১২ নভেম্বর ২০২৬

প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬
প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা
দুবাইয়ে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘সিআইপি (এনআরবি) সম্মাননা’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী/ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের মর্যাদা রক্ষা ও পরিচয় নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা সহজে সরকারি সেবা ও সহযোগিতা নিতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

তিনি বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম শক্তি। তাদের বিনিয়োগে শিল্প, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘সিআইপি (এনআরবি) সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশের শ্রম পরিস্থিতির কারণে সরাসরি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মাননাপ্রাপ্ত সিআইপিসহ উপস্থিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মন্ত্রী। প্রবাসী ব্যবসায়ীরা দেশের অর্থনীতি ও ভাবমূর্তি উজ্জ্বল করতে অবদান রাখছেন উল্লেখ করে তাদের প্রশংসা করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রবাসীরা পরিবার-পরিজন ছেড়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করছেন। তাদের পাঠানো রেমিট্যান্সে দেশের লাখ লাখ পরিবার উপকৃত হচ্ছে এবং জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি প্রবাসীরা বিদেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনা, শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছেন।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে দেশটির রাষ্ট্রপতি, সরকারপ্রধান ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে।

সম্মাননাপ্রাপ্ত সিআইপিদের উদ্দেশে তিনি বলেন, শুধু বাড়িঘর নির্মাণে সীমাবদ্ধ না থেকে দেশে শিল্পপ্রতিষ্ঠান, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে হবে। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিদেশের বাজারে বাংলাদেশি পণ্যের পরিধি বাড়ানো, বিভিন্ন দেশে কর্মীর চাহিদা সম্পর্কে সরকারকে তথ্য দিয়ে সহায়তা করা এবং সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

প্রবাসীদের নিজ নিজ দেশের আইনকানুন মেনে চলার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে যেন দেশের সুনাম ক্ষুণ্ণ না হয়। সফল আয়োজনের জন্য বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডিসেম্বর থেকে বিনা খরচে বিদেশে কর্মী পাঠানো শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রী

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, সংযুক্ত আরব আমিরাতের সাবেক মন্ত্রিপরিষদ সদস্য ড. মোহাম্মেদ সাঈদ আল কিন্দি এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান।

যুদ্ধের ধাক্কা কাটিয়ে ২০২৭ সালেই ঘুরে দাঁড়াতে পারে কাতারের অর্থনীতি

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
যুদ্ধের ধাক্কা কাটিয়ে ২০২৭ সালেই ঘুরে দাঁড়াতে পারে কাতারের অর্থনীতি

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়লেও আগামী ২০২৭ সালের মধ্যেই ঘুরে দাঁড়াতে পারে কাতারের অর্থনীতি।

এমন পূর্বাভাস দিয়েছেন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক ও মিডল ইস্ট কাউন্সিল ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের ফেলো শেখা আলানুদ বিনতে হামাদ আল থানি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের কারণে কাতারের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। দেশটির আমিরও শুরা কাউন্সিলের এক বৈঠকে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বিষয়টি খোলাখুলিভাবে তুলে ধরেছেন।

শেখা আলানুদের ভাষ্য অনুযায়ী, যুদ্ধের প্রভাবে কাতারের রাজস্ব আয় ৪২ শতাংশ কমেছে। একই সময়ে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারেও প্রায় ১৪ শতাংশ সংকোচন হয়েছে।

তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। তার পূর্বাভাস, ২০২৭ সালের শুরুতেই কাতারের অর্থনীতি আবার উদ্বৃত্ত অবস্থায় ফিরতে পারে।

তবে অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই বিশ্লেষক। তিনি বলেন, ইউরোপের দেশগুলোকে শীতকাল সামনে রেখে দ্রুত জ্বালানি সরবরাহের বিকল্প নিশ্চিত করতে হবে। যুদ্ধের কারণে সৃষ্ট অচলাবস্থা কেটে যাওয়ার জন্য তাদের পক্ষে দীর্ঘদিন অপেক্ষা করা সম্ভব নয়।

এরই মধ্যে পোল্যান্ড কাতারের সঙ্গে একটি চুক্তি থেকে সরে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্লেষকের মতে, কাতারের অর্থনীতি পুনরুদ্ধারের সম্ভাবনা থাকলেও যুদ্ধের কারণে জ্বালানি খাতে সৃষ্ট অস্থিরতা এবং ইউরোপীয় ক্রেতাদের বিকল্প সরবরাহকারীর দিকে ঝুঁকে পড়া দেশটির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

সূত্র: আল-জাজিরা

কাতারে শুরু হলো কুরআন প্রতিযোগিতা, বিজয়ী পাবেন এক মিলিয়ন রিয়াল

প্রকাশ: বুধবার, নভেম্বর ১১, ২০২৬
কাতারে শুরু হলো কুরআন প্রতিযোগিতা, বিজয়ী পাবেন এক মিলিয়ন রিয়াল

কাতারের রাজধানী দোহার ঐতিহাসিক ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে শুরু হয়েছে মর্যাদাপূর্ণ ‘শাইখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা’র আন্তর্জাতিক শাখা ‘সেরাদের সেরা’ বা বেস্ট অব দ্য বেস্ট-এর তৃতীয় আসর।

বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী মেধাবী হাফেজদের অংশগ্রহণে এই মেগা প্রতিযোগিতা শুরু হয়েছে।

মারসাল কাতার ও আন্তর্জাতিক কোরআন বার্তা সংস্থা ইকনা’র প্রতিবেদন অনুযায়ী, এবারের আসরে মোট ১৯টি দেশের ৪২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। গত সোমবার থেকে শুরু হওয়া এই প্রথম পর্ব আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে।

প্রতিযোগিতার প্রথম দিন সকাল ও বিকেলের সেশনে আটটি দেশের নয়জন প্রতিযোগী তাদের হিফজ ও তেলাওয়াতের পারফরম্যান্স প্রদর্শন করেন। এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে মুআজ মাহমুদ অংশ নিচ্ছেন।

আগামী ১৫ নভেম্বর প্রথম পর্বের বাছাইকৃত সেরা ১০ জন ফাইনালিস্টের নাম ঘোষণা করা হবে। এরপর আগামী ১৬ ও ১৭ নভেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এবারের আসরে প্রতিযোগিতায় বিজয়ী ‘সেরাদের সেরা’ উপাধিধারী হাফেজকে প্রধান পুরস্কার হিসেবে এক মিলিয়ন কাতারি রিয়াল প্রদান করা হবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্বমানের হাফেজরা গণমাধ্যমকে জানান, পবিত্র কুরআন মুখস্থ করার ফলে তাদের ব্যক্তিসত্তায় অসাধারণ আত্মবিশ্বাস তৈরি হয়েছে এবং মানসিক ও আচরণগত দক্ষতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

নিয়মিত তিলাওয়াত ও পুনরাবৃত্তি তাদের স্মৃতিশক্তি প্রখর করার পাশাপাশি সময় ব্যবস্থাপনা ও দায়িত্ববোধে পরিপক্ব করে তুলেছে। তারা উল্লেখ করেন, কুরআন হিফজের এই যাত্রায় তাদের বাবা-মা ও শিক্ষকদের নিরলস উৎসাহ এবং সুনির্দিষ্ট রুটিনই তাদের মূল সফলতা।

পবিত্র কুরআন কেবল তাদের ভাষাগত ও আরবি ভাষার দক্ষতা বাড়ায়নি, বরং নৈতিকতা, উত্তম আচরণ এবং ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে।

গাজায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাতারের জরুরি ত্রাণ

প্রকাশ: বুধবার, নভেম্বর ১১, ২০২৬
গাজায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাতারের জরুরি ত্রাণ

গাজা উপত্যকায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সহায়তায় জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে কাতার। উপত্যকাটির পুনর্গঠনে নিয়োজিত কাতারি কমিটি এ উদ্যোগ নিয়েছে।

ত্রাণ দলগুলো গাজার ৪৫টি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবির ও গুরুত্বপূর্ণ সড়কে সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে। প্রতিকূল আবহাওয়ায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় এসব এলাকায় আবহাওয়ারোধী তাঁবু, আশ্রয় উপকরণ, খাদ্যসামগ্রী ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে।

গত সপ্তাহান্তে মৌসুমের প্রথম বড় ধরনের ঝড় আঘাত হানে গাজায়। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, মাত্র ১২ ঘণ্টার মধ্যে উপত্যকাটিতে প্রায় ৭০ হাজার তাঁবু বন্যার পানিতে তলিয়ে যায়। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ লাখ ডলার।

সোমবার পর্যন্ত গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগে দুই হাজার ১০০টির বেশি জরুরি সহায়তার আবেদন জমা পড়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, উপত্যকাটিতে দুই হাজারের বেশি ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

এদিকে, প্রায় চার লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি এমন সব এলাকায় আশ্রয় নিয়েছেন, যেগুলো বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় তাঁবু ও আশ্রয়কেন্দ্র প্লাবিত হওয়ায় এসব মানুষের মানবিক সংকট আরও তীব্র হয়েছে।

ইরান ইস্যুতে উত্তেজনা কমাতে জি-৭-এ কাতারের প্রধানমন্ত্রীর বার্তা

প্রকাশ: বুধবার, নভেম্বর ১১, ২০২৬
ইরান ইস্যুতে উত্তেজনা কমাতে জি-৭-এ কাতারের প্রধানমন্ত্রীর বার্তা

ইরানকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানাতে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে উপসাগরীয় অঞ্চলের এই অবস্থান তুলে ধরবেন তিনি।

ব্রিটেন, ফ্রান্স, ইতালি ও জার্মানির প্রতিনিধিদের পাশাপাশি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করবেন কাতারের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে আলোচিত বিষয়গুলোও তাদের অবহিত করবেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) আলজাজিরার সাংবাদিক রেবেকা কলার্ড প্যারিস থেকে জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য ছিল জি-৭ সদস্যদেশগুলোর কাছে উপসাগরীয় দেশগুলোর অবস্থান স্পষ্ট করা। বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাতের বিস্তার রোধ এবং উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিতে চান তিনি।

মধ্যবর্তী নির্বাচনের পর এটিই ছিল ট্রাম্পের কোনো বিদেশি নেতার সঙ্গে প্রথম বৈঠক। ফলে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর মার্কিন প্রেসিডেন্ট কী বার্তা দেন, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ ছিল।

বৈঠক শেষে ট্রাম্পের বক্তব্যে আগের তুলনায় কিছুটা নমনীয় সুর দেখা গেছে বলে উল্লেখ করেন রেবেকা কলার্ড। তার মতে, জি-৭-এর অংশীদার দেশগুলোও এমন বক্তব্য শুনতে আগ্রহী ছিল।

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার প্রভাব শুধু ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নেই। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলেও এর অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব পড়ছে। এ কারণে উত্তেজনা কমানোর বিষয়ে কাতারের বার্তা জি-৭ দেশগুলোর কাছেও গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

কাতারে প্রবশে ও বহির্গমনের জন্য দুটি নতুন বর্ডার ঘোষণা

প্রকাশ: মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
কাতারে প্রবশে ও বহির্গমনের  জন্য দুটি নতুন বর্ডার ঘোষণা

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন এক সিদ্ধান্ত অনুযায়ী দেশের আনুষ্ঠানিক প্রবেশ ও বহির্গমন পয়েন্টের (Entry and Exit Points) তালিকায় নতুন দুটি গুরুত্বপূর্ণ স্থান যুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিজ এক্সিলেন্সি শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল-থানী এই সিদ্ধান্ত জারি করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬ সালের ৪০ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্ভুক্ত নতুন পয়েন্ট দুটি হলো:

১. উম্মুল হাউল বেস পোর্ট (Umm Al Houl Base Port): নতুন সামুদ্রিক (Maritime) প্রবেশ ও বহির্গমন পয়েন্ট।

২. দুখানের বিমানঘাঁটি বিমানবন্দর (Dukhan Air Base Airport): নতুন আকাশপথের (Air) প্রবেশ ও বহির্গমন পয়েন্ট।

গত ২১ অক্টোবর ২০২৬ তারিখে জারীকৃত এবং সরকারি গেজেটের ২১তম সংখ্যায় প্রকাশিত এই সিদ্ধান্তটি ৯ নভেম্বর ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এর মাধ্যমে ২০২৩ সালের পুরোনো তালিকাটি (Decision No. 37 of 2023) সংশোধন করা হলো। তবে পুরনো অন্যান্য স্থল, জল ও বিমানবন্দর যথারীতি বহাল থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে যে, এই ঘোষণার উদ্দেশ্য কেবল নির্দিষ্ট এই দুটি স্থাপনার আইনি ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা মর্যাদা নির্ধারণ করা।

এর অর্থ এই নয় যে, এখন থেকে দুখান বিমানঘাঁটি থেকে সাধারণ বাণিজ্যিক প্যাসেঞ্জার ফ্লাইট বা উম্মুল হাউল বেস পোর্ট থেকে সাধারণ জনগণের জন্য কোনো প্যাসেঞ্জার ফেরি বা সামুদ্রিক যাত্রী পরিষেবা চালু হচ্ছে। মূলত সংশ্লিষ্ট নিয়মের অধীনে প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক প্রবেশ-বহির্গমন প্রক্রিয়া সম্পাদনের আইনি ভিত্তি তৈরি করতেই এই পদক্ষেটি নেওয়া হয়েছে।