২৯ বছর ধরে ছেলের মৃত্যুর রহস্যের বিচার দেখার অপেক্ষায় সালমান শাহর মা নীলা চৌধুরী। সেই অপেক্ষার মধ্যে এলো নতুন খবর— সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন ডন। খবরটি শোনার পর আবেগ ধরে রাখতে পারেননি নীলা চৌধুরী। কণ্ঠে ফিরে আসে দীর্ঘদিনের কষ্ট, ক্ষোভ আর বিচারের প্রত্যাশা।
রোববার (৯ আগস্ট) আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে ডনকে আটক করা হয়। পরে সালমান শাহ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ডনের গ্রেপ্তারের বিষয়ে স্টার নিউজকে ফোনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নীলা চৌধুরী বলেন, ‘আমার বুকের মধ্যে সালমান শাহ ছিল, আছে, থাকবে। আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আজ আমার ছেলেকে কলঙ্কমুক্ত করা হলো।’
ডনের বিরুদ্ধে সালমান শাহকে নিয়ে মিথ্যা বক্তব্য দায়ার অভিযোগ করেন তিনি। তার দাবি, বিভিন্ন সময় ডন তার ছেলেকে বেয়াদব হিসেবে তুলে ধরেছেন এবং তাকে নিয়ে নানা মিথ্যা কথা বলেছেন।
নীলা চৌধুরী বলেন, ‘ডন অনেক কিছু করেছে। আমাকে অপমান করেছে, আমার ছেলের নামে মিথ্যা কথা বলেছে। আমার ছেলেকে বেয়াদব বানিয়েছে।’
নিজের বাড়িতে সালমান শাহকে নিয়ে ডনের দেয়া একটি বক্তব্যেরও প্রতিবাদ করেন তিনি। নীলা চৌধুরীর দাবি, ডন তার ঘরে কখনো যাননি।
তিনি বলেন, ‘সে কত বড় মিথ্যা কথা বলছে, যে আমার ছেলে আমাকে মারতে দেখেছে। সে তো আমার ঘরে কোনোদিন যায় নাই, আমার বিল্ডিংয়ের ওপর কোনোদিন ওঠেই নাই।’
ডনের গ্রেপ্তারের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে নীলা চৌধুরী জানান, দীর্ঘদিনের তদন্তের পর সত্য সামনে আসবে বলে তিনি বিশ্বাস করেন। তবে সেই সত্য তার ছেলে দেখে যেতে পারবে না— এটাই তার সবচেয়ে বড় কষ্ট।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর বিচার। আমার প্রতিক্রিয়ার কিছু নাই। আমার মনটা কাঁদছে। সবই প্রমাণ হবে, কিন্তু সালমান দেখতে পাবে না।’
সালমান শাহ হত্যা মামলার বিচার নিয়ে বর্তমান সরকারের ওপর আস্থার কথাও জানান তিনি।
নীলা চৌধুরী বলেন, ‘আল্লাহর কাছে ও বর্তমান সরকারের কাছে আমি কৃতজ্ঞ। বর্তমান সরকারের ওপর আমার নির্ভরশীলতা আছে। বিচার এখন হবেই, ইনশাআল্লাহ।’
দীর্ঘদিন ধরে সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে কাজ করা সাংবাদিক, পুলিশ কর্মকর্তা ও দেশবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। নানা বাধার মধ্যেও অনেকে বিষয়টি নিয়ে কাজ করেছেন বলে মন্তব্য করেন নীলা চৌধুরী।
তিনি বলেন, ‘সারা বাংলাদেশের সাংবাদিক, পুলিশ অফিসার যারা আছেন, তারা অনেকে বাধাগ্রস্ত হয়ে হয়ত করতে পারেন নাই কিন্তু তারাও সাহায্য করছে, তারাও ভক্ত।’
সালমান শাহর ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানান তার মা। দীর্ঘদিন ধরে ভক্তদের ভালোবাসা ও দাবির কারণেই বিষয়টি মানুষের মনে এখনও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘এই ১৮ কোটি মানুষের কাছে আমিও কৃতজ্ঞ। এই ভক্ত বাচ্চারা না থাকলে আজকেও তারা কাঁদছে।’
সালমান শাহর মৃত্যুর ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে নীলা চৌধুরী বলেন, ‘আমি একটা না, ৪২ থেকে ৪৬টা মৃত্যুর বিচার চাই। আমার বাচ্চার সঙ্গে যারা আত্মহত্যা করছে, তারা মরে গেছে— আল্লাহ তাদের বেহেশত নসিব করুক। এই আসামিদের গ্রেপ্তার করে সকলের বিচার হোক। সেটাই আমি চাই।’
সবশেষে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘তোমাদের সবাইকে ধন্যবাদ। দেশবাসীর কাছে আমার কৃতজ্ঞতা জানাই।’