ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রী ব্যাগেজের আড়ালে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা বাড়ছে। এ ধরনের চোরাচালানের মাধ্যমে শুল্ক-কর ফাঁকির ঝুঁকি মোকাবিলায় নজরদারি ও অভিযান জোরদার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিমানবন্দরে পৃথক তিনটি অভিযান চালিয়ে ৪৭১ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোনসহ মোট এক কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের বিভিন্ন পণ্য আটক করেছে সংস্থাটি। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এনবিআর জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৮ (ব্যাংকক-ঢাকা) ফ্লাইটে আসা যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় তার ব্যাগেজ থেকে কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধও আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা।
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ (ব্যাংকক-ঢাকা) ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজে পাওয়া যায় ৩০০ গ্রাম স্বর্ণের বার, স্যামসাং, অনার ও রিয়ালমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান ও ৬ কেজি ৩৭৫ গ্রাম কসমেটিকস।
প্রযোজ্য কর পরিশোধ ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য আটক করা হয়। আটক পণ্যের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই ফ্লাইটে আসা যাত্রী উম্মা হানির ব্যাগেজে পাওয়া যায় ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ কেজি ৪৮০ গ্রাম সাবান। ব্যাগেজ সুবিধায় ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অবশিষ্ট স্বর্ণ ও অতিরিক্ত পণ্য আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা।
এনবিআর জানায়, সাম্প্রতিক সময়ে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন আনার ঘটনা চোরাচালানের নতুন ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। প্রতিটি চালানের পরিমাণ তুলনামূলক কম হলেও সম্মিলিতভাবে এসব চালানের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব ফাঁকির আশঙ্কা রয়েছে।