কাতারের রাজধানী দোহার ঐতিহাসিক ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে শুরু হয়েছে মর্যাদাপূর্ণ ‘শাইখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা’র আন্তর্জাতিক শাখা ‘সেরাদের সেরা’ বা বেস্ট অব দ্য বেস্ট-এর তৃতীয় আসর।
বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী মেধাবী হাফেজদের অংশগ্রহণে এই মেগা প্রতিযোগিতা শুরু হয়েছে।
মারসাল কাতার ও আন্তর্জাতিক কোরআন বার্তা সংস্থা ইকনা’র প্রতিবেদন অনুযায়ী, এবারের আসরে মোট ১৯টি দেশের ৪২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। গত সোমবার থেকে শুরু হওয়া এই প্রথম পর্ব আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে।
প্রতিযোগিতার প্রথম দিন সকাল ও বিকেলের সেশনে আটটি দেশের নয়জন প্রতিযোগী তাদের হিফজ ও তেলাওয়াতের পারফরম্যান্স প্রদর্শন করেন। এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে মুআজ মাহমুদ অংশ নিচ্ছেন।
আগামী ১৫ নভেম্বর প্রথম পর্বের বাছাইকৃত সেরা ১০ জন ফাইনালিস্টের নাম ঘোষণা করা হবে। এরপর আগামী ১৬ ও ১৭ নভেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এবারের আসরে প্রতিযোগিতায় বিজয়ী ‘সেরাদের সেরা’ উপাধিধারী হাফেজকে প্রধান পুরস্কার হিসেবে এক মিলিয়ন কাতারি রিয়াল প্রদান করা হবে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্বমানের হাফেজরা গণমাধ্যমকে জানান, পবিত্র কুরআন মুখস্থ করার ফলে তাদের ব্যক্তিসত্তায় অসাধারণ আত্মবিশ্বাস তৈরি হয়েছে এবং মানসিক ও আচরণগত দক্ষতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
নিয়মিত তিলাওয়াত ও পুনরাবৃত্তি তাদের স্মৃতিশক্তি প্রখর করার পাশাপাশি সময় ব্যবস্থাপনা ও দায়িত্ববোধে পরিপক্ব করে তুলেছে। তারা উল্লেখ করেন, কুরআন হিফজের এই যাত্রায় তাদের বাবা-মা ও শিক্ষকদের নিরলস উৎসাহ এবং সুনির্দিষ্ট রুটিনই তাদের মূল সফলতা।
পবিত্র কুরআন কেবল তাদের ভাষাগত ও আরবি ভাষার দক্ষতা বাড়ায়নি, বরং নৈতিকতা, উত্তম আচরণ এবং ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে।