কাতারের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের (MOECC) সামুদ্রিক সুরক্ষা বিভাগ সি-লাইন বিচের সংলগ্ন ঐতিহ্যবাহী ‘খোর আল আদাইদ’ প্রকৃতি সংরক্ষণ অঞ্চলে একটি বিরল প্রজাতির সমুদ্রঘোড়া (Seahorse) খুঁজে পেয়েছে। স্থানীয়ভাবে মাছটি 'বুজাইজি' (Buzaizi) নামে পরিচিত।
সামুদ্রিক জীববৈচিত্র্য নথিভুক্তকরণ এবং জলজ প্রাণীর প্রাকৃতিক বাসস্থান পর্যবেক্ষণে পরিচালিত নিয়মিত এক মাঠ পর্যায়ের জরিপ চলাকালে এটি শনাক্ত করা হয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে, সমুদ্রঘোড়াটিকে ওই অঞ্চলের একটি সিগ্রাস বা সামুদ্রিক ঘাসযুক্ত অঞ্চলে সাঁতার কাটতে দেখা গেছে, যা এই প্রজাতির প্রধান ও নিরাপদ আবাসস্থল হিসেবে গণ্য হয়।
পরিদর্শনের সময় ডুবুরি দল জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার সামুদ্রিক পরিবেশ অত্যন্ত স্বাস্থ্যকর ও ভালো অবস্থায় রয়েছে, যা সামুদ্রিক জীববৈচিত্র্য টিকে থাকার অনুকূল পরিবেশ নির্দেশ করে। ওই স্থানে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড, দূষণ কিংবা পরিবেশগত হুমকির লক্ষণ পাননি ডুবুরিরা।
পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, 'বুজাইজি' বা সমুদ্রঘোড়া একটি বিরল এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের স্বাস্থ্য পরিমাপের অন্যতম প্রধান প্রধান সূচক (Ecological Indicator)। খোর আল আদাইদ অঞ্চলে এর উপস্থিতি প্রমাণ করে যে, কাতারের উপকূলীয় সমুদ্রঘাসের স্তরগুলো জলজ জীব বৈচিত্র্য রক্ষায় কতটা কার্যকর ভূমিকা রাখছে
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় (MOECC) এসব গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্লাবনভূমি ও প্রবাল-ঘাসযুক্ত অঞ্চল সুরক্ষার ওপর বিশেষ জোর দিয়েছে। সামুদ্রিক জীবনের ক্ষতি করে এমন সব ক্ষতিকর আচরণ এড়িয়ে চলতে নাগরিক ও দর্শনার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
কাতারের সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক আবাসের টেকসই স্থায়িত্ব নিশ্চিত করতে মন্ত্রণালয় তাদের নিয়মিত পর্যবেক্ষণ ও সুরক্ষা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।