ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়েছে। ওয়াশিংটন ও তেহরানের সংঘাত নিরসনে কাতারের মধ্যস্থতায় চলমান উদ্যোগ নিয়ে বিনিয়োগকারীদের আশাবাদে তেলের দরপতন হলেও মঙ্গলবার নতুন করে মার্কিন হামলার খবরে জ্বালানি বাজারে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের এই নতুন হামলার ফলে দুপক্ষের মধ্যে আট মাস ধরে চলা সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এতে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহ দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হওয়ায় তেলের বাজার নতুন করে অস্থির হয়ে উঠেছে।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক ফিউচার মার্কেটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে ১০৫ ডলার ২৫ সেন্টে দাঁড়ায়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেল প্রতি ব্যারেল বিক্রি হয় ৯৬ ডলার ৯৩ সেন্টে, যা আগের তুলনায় ৪৭ সেন্ট বা ০.৫ শতাংশ বেশি। এর আগে সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮ ডলার ৬৬ সেন্ট বা ৭.৬৩ শতাংশ কমেছিল।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা। কয়েকজন কর্মকর্তা এই হামলাকে প্রতিরক্ষামূলক হিসেবে বর্ণনা করে জানান, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা সীমিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “এই খবর তেলের দামে নতুন করে কিছুটা ঝুঁকিজনিত মূল্য সংযোজন করেছে। বাজার যখন কূটনৈতিক সমাধানের সম্ভাবনাকে গুরুত্ব দিতে শুরু করেছিল, ঠিক তখনই এই খবর পরিস্থিতির চিত্র বদলে দিয়েছে।”
এদিকে কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দিন ধরে আলোচনা চললেও এখনও কোনো বড় অগ্রগতি হয়নি।
তবে সোমবার তেহরান জানিয়েছে, সংঘাত নিরসনে যোগাযোগ অব্যাহত রয়েছে। কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর ইরানের পক্ষ থেকে সংশোধিত প্রস্তাব দেওয়া হলেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

