Gulf Bangla

কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের নির্দেশ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ?

প্রকাশ: মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬
কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের নির্দেশ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ?

হঠাৎ করেই বিশ্বের একাধিক উন্নত দেশে ঘরে ঘরে অন্তত তিন দিন থেকে এক সপ্তাহের খাবার ও পানি মজুত রাখার তাগিদ দেওয়া হচ্ছে। সাধারণ নাগরিকদের জন্য জারি করা এসব সরকারি নির্দেশনার পর বাজারগুলোতে টিনজাত খাবার, বোতলজাত পানি, টর্চলাইট ও ব্যাটারিচালিত রেডিও কেনার ধুম পড়েছে।

এমন পরিস্থিতিতে জনমনে বড় প্রশ্ন তৈরি হয়েছে—বিশ্বজুড়ে কি বড় ধরনের কোনো যুদ্ধ বা আসন্ন মহাবিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে?

সম্প্রতি যুক্তরাজ্য সরকার ‘বি রেডি’ নামের একটি জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো, যেকোনো বড় ধরনের সংকট বা ব্ল্যাকআউটের প্রথম ৭২ ঘণ্টা বা তিন দিন নাগরিকেরা যেন নিজেরাই নিজেদের মৌলিক চাহিদা মিটিয়ে টিকে থাকতে পারেন।

ব্রিটিশ সরকারের নির্দেশনায় পরিবারের প্রত্যেক সদস্যের জন্য দৈনিক তিন লিটার খাবার পানি, অপচনশীল শুকনো বা টিনজাত খাবার, প্রয়োজনীয় ওষুধ, পাওয়ার ব্যাংক এবং হাতল ঘুরিয়ে চালানো যায় এমন রেডিও মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

লন্ডন প্রশাসনের ভাষ্যমতে, ঝড়, আকস্মিক বন্যা কিংবা সাইবার হামলায় জাতীয় গ্রিড বিপর্যস্ত হলে তাৎক্ষণিকভাবে জরুরি সেবা পৌঁছানো কঠিন হতে পারে। নাগরিকেরা প্রথম কয়েক দিন নিজেদের রসদে চলতে পারলে উদ্ধারকারী সংস্থাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা প্রান্তিক মানুষদের দ্রুত সহায়তা দেওয়ার সুযোগ পাবে।

সরকারের এই আহ্বানের পরপরই যুক্তরাজ্যের খুচরা বাজারে ব্যাপক প্রভাব পড়ে। সুপারমার্কেট চেইন আইসল্যান্ডে টিনজাত পণ্যের বিক্রি রাতারাতি প্রায় ৪০ শতাংশ বেড়ে যায়।

পাশাপাশি ইলেকট্রনিক সরঞ্জাম বিক্রেতা প্রতিষ্ঠানগুলোতে রেডিও বিক্রি ১৬০ শতাংশ এবং টর্চলাইটের বিক্রি প্রায় তিন গুণ পর্যন্ত বাড়তে দেখা গেছে। তবে দেশটির খুচরা বিক্রেতারা নিশ্চিত করেছেন, পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশে কোনো খাদ্যসংকট তৈরি হয়নি।

একই ধরনের নাগরিক প্রস্তুতি জোরদার হয়েছে বিশ্বের অন্যান্য প্রান্তেও। নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা, জাপান, মেক্সিকো ও নেদারল্যান্ডসেও পরিবারগুলোকে অন্তত তিন দিনের জরুরি প্রস্তুতি রাখার নির্দেশ রয়েছে।

আবার সুইডেন ও নরওয়ে নাগরিকদের অন্তত এক সপ্তাহ এবং জার্মানি প্রায় ১০ দিনের প্রয়োজনীয় রসদ মজুত রাখার পরামর্শ দিচ্ছে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিটি দেশের ঝুঁকির ধরন ভিন্ন। যেমন জাপানে মূল ফোকাস থাকে শক্তিশালী ভূমিকম্প ও সুনামির ওপর, আবার অস্ট্রেলিয়া ও মেক্সিকোতে ঘূর্ণিঝড় মোকাবিলাই মুখ্য।

ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে অবশ্য প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বদলে যাওয়া ভূরাজনীতি ও সংঘাতের শঙ্কা বেশ গুরুত্ব পাচ্ছে। ইউরোপীয় কমিশন তাদের ‘প্রিপেয়ার্ডনেস ইউনিয়ন স্ট্র্যাটেজি’র আওতায় সদস্যদেশগুলোকে যে বার্তা দিয়েছে, তাতে জলবায়ু ঝুঁকির সমান্তরালে সাইবার যুদ্ধ ও বহিরাগত আগ্রাসনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন তাদের বিখ্যাত ‘ইফ ক্রাইসিস অর ওয়ার কামস’ নির্দেশিকায় সংকটকালীন পরিস্থিতির সঙ্গে সরাসরি যুদ্ধকালীন টিকে থাকার কৌশল যুক্ত করেছে। তবে বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, উত্তর ইউরোপের দেশগুলোতে এমন নির্দেশিকা বহু দশকের পুরোনো ঐতিহ্য; এটি আকস্মিক কোনো যুদ্ধ ঘোষণার পূর্বাভাস নয়।

অন্যদিকে সামরিক ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি আত্মরক্ষার নতুন রূপরেখা তৈরি হচ্ছে। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ানের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর তাদের ‘ফোর্ট্রেস আমেরিকা’ উদ্যোগের আওতায় গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোকে বাইরের রসদ ছাড়া অন্তত ৯০ দিন সচল রাখার প্রস্তুতি নিচ্ছে।

এর মধ্যে রয়েছে সামরিক ঘাঁটির নিজস্ব জ্বালানি ও বিদ্যুৎব্যবস্থা নিশ্চিত করা, সাইবার নিরাপত্তা বাড়ানো এবং জরুরি মজুত দ্বিগুণ করা। তবে মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বরাতে স্পষ্ট করা হয়েছে, ৯০ দিনের এই দীর্ঘ প্রস্তুতি শুধুই সামরিক স্থাপনার নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার অভ্যন্তরীণ পরিকল্পনা, সাধারণ জনগণের জন্য এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, নিউজউইক, স্কাই নিউজ এবং দ্য গার্ডিয়ানের সাম্প্রতিক প্রতিবেদন ও সরকারি নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এসব নির্দেশনার পেছনে কোনো একক কারণ বা তাৎক্ষণিক যুদ্ধ আসন্ন হওয়ার প্রমাণ নেই।

বরং জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ, রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় শক্তির সাইবার হামলা এবং আকস্মিক বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো বহুমুখী ঝুঁকি মোকাবিলা করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ।

আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সরকারি গাইডলাইনগুলোকে যুদ্ধের সাইরেন হিসেবে দেখে আতঙ্কিত হওয়ার সুযোগ নেই। বরং মহামারি, যুদ্ধজনিত বৈশ্বিক অস্থিরতা এবং চরম আবহাওয়ার এই যুগে নাগরিক সমাজকে যেকোনো অনাকাঙ্ক্ষিত অচলবস্থার মুখে স্বাবলম্বী রাখাই আধুনিক রাষ্ট্রগুলোর এই সমন্বিত প্রস্তুতির মূল লক্ষ্য।

টাইম ম্যাগাজিনের চোখে নেটফ্লিক্সের সেরা ৫টি কোরিয়ান ড্রামা

প্রকাশ: বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
টাইম ম্যাগাজিনের চোখে নেটফ্লিক্সের সেরা ৫টি কোরিয়ান ড্রামা

নেটফ্লিক্সের মোট সাবস্ক্রাইবার সংখ্যা ২ কোটি ৬০ লাখ। এই বিশাল দর্শকের চাহিদা মেটাতে নেটফ্লিক্স বিশ্বব্যাপী বিভিন্ন ভাষায় নিজেদের অরিজিনাল শো তৈরি করে আসছে। নির্দ্বিধায় বলা যায় নন-ইংলিশ নেটফ্লিক্সের কন্টেন্টে কোরিয়ান কন্টেন্টের রাজত্ব চলছে।

বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন নেটফ্লিক্সে আছে এমন সেরা ৮ টি কোরিয়ান ড্রামার তালিকা করেছে। তালিকাটাকে আরেকটু ছোট করে সেরা ৫টি নেটফ্লিক্স কে-ড্রামার তালিকা করেছি আমরা। বিশুদ্ধ্ব প্রেমের গল্প থেকে শুরু করে কল্প-বিজ্ঞান, আপনার পছন্দ যায় হোক কোরিয়ান সিরিজগুলো আপনাকে সেটাই দিবে।

