ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনের আলোচনা থমকে যাওয়ার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (১৬ নভেম্বর) এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পারমাণবিক শক্তিচালিত মার্কিন রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর সংখ্যা দাঁড়াল তিনটিতে।
আল-জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, নতুন রণতরী মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চলতি বছরের এপ্রিলে যুদ্ধবিরতি এবং জুনে একটি সমঝোতা হলেও জুলাইয়ের শুরুতে তা ভেঙে যায়। এরপর বড় ধরনের সংঘাত এড়াতে পাকিস্তান ও কাতার মধ্যস্থতার চেষ্টা চালিয়ে আসছে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানে নতুন করে হামলার সম্ভাবনা খুবই কম এবং যুদ্ধ প্রায় শেষ। তবে পরিস্থিতির পরিবর্তন হলে মার্কিন সেনারা যেকোনো সময় হামলা চালাতে প্রস্তুত বলেও সতর্ক করেছিলেন তিনি।
মধ্যপ্রাচ্যে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী
গত রোববার (১৫ নভেম্বর) মধ্যপ্রাচ্যে পৌঁছায় পাঁচ হাজারের বেশি সেনা ও ৬০টিরও বেশি যুদ্ধবিমান বহনে সক্ষম ইউএসএস থিওডোর রুজভেল্ট।
এর আগে থেকেই ওই অঞ্চলে অবস্থান করছিল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ও ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ। পাশাপাশি কয়েক হাজার মেরিন সেনা এবং ১২০টির বেশি যুদ্ধবিমানও মোতায়েন রয়েছে।
যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি
নতুন মার্কিন রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পর ওয়াশিংটনকে সতর্ক করেছে তেহরান।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র আগে হামলা চালাবে— এমন অপেক্ষায় বসে থাকবে না ইরান। তাঁর অভিযোগ, কূটনৈতিক আলোচনার আড়ালে ওয়াশিংটন নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও বলেন, অবরোধ আরোপ করে ইরানকে দমিয়ে রাখা সম্ভব নয়। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজও চালিয়ে যাচ্ছে।
ট্রাম্প প্রশাসনের ভেতরেও মতপার্থক্য
ইরানকে নিয়ে মার্কিন প্রশাসনের নীতিতে মতবিরোধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতে, অর্থনৈতিক চাপের কারণে ইরান এমনিতেই সংকটের মধ্যে রয়েছে। তাই দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই।
অন্যদিকে, ট্রাম্প যুদ্ধ প্রায় শেষ বলে মন্তব্য করলেও হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ অব্যাহত রেখেছেন এবং ইরানের বিপুল পরিমাণ অর্থ আটকে রেখেছেন।
‘যুদ্ধও নয়, শান্তিও নয়’— এমন পরিস্থিতি মানবে না ইরান
ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন, যুদ্ধ ও শান্তির মাঝামাঝি অনিশ্চিত পরিস্থিতি তেহরান মেনে নেবে না।
কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান। এসব শর্তের মধ্যে রয়েছে নৌ-অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা অর্থ ফেরত দেওয়া এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা।
বিশ্লেষকদের মতে, দুই পক্ষের অনড় অবস্থান, সামরিক প্রস্তুতি এবং পাল্টাপাল্টি হুমকির কারণে কূটনৈতিক সমাধান আরও কঠিন হয়ে পড়ছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র : আল-জাজিরা
