নাটোরের বড়াইগ্রামে প্রবাসী প্রেমিকের প্রতি অভিমানে সিনথিয়া রহমান কাজল (১৯) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত কাজল উপজেলার কালিকাপুর মহল্লার মৃত মিজানুর রহমানের ছোট মেয়ে। তিনি কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন বলে জানা গেছে।
মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, চীন প্রবাসী এক যুবকের সঙ্গে কাজলের প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবক দেশে ফিরলে তাদের বিয়ে হওয়ার কথা ছিল; কিন্তু বুধবার রাতে মোবাইল ফোনে কোনো বিষয় নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। পরে তিনি নিজ ঘরে দরজা বন্ধ করে দেন।
বৃহস্পতিবার সকালে কাজল ঘর থেকে বের না হওয়ায় ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজার ফাঁক দিয়ে তাকে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মৃতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।