবাত'।

কাতার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক (QSTP)-এর সাথে যৌথ অংশীদারত্বে এই বিশেষ প্রোগ্রামটি বাস্তবায়ন করা হচ্ছে।

রাজধানী দোহায় আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় উদ্যোক্তা, রেস্তোরাঁ প্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই উদ্যোগের নানা দিক তুলে ধরা হয়।

কী থাকছে ‘তালবাত গ্রো’ প্রোগ্রামে?

কাতারের ১৮০টি সম্ভাবনাময় ও প্রবাসীদের প্রিয় স্থানীয় রেস্তোরাঁকে বেছে নিয়ে ১২ মাসব্যাপী প্রয়োজনীয় সহায়তা দেবে তালবাত।

  • কমিশনে বিশেষ ছাড়: অংশগ্রহণকারী রেস্তোরাঁগুলোকে বিশেষ সাবসিডাইজড কমিশন রেট সুবিধা দেওয়া হবে।

  • প্রযুক্তি ও ডেটাভিত্তিক সুবিধা: রেস্তোরাঁ মালিকদের দক্ষতা বাড়াতে ও সেলস বৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল টুলস ব্যবহার এবং ডেটা বিশ্লেষণের প্রশিক্ষণ দেওয়া হবে।

  • অভিজ্ঞ টিমের প্রত্যক্ষ গাইডেন্স: ২ সপ্তাহের নিবিড় প্রশিক্ষণ সেশনের পর পুরো বছরজুড়ে তালবাতের স্পেশালিস্টদের কাছ থেকে ওয়ান-টু-ওয়ান ব্যবসায়িক পরামর্শ সুবিধা পাওয়া যাবে।

আধুনিক প্রযুক্তির সংযোজনে কিউএসটিপি (QSTP)

এই কার্যক্রমে প্রযুক্তিগত উদ্ভাবনী অংশীদার হিসেবে যোগ দিয়েছে কাতার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক। প্রতিষ্ঠানটি তাদের আওতাধীন তরুণ প্রযুক্তি স্টার্টআপদের উদ্ভাবনগুলোকে এসব রেস্তোরাঁর দৈনন্দিন পরিচালনা, খরচ কমানো ও সেবা মানসম্মত করার কাজে ব্যবহারের উদ্যোগ নেবে।

তালবাত কাতারের ম্যানেজিং ডিরেক্টর মোয়াইয়াদ আকেল জানান, কাতারের সমৃদ্ধ রেস্তোরাঁ খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতেই তারা এই দীর্ঘমেয়াদী সহায়তা কার্যক্রম হাতে নিয়েছেন।

অন্যদিকে কিউএসটিপি-র বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর প্রকৌশলী আহমেদ আল-সাইদ জানান, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্থানীয় রেস্তোরাঁ খাতের ব্যবসায় বড় ধরনের অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হবে।

সাক্ষাতকার

কাতারে গত ৩৬ বছরে অনেক ভিসা ব্যবসায়ীর উত্থান-পতন দেখেছি

নিজের সুদীর্ঘ প্রবাস জীবন থেকে নানারকম অভিজ্ঞতা তুলে ধরলেন আব্দুল মতিন পাটোয়ারী
প্রকাশ: বৃহস্পতিবার, অক্টোবর ০৮, ২০২৬
কাতার প্রবাসীদের জন্য পরামর্শ

কাতারে 999 এ কখন এবং কিভাবে কল করবেন?

প্রকাশ: বুধবার, অক্টোবর ০৭, ২০২৬

কাতারে যে কোনো বিপদ বা দুর্ঘটনা ঘটলে 999 নম্বরে ফোন করতে হয়। এই নম্বরটি যে কোনো সময়ে যে কোনো ধরণের জরুরি সাহায্যের জন্য নির্ধারিত।

ফলে পুলিশ, ফায়ার সার্ভিস এবং হাসপাতাল-অ্যাম্বুলেন্স সম্পর্কিত যে কোনো বিষয়ে সাহায্যপ্রার্থীর জন্য একমাত্র উপায় 999। এই কল সেন্টারটি পরিচালিত হয়ে থাকে দোহা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে দুহাইলে অবস্থিত ন্যাশনাল কমান্ড সেন্টার বা এনসিসি থেকে। ২০০৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়।

“হ্যালো... পুলিশ বলছি, বলুন”— 999-এ ফোন করলে প্রত্যেক কলকারী প্রথমে এই কথাটি শুনতে পান। বর্তমানে এই নম্বরে বিভিন্ন ভাষায় দক্ষ একাধিক অনুবাদক রয়েছেন, যারা বিভিন্ন ভাষায় কলকারীর সাথে কথা বলতে পারেন।

এসব ভাষার মধ্যে রয়েছে: আরবি, ইংরেজি, ফরাসি, উর্দু, ইতালীয়, ব্রাজিলীয়, বাংলা, ফারসি, হিন্দি, ফিলিপিনো, পশতু, চীনা, স্প্যানিশ, তুর্কি, বেলুচি এবং মালয়ালম।

999 এ ফোন করে সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে অসুস্থ ব্যক্তির জন্য সেবা, অগ্নিকান্ড, যে কোনো অপরাধসহ জরুরি সব বিষয়ে সাহায্য চাওয়া যায়। দিন-রাত ২৪ ঘন্টা একদল চৌকস ও তৎপর পুলিশ কর্মী ন্যাশনাল কমান্ড সেন্টারে সদা কর্মরত।

তবে দেখা গেছে, অনেক বিদেশি শ্রমিক এই নম্বরে ফোন করে সড়ক দুর্ঘটনা বা অগ্নিকান্ড অথবা কোনো বিপদের খবর জানানোর সময় নিজের অবস্থান বা ঘটনাস্থল সঠিকভাবে জানাতে পারেন না। ফলে সাহায্যকারী দল আসতে যেমন দেরি হয়, তেমনিভাবে বিড়ম্বনায় পড়েন কল সেন্টারের কর্মীরাও।

এ ধরণের ভোগান্তি থেকে বাঁচতে হলে সাহায্যপ্রার্থীকে বেশকিছু বিষয়ে খেয়াল রাখতে হবে, এর মধ্যে কয়েকটি নিচে উল্লেখ করা হলো:

  • ৯৯৯ নাম্বারে ফোন করার পর যখন ঘটনার বিবরণ সম্পর্কে জানতে চাওয়া হবে, তখন স্পষ্টভাবে এর বিবরণ জানাতে হবে। অস্পষ্ট বর্ণনা বা অসম্পূর্ণ কিংবা ভুল তথ্য দেওয়ার ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলে জরুরি সেবা নিয়ে ঘটনাস্থলে হাজির হতে প্রয়োজনের চেয়ে বেশি সময় লেগে যেতে পারে।
  • তাই ৯৯৯ নাম্বারে ফোন করার আগে অবশ্যই ঘটনাস্থলের সঠিক অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে হবে। এর ফলে দ্রুততম সময়ে সাহায্যকারী দল সেখানে এসে পৌঁছাতে পারে। যেমন, কোনো বাসায় যদি দুর্ঘটনা ঘটে, তবে সেক্ষেত্রে বাসা যে এলাকায় অবস্থিত ওই এলাকার নাম, সড়ক নাম্বার এবং ভবনের নাম্বার সম্পর্কে সব সঠিক ও স্পষ্ট তথ্য জানাতে হবে।
  • আর যদি সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো উন্মুক্ত স্থানে দুর্ঘটনা ঘটে, তবে ঘটনাস্থলের আশপাশে চোখে পড়ার মতো নির্দিষ্ট ভবন বা উঁচু আলামত থাকলে তা স্পষ্টভাবে জানাতে হবে।

অনেকে সাধারণ তথ্য জানতে বা অপ্রয়োজনীয় বিষয়ে অভিযোগ জানাতে 999 এ ফোন করেন, এটি মোটেও উচিত নয়। কারণ, এটি কেবলমাত্র জরুরি অবস্থায় বা বিপদে জরুরি সাহায্য চাওয়ার জন্য নির্ধারিত। যেমন কাউকে টাকা ধার দিয়ে আর টাকা ফেরত পাওয়া যাচ্ছে না- এ ধরণের ব্যক্তিগত প্রয়োজনে কখনো 999 এ ফোন করা উচিত নয়।

মনে রাখবেন, অপ্রয়োজনীয় বা জরুরি নয়, এমন বিষয়ে 999 নাম্বারে ফোন করলে অন্য কোনো জরুরি সাহায্যপ্রার্থীর সেবা পাওয়ার বেলায় বিঘ্ন হতে পারে।

পরিবারের ছোট সদস্যরা যেন অযথা 999 নম্বরে ডায়াল না করে, সেদিকে লক্ষ্য রাখা পরিবারের কর্তার অবশ্য কর্তব্য। কারণ, এর ফলে কল সেন্টার যেমন ব্যস্ত হয়ে পড়ে, তেমনিভাবে তা অন্য কারও সেবা পেতে বিলম্বের কারণ হতে পারে।

সাধারণ ঘটনা হলে একবারের পর দ্বিতীয়বার 999 নাম্বারে ফোন করার প্রয়োজনীয়তা নেই। কারণ, ঘটনার জরুরি অবস্থা অনুযায়ী ন্যাশনাল কমান্ড সেন্টার অবশ্যই পদক্ষেপ নেয়। ফলে দ্বিতীয়বার ফোন করে লাইনটি ব্যস্ত রাখা কাম্য নয়।

যারা শ্রবণ প্রতিবন্ধী, তাদের জন্য ন্যাশনাল কমান্ড সেন্টারের বিশেষায়িত নম্বর 992। এর ফলে সাংকেতিক ভাষায় ভিডিও কলে সাহায্যপ্রার্থীর সঙ্গে যোগাযোগ করেন ন্যাশনাল কমান্ড সেন্টারের প্রশিক্ষিত সদস্যরা।

তাই, পরিবার বা আশপাশের কেউ প্রতিবন্ধী হলে তাকে 992 নম্বর সম্পর্কে অবহিত করে রাখা ভালো।

ন্যাশনাল কমান্ড সেন্টারের অন্যান্য যোগাযোগ

জরুরি 999 নম্বরের পাশাপাশি ন্যাশনাল কমান্ড সেন্টারের জন্য উল্লেখিত অন্যান্য যোগাযোগ হলো:

  • ফোন: ৪৪৫২ ৬৬৬৬
  • ফ্যাক্স: ৪৪৫২ ৬২০১

মনে রাখবেন: কাতারে জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পাওয়ার জন্য সঠিক তথ্য এবং সঠিক অবস্থান জানানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৯৯৯-এ ফোন করার সময় শান্ত থেকে ঘটনার ধরন, অবস্থান এবং প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে জানালে জরুরি সেবা পৌঁছানোর প্রক্রিয়া সহজ হতে পারে।