১২ নভেম্বর ২০২৬

কাতারে সম্পন্ন হলো 'মিলিপোল কাতার ২০২৬': ৮১৯.৭৭ মিলিয়ন রিয়ালের চুক্তি সই

প্রকাশ: শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
কাতারে সম্পন্ন হলো 'মিলিপোল কাতার ২০২৬': ৮১৯.৭৭ মিলিয়ন রিয়ালের চুক্তি সই
টপ স্টোরিজ

কাতারে শেষ হয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক প্রদর্শনী ‘মিলিপোল কাতার ২০২৬’-এর ১৬তম আসর।

তিন দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় ও আন্তর্জাতিক ২৭০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শনী চলাকালে মোট ৯৬টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আর্থিক মূল্য ৮১৯.৭৭ মিলিয়ন কাতারি রিয়াল।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রদর্শনীটির সমাপ্তির তথ্য জানায়। রাজধানী দোহার দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে ১৬ হাজারের বেশি দর্শনার্থী অংশ নেন, যা আগের আসরের তুলনায় ১০ শতাংশ বেশি।

সমাপনী সংবাদ সম্মেলনে মিলিপোল কাতার কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল নাসের বিন ফাহাদ আল থানি বলেন, বর্তমান সময়ের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি নিরাপত্তা সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান ও প্রযুক্তি খাতের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।

এবারের প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল ‘আন্তর্জাতিক দোহা সম্মেলন অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি’। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, প্রযুক্তির ওপর আস্থা, সুশাসন, সার্বভৌমত্ব এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া প্রদর্শনীর অংশ হিসেবে আয়োজন করা হয় ‘এলিট চ্যাম্পিয়নশিপ ফর দ্য ফিজিক্যাল চ্যালেঞ্জ’। শারীরিক সক্ষমতা বৃদ্ধি, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশে এ আয়োজন ভূমিকা রাখে।

মিলিপোল এক্সিবিশনসের পরিচালক কারেন গালস্তিয়ান বলেন, এ প্রদর্শনী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পেশাগত যোগাযোগ ও অংশীদারত্ব বৃদ্ধির পাশাপাশি নীতিনির্ধারক এবং সরকারি সংস্থাগুলোর সঙ্গে কার্যকর সহযোগিতার সুযোগ তৈরি করেছে।

তিনি আরও বলেন, তিন দশক ধরে গড়ে ওঠা এ অংশীদারত্ব আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি সফল দৃষ্টান্ত।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, মিলিপোল কাতারের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৮ সালের ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।

ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, নাবিক নিহত

প্রকাশ: মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬
ওমান উপকূলে কার্গো জাহাজে হামলা, নাবিক নিহত
টপ স্টোরিজ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ‘আল জুসুফি’ নামের বহুমুখী সহায়তাকারী জাহাজটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলার পর ওমানের কোস্টগার্ড ১৩ জনকে নিরাপদে উদ্ধার করেছে।

ভারতের কেন্দ্রীয় জাহাজ পরিবহণ ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, গত ২ নভেম্বর ওমান উপকূল দিয়ে চলার সময় জাহাজটিতে অজ্ঞাত আকাশযান থেকে হামলা চালানো হয়। এতে আহত হয়ে মারা যান গুজরাটের বাসিন্দা নাবিক গন্ধর নাহিম আজিজ।

পোস্টে সোনোয়াল লেখেন, ‘ওমান উপকূলের কাছে চলাচলের সময় ভারতের পতাকাবাহী এমএসভি আল জুসুফিতে অজ্ঞাত একটি আকাশযান আঘাত হানে। জাহাজটিতে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। ওমানের কোস্টগার্ড ১৩ জনকে নিরাপদে উদ্ধার করেছে। তবে গুজরাটের নাবিক গন্ধর নাহিম আজিজের আহত অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’

নিহত নাবিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, উদ্ধার হওয়া ১৩ নাবিককে তাৎক্ষণিক সহায়তা দিতে দেশটির জাহাজ চলাচল মন্ত্রণালয় ও ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। জীবিত নাবিকদের দ্রুত দেশে ফেরানো এবং নিহত ব্যক্তির মরদেহ প্রত্যাবাসনের ব্যবস্থাও করা হচ্ছে।

তবে জাহাজটিতে কারা হামলা চালিয়েছে কিংবা কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার মধ্যে ঘটল। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এসব হামলা বেড়েছে। এতে উপসাগরীয় জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে জ্বালানি সরবরাহেও সংকট দেখা দিয়েছে। এর সঙ্গে বাণিজ্যিক জাহাজে হামলা আন্তর্জাতিক অর্থনীতি ও সমুদ্রপথে পণ্য পরিবহনের ঝুঁকি আরও বাড়িয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপসাগরীয় জলসীমায় জাহাজ ও ট্যাংকারে হামলার ঘটনায় অন্তত ২২ জন ভারতীয় নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন নাবিক।

সূত্র : এনডিটিভি

৪৮ বছর পর ঐতিহাসিক সফরে চীনে ওমানের সুলতান হাইথাম

প্রকাশ: সোমবার, নভেম্বর ০২, ২০২৬
৪৮ বছর পর ঐতিহাসিক সফরে চীনে ওমানের সুলতান হাইথাম
টপ স্টোরিজ

৪৮ বছর পর প্রথমবারের মতো চীন সফরে গেছেন ওমানের কোনো রাষ্ট্রপ্রধান। রবিবার (১ নভেম্বর) বেইজিংয়ে পৌঁছেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ। ১৯৭৮ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এটিই ওমানের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম চীন সফর।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএনের প্রতিবেদন অনুযায়ী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এ রাষ্ট্রীয় সফরে গেছেন সুলতান হাইথাম। সোমবার (২ নভেম্বর) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট শি জিনপিং।

১৯৭৮ সালের মে মাসে চীন ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৪৮ বছর পর সুলতানের এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার গুরুত্ব তুলে ধরছে বলে জানিয়েছে মাস্কাট টাইমস।

এমন এক সময়ে সফরটি অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত চলছে। গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে।

জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রেও চীনের গুরুত্বপূর্ণ অংশীদার ওমান। দেশটি চীনের অপরিশোধিত তেলের পঞ্চম বৃহত্তম সরবরাহকারী। আরব দেশগুলোর মধ্যে চীনের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদারও ওমান।

২০২৪ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৩৬ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলার। সুলতানের এই সফরকে কেন্দ্র করে দুই দেশের বিদ্যমান সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

প্রকাশ: রবিবার, নভেম্বর ০১, ২০২৬
হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
টপ স্টোরিজ

হরমুজ প্রণালির কাছে ওমানের মুসান্দাম উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর আগুন ধরে যায়। জাহাজটিতে থাকা ২৫ নাবিককে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী।

গতকাল শুক্রবার দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার এ তথ্য জানিয়েছে।

পানামার পতাকাবাহী জাহাজটি মুসান্দাম উপকূল থেকে ১ দশমিক ৬ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে হামলার শিকার হয়। হামলার পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। মেরিটাইম সিকিউরিটি সেন্টারের সঙ্গে সমন্বয় করে নৌবাহিনী উদ্ধার অভিযান চালায়। উদ্ধার করা নাবিকদের পরে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।

এদিকে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বাহিনীটির ভাষ্য, জাহাজগুলো অনুমোদনহীন পথে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জাহাজ তিনটি নিজেদের শনাক্তকরণ ও অবস্থান নির্ণয়ব্যবস্থা বন্ধ রেখেছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহায়তায় তারা অনুমোদনহীন পথে চলছিল। এ সময় কয়েকবার বেতারবার্তা পাঠিয়ে জাহাজগুলোকে সতর্ক করা হয়। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে তারা চলাচল অব্যাহত রাখে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট পথ নির্ধারণ করেছে ইরান। তেহরান জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে ওই পথ ব্যবহার করতে হবে। ওমান উপকূলের কাছের দক্ষিণ দিকের একটি জলপথকে অনুমোদনহীন হিসেবে বিবেচনা করছে ইরান।

