২৮ জুন ২০২৬

বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ নিশ্চিত, খেলা কবে

প্রকাশ: শনিবার, জুন ২৭, ২০২৬
বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ নিশ্চিত, খেলা কবে

বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ ওঠায় তাদের বিপক্ষেই খেলবে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

দেশ-বিদেশের খবর হোয়াটসঅ্যাপে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে

আগেই নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়।

উল্লেখযোগ্য বিষয় হলো, আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম। প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পর কেপ ভার্দের ছবি দিয়ে নিজেদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্টও করেছে আর্জেন্টিনা ফুটবল দল।

এক ম্যাচ হাতে রেখেই ‘জে’গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ নির্ধারণের জন্য অপেক্ষা করতে হয়েছিল ‘এইচ’ গ্রুপের শেষ দিনের দুটি ম্যাচের ফলাফলের দিকে।

ফেসবুকে আমাদের সাথে থাকুন

শনিবার (২৭ জুন) একই সময়ে অনুষ্ঠিত হয় স্পেন-উরুগুয়ে এবং সৌদি আরব-কেপ ভার্দে ম্যাচ। স্পেন ১-০ ব্যবধানে উরুগুয়েকে হারানোর পর সমীকরণ সহজ হয়ে যায়। সৌদি আরবের বিপক্ষে ড্র করলেই ইতিহাস গড়ার সুযোগ ছিল কেপ ভার্দের, আর সেটিই করে দেখিয়েছে আফ্রিকার আটলান্টিক মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্র।

স্পেন ও উরুগুয়ের বিপক্ষে রক্ষণাত্মক কৌশলে ড্র করা কেপ ভার্দে সৌদি আরবের বিপক্ষে তুলনামূলক আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। পজেশন ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে তিন ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা নিশ্চিত করে তারা।

অন্যদিকে, প্রথম দুই ম্যাচ ড্র করা উরুগুয়ে শেষ ম্যাচে স্পেনের কাছে হেরে তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন হতাশাজনক বিদায়ের বিপরীতে স্পেন ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ উঠেছে।

ইরাককে ৫ গোলে উড়িয়ে দিল সেনেগাল

প্রকাশ: শনিবার