গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সংস্থা গ্যাস এক্সপোর্টিং কান্ট্রিজ ফোরাম (জিইসিএফ)-এর অষ্টম শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার রাজধানী মস্কোয় গুরুত্বপূর্ণ এক বৈঠকে মিলিত হয়েছেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী এবং ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার মস্কোয় আমীরের আবাস্থলে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
হরমুজ প্রণালি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা
বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা এবং বিশেষ করে স্পর্শকাতর কূটনৈতিক আলোচনার সর্বশেষ অগ্রগতি নিয়ে বিশদ কথা বলেন দুই দেশের শীর্ষ নেতারা। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান নৌপথ ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টি বৈঠকে বিশেষ প্রাধান্য পায়। এছাড়া গ্যাস এক্সপোর্টিং কান্ট্রিজ ফোরাম (জিইসিএফ) শীর্ষ সম্মেলনের মূল এজেন্ডাগুলো নিয়েও দুই নেতা আলোচনা করেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, কাতার ও ইরানের নেতারা তেহরান ও দোহার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বর্তমান অবস্থা পর্যালোচনা করেছেন এবং রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
বৈঠকে উপস্থিত শীর্ষ প্রতিনিধিরা
আমীরের বাসভবনে আয়োজিত এই দ্বিপক্ষীয় বৈঠকে উভয় দেশেরই উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। কাতারের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন:
-
কাতার সরকারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল-থানী
-
আমীরি দেওয়ানের প্রধান শেখ আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-খুলাইফীসহ কাতারি প্রতিনিধিদলের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
ইরানের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন:
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
-
প্রেসিডেন্টের চিফ অব স্টাফ মহসেন হাজি-মির্জায়িসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আঞ্চলিক কূটনীতি ও কাতারের অবস্থান
এই বৈঠকের আগে গত রোববার কাতারের একটি প্রতিনিধিদল তেহরান সফর করে আঞ্চলিক নিরাপত্তা এবং হরমুজ প্রণালির জ্বালানি পরিবহন পরিস্থিতি নিয়ে প্রাথমিক আলোচনা করেছিল।
পরবর্তীতে মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইব্রাহিম আল-হাশমি দোহার অবস্থান পুনর্ব্যক্ত করে জানান, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে এবং সহিংসতা থামাতে একটি দায়িত্বশীল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন।
কাতার মনে করে, অঞ্চলের দেশগুলোকে হুমকি দেওয়া বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত রাখার মাধ্যমে ইতিবাচক সদিচ্ছা দেখালেই কেবল সফল মধ্যস্থতা সম্ভব।
উল্লেখ্য, জিইসিএফ সম্মেলনে যোগ দিতে মস্কো সফরকালে ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও পৃথক বৈঠকের কথা রয়েছে।
তথ্যসূত্র: আমীরি দেওয়ান, কাতার নিউজ এজেন্সি ও আল-জাজিরা