কুয়েতের জাবরিয়া এলাকায় সড়ক নোংরা করার দায়ে এক প্রবাসী বাংলাদেশি ট্রাকচালককে গ্রেপ্তার করেছে কুয়েত পুলিশ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাধারণ ট্রাফিক বিভাগ জানিয়েছে, গ্রেপ্তার চালককে দেশে ফেরত পাঠানোর আগ পর্যন্ত হেফাজতে রাখা হবে। তার গাড়িটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার বাংলাদেশি চালকের নাম ও পরিচয় প্রকাশ করেনি কুয়েত পুলিশ।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা নিয়ন্ত্রণ বিভাগের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ শাখা একটি অভিযোগ পাওয়ার পর ওই চালককে গ্রেপ্তার করে। তদন্ত অনুযায়ী, চালক এমন একটি লাইসেন্স নিয়ে ট্রাক চালাচ্ছিল যেটি তাকে চালানোর অনুমতি দেয়নি।
তাকে দুটি ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে—সড়কে আবর্জনা ফেলা এবং এমন লাইসেন্স নিয়ে ট্রাক চালানো যেটি ট্রাক চালানোর অনুমতি দেয় না। তাকে ট্রাফিক আটক কেন্দ্রে পাঠানো হয়েছে এবং নির্বাসন কার্যক্রমের আগে হেফাজতে রাখা হয়েছে। প্রচলিত পদ্ধতি অনুযায়ী তার গাড়িটি জব্দ করা হয়েছে।
বিভাগটি বলেছে, তারা এ ধরনের আচরণ বরদাস্ত করবে না এবং সড়ক নিরাপত্তা ও দেশের সড়কের সৌন্দর্য রক্ষায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।