জাহাজে হামলার আরেকটি ঘটনার কথা জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও। গতকাল সংস্থাটি জানায়, ইরানের লাভান দ্বীপের দক্ষিণে ৪০ নটিক্যাল মাইল দূরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে এর নাবিকেরা নিরাপদে রয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে আসছে ইরান। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

ইরানের এ পদক্ষেপের জবাবে দেশটির বন্দরগুলোয় অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের তেল রপ্তানি ও বাণিজ্য আরো সীমিত হয়ে পড়েছে।

সামরিক মহড়া ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান

প্রকাশ: শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
সামরিক মহড়া ও সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য-ওমান
টপ স্টোরিজ

যুক্তরাজ্য ও ওমান প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, পরিবেশবান্ধব শিল্প এবং নতুন প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে।

এ তথ্য শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, যা ওমানের সুলতান হাইথাম বিন তারিকের যুক্তরাজ্য সফরের প্রেক্ষাপটে প্রকাশিত হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দুই দেশ তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করে একটি ‘উচ্চাভিলাষী ও ভবিষ্যৎমুখী অংশীদারত্ব’ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। চলতি সপ্তাহে যুক্তরাজ্যে রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আসেন ওমানের সুলতান।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে বুধবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও সুলতান হাইথাম দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।

আলোচনা চলাকালে প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক আধুনিকায়ন, উন্নত শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনগণের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

দুই দেশ সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব সম্প্রসারণের প্রতিশ্রুতি প্রদান করেছে। এ ক্ষেত্রে ‘সাইফ সারিয়া’ সামরিক মহড়া সিরিজকে দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিবৃতিতে সাইফ সারিয়া-৪ মহড়ার প্রস্তুতিকে স্বাগত জানিয়ে সামরিক সক্ষমতা উন্নয়ন, পরীক্ষা-নিরীক্ষা, নতুন কৌশল যাচাই এবং সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক তথ্য বিনিময়ে আরও সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।

এছাড়া, যুক্তরাজ্য ও ওমান সাইবার নিরাপত্তা এবং জাতীয় সংকট মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির জন্য সহযোগিতা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।

যুদ্ধ থামানোর কঠোর শর্ত দিল ইরান! ওমানের সাথে ঐতিহাসিক সমঝোতা

প্রকাশ: শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৬
যুদ্ধ থামানোর কঠোর শর্ত দিল ইরান! ওমানের সাথে ঐতিহাসিক সমঝোতা
টপ স্টোরিজ

চলমান যুদ্ধ সমাপ্তির জন্য নিজেদের সুনির্দিষ্ট শর্তের কথা ঘোষণা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ওমানের সাথে একটি চুক্তির রূপরেখা চূড়ান্ত হয়েছে বলে জানানো হয়েছে।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ইরান-যুক্তরাষ্ট্র সাম্প্রতিক আলোচনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে জানান, সব মোর্চায় চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ করতে এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দৃষ্টিভঙ্গি ও শর্তগুলো অত্যন্ত স্পষ্ট ও দৃঢ়ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।

মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখন অপর পক্ষের প্রস্তাবগুলোর উপযুক্ত জবাব দেওয়া হবে।

মেহের নিউজের বরাতে তিনি আরও বলেন, ইরান ও ওমানের মধ্যকার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। হরমুজ প্রণালীতে নিরাপদ প্রবেশ ও প্রস্থান রুটগুলোর ভৌগোলিক স্থানাঙ্ক নিয়ে দুই পক্ষ একমত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থায় বিষয়টি কীভাবে উপস্থাপন করা হবে, সে বিষয়েও একটি পারস্পরিক বোঝাপড়ায় পৌঁছেছে। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই তা বাস্তবায়িত হবে।