১. স্কুইড গেম (২০২১-চলমান):

এই শো বাদে এই এই তালিকা করার কোনো সুযোগই নেই। সার্ভাইবাল ড্রামা জনরার এই সিরিজের প্রথম সিজন রিলিজ হয় ২০২১ সালে। অনেকগুলো অসহায় মানুষকে জড়ো করে কিছু ভাগ্যের খেলা খেলতে দেয়া হয়। যে খেলাগুলোর শেষে বিজয়ী হবে একজন। বিজয়ীর ভাগ্যে জুটবে ৪৫ বিলিয়ন কোরিয়ান ওন।

কিন্তু খেলাগুলো বাচ্চাদের খেলা হলেও এখানে জুড়ে থাকবে খেলোয়াড়দের জীবন। একটু এদিক-সেদিক হলেই মৃত্যু। ১৬৫ কোটি ঘন্টারও বেশি ভিউয়ারশিপ পাওয়া এই সিরিজটি নন-ইংলিশ ভাষায় নির্মিত নেটফ্লিক্স সিরিজের মধ্যে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে। এবছর এর দ্বিতীয় সিজন মুক্তি পাবে নেটফ্লিক্সে।


স্কাই ক্যাসল সিরিজের পোস্টার

২. স্কাই ক্যাসল (২০১৮):

স্কাই ক্যাসল কেবল কোরিয়ার গল্প বলে না। এটা এশিয়া, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর গল্পই বলেছে যেন। সিউল শহরের মর্যাদাপূর্ণ একটি আবাসিক এলাকায় বসবাসরত চারটি পরিবারের গল্প বলেছে স্কাই ক্যাসল। এই পরিবারগুলো নিজেদের সন্তানকে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর জন্য কি কি করতে পারে সে গল্প উঠে এসেছে। বাচ্চাদের উপর অমানবিক চাপ থেকে শুরু করে বাবা-মায়েদের অপরাধে জড়িয়ে পড়া, সবই উঠে এসেছে।

এ যেন শুধু কোরিয়ার গল্প না। এই গল্প আমাদেরও। আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষার্থীদের অমানবিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়। বাবা-মায়ের আকাশচুম্বি স্বপ্ন পূরণে ব্যর্থ হলে সমাজে মুখ দেখানোর ভয়ে অনেকে নিজের জীবনটাই দিয়ে দেন।

হোমটাউন চা-চা-চা সিরিজের পোস্টার

৩. হোমটাউন চা-চা-চা (২০২১):

১৬ এপিসোডের এই রোমান্টিক-কমেডি জনরার সিরিজটি মূলত ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান সিনেমা মিঃ হ্যান্ডি, মিঃ হং এর অফিসিয়াল রিমেক। সমুদ্রতীরবর্তী একটি গ্রামের এক ডেন্টিস্ট ও সব কাজের কাজী সুদর্শন এক যুবকের মিষ্টি রসায়নকে মূল উপজীব্য করে তৈরি হয়েছে এই সিরিজ।

৪. এক্সট্রাঅর্ডিনারি এটর্নি উ (২০২২):

আইনি বিষয়কে উপজীব্য করে তৈরি এই ড্রামার উপস্থাপন ছিল আকর্ষনীয়। স্যাভান্ট সিনড্রোম নামে বিরল এক উপসর্গ আছে এমন এক নারী এটর্নিকে ঘিরে গল্পটি আবর্তিত হয়েছে। ১৬ এপিসোডের এই ড্রামা রোটেন টমেটোজের র‍্যাটিং অনুযায়ী ১০০% ফ্রেশ।

৫. মিস্টার কুইন (২০২০):

২০ এপিসোডের এই ঐতিহাসিক ড্রামাতে কোরিয়ান ড্রামার বিশেষ বৈশিষ্ট্য বিভিন্ন জনরার দারুণ মিশেল দেখা গিয়েছে। মূল গল্পটি একজন আধুনিক সমাজের রাঁধুনির সময়ের চাকায় পিছনে গিয়ে জোসেন যুগের এক নারীর শরীরে নিজেকে আবিষ্কারকে ঘিরে। এই বিষয়কে উপজীব্য করে এর আগেও ড্রামা নির্মাণ হলেও এর নির্মাণশৈলি বাকিদের থেকে এটাকে আলাদা করেছে।

নতুন মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

প্রকাশ: রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
নতুন মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির মাথায়। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে মঞ্চে ছিল টানটান উত্তেজনা। নাম ঘোষণা হতেই আবেগাপ্লুত হয়ে বুকের ওপর হাত রাখেন মাহি। এরপর গত বছরের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন।

অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলার পরনে ছিল হালকা নীল ও সিলভার রঙের গাউন, যার কাঁধের নকশা ছিল পাখার মতো। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জাও।

আয়োজকরা জানান, ১১ নভেম্বর থেকে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী অঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য ৭৫ তম ‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি।

ছোটপর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি তার সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাস তাকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলেছে। এবার সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতি পেলেন তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন,“বাবা মা আমাকে বলেছে ‘যাও, বিশ্ব জয় করে আসো।’ সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।”

অপুর অচেনা ও ব্যতিক্রমী ফটোশুটে নেটদুনিয়ায় ঝড়

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬
অপুর অচেনা ও ব্যতিক্রমী ফটোশুটে নেটদুনিয়ায় ঝড়

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে পর্দায় নানা রূপে দেখেছেন দর্শক। তবে এবার একটু ভিন্ন সাজে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি। লাল রঙের ট্র্যাডিশনাল পোশাক, রঙিন ওড়না আর সঙ্গে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল—সব মিলিয়ে অচেনা এক লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে তার ছবিগুলো প্রকাশের পরই প্রশংসায় ভাসাচ্ছেন ভক্তরা। কেউ কেউ মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আগুন’।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিতে লাল রঙের নকশা করা পোশাকের সঙ্গে গলায় রঙিন ওড়না, কানে বড় ঝুমকা আর হাতে চুড়ি পরতে দেখা যায় তাকে। পুরো সাজে ছিল ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে আধুনিক ফ্যাশনের মিশেল।

ছবিগুলোতে কখনো রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে, কখনো বসে আবার কখনো ভিন্ন ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিয়েছেন অপু। তার এই ব্যতিক্রমী ফটোশুট মুহূর্তেই নজর কাড়ে অনুসারীদের।

ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ লিখেছেন ‘আগুন’। আবার কেউ কেউ তার এই লুকের সঙ্গে বলিউড অভিনেত্রীদের স্টাইলের তুলনা করেছেন।

তবে ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেও আলাদা করে নজর কেড়েছেন অপু। নিজের জীবনদর্শন তুলে ধরে তিনি লিখেছেন, ‘প্রতিযোগিতা আমি নিজের সাথেই করি, কারণ আয়নায় দেখা মানুষটার চেয়ে উন্নত হওয়াটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য আর বড় লড়াই।’

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব অপু বিশ্বাস। মাঝেমধ্যেই নতুন সাজ ও ফটোশুটের ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন তিনি। এবার রয়্যাল এনফিল্ডের সঙ্গে তার ব্যতিক্রমী উপস্থিতি নতুন করে আলোচনায় এনেছে এই চিত্রনায়িকাকে।

সৌদি আরবের রাস্তায় রামায়ণের পোস্টার, বিতর্কের ঝড়

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬
সৌদি আরবের রাস্তায় রামায়ণের পোস্টার, বিতর্কের ঝড়

ভারতসহ বিশ্বের নানা দেশের সাথে তাল মিলিয়ে সৌদি আরবেও মুক্তি পেতে যাচ্ছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’। এরই মধ্যে দেশটির নানা সিনেপ্লেক্সে এ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় এসেছে রাষ্ট্রধর্ম ইসলামের দেশে হিন্দু ধর্মের মহাকাব্য নিয়ে নির্মিত সিনেমার প্রোস্টার।

`নিউজ ভারতী’সহ নানা আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, সৌদির রাস্তায় শোভা পাচ্ছে ‘রামায়ণ : ১’র প্রচারণামূলক পোস্টার। হিন্দু ধর্মীয় মহাকাব্য রামায়ণের চরিত্রগুলো নিয়ে তৈরি এসব পোস্টার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিনেমাটির মুক্তির আগে সৌদি আরবে পোস্টারগুলো প্রদর্শিত হওয়ার বিষয়টি নজরে আসে ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের। দেশটির প্রকাশ্য স্থানে হিন্দু ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট ছবি প্রদর্শন নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। আবার অনেকে বিষয়টিকে ভারতীয় সিনেমার আন্তর্জাতিক প্রচারণার অংশ হিসেবে দেখছেন।

অপুর অচেনা ও ব্যতিক্রমী ফটোশুটে নেটদুনিয়ায় ঝড়

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ একটি বড় বাজেটের দুই পর্বের চলচ্চিত্র প্রকল্প। এতে ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ।

প্রাচীন হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগে থেকেই ব্যাপক আগ্রহ রয়েছে।
সিনেমাটির প্রচারণা ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। পাকিস্তানের করাচিতেও হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সিনেমাটি ঘিরে উদযাপনের খবর সামনে এসেছে।

তবে সৌদি আরবে পোস্টার প্রদর্শনের বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের কারণে। সৌদি আরবের রাষ্ট্রধর্ম ইসলাম। ঐতিহাসিকভাবে দেশটিতে অন্য ধর্মীয় ঐতিহ্যের প্রতীক বা ছবি প্রকাশ্যে প্রদর্শনের বিষয়টি নানা আলোচনার জন্ম দিয়েছে।

সব মিলিয়ে সৌদি আরবে ‘রামায়ণ’ সিনেমার পোস্টার প্রদর্শন ভারতীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক বিস্তৃতি এবং ভিন্ন সংস্কৃতির দর্শকদের মধ্যে এর প্রভাব নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।

বিয়ের পরিকল্পনা নিয়ে যা বললেন জাহ্নবী কাপুর

প্রকাশ: শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
বিয়ের পরিকল্পনা নিয়ে যা বললেন জাহ্নবী কাপুর

শোবিজ অঙ্গনের তারকারা সাধারণত নিজেদের প্রেমের কথা খুব একটা প্রকাশ করেন না। বেশিরভাগ সময়ই গোপন রাখেন। তবে এক্ষেত্রে ব্যতিক্রম বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। কোনো রাখঢাক না রেখেই নিজের প্রেমের কথা অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি পরিচালক করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এসে জাহ্নবী ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। করণ তাকে জিজ্ঞেস করেন, শিখর পাহাড়িয়ার সঙ্গে প্রেম করছেন কি না? জবাবে জাহ্নবী অকপটে বলে দেন, ‘হ্যাঁ, করছি।’

তবে প্রেম নিয়ে বেশি কিছু বলতে চান না অভিনেত্রী, আবার লুকোছাপও পছন্দ করেন না। তার ভাষ্য, ‘ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত খোলামেলা হতে চাই না ঠিকই, আবার সব কিছু গোপন রাখার জন্য এত রাখঢাক করারও কোনো মানে হয় না। সম্পর্ক নিয়ে সব সময় লুকোছাপা করা বিরক্তিকর।’

শিখর পাশে থাকলে জাহ্নবী মানসিক শান্তি পান। তাকে অনেক সাপোর্ট করেন। এজন্য অভিনেত্রী মনে করেন, শিখর তার জীবনের শেষ ঠিকানা। প্রেমিকের প্রশংসা করে জাহ্নবী বলেন, ‘আমার মায়ের (শ্রীদেবী) মৃত্যুর খবর শুনে শিখর লন্ডন থেকে মুম্বাইয়ে চলে এসেছিল। সেই সময় এক সেমিস্টার পরিক্ষাও দিতে পারেনি সে। আমার কাছাকাছি থাকার জন্য এক বন্ধুর বাড়িতে উঠেছিল। যেন আমার যেকোনো প্রয়োজনে পাশে থাকতে পারে।’

প্রেম তো চলছে, বিয়েটা কবে? স্বাভাবিকভাবে এ প্রশ্নটাও চলে আসে। তবে জাহ্নবী সাফ বলে দিলেন, ‘আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। আপাতত আমরা বেশ ভালো আছি।’

এদিকে অভিনয়ে জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে তেলুগু সিনেমা ‘পেড্ডি’তে। রাম চরণের সঙ্গে সিনেমাটি সাড়া জাগাতে পারেনি। তাছাড়া সিনেমায় তার উপস্থিতি নিয়েও হয়েছে বিস্তর সমালোচনা। জাহ্নবীকে ‘সেক্স সিম্বল’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

বর্তমানে জাহ্নবীর হাতে ‘লাগ যা গলে’, ‘রাকা’ ও নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমা রয়েছে। সবমিলিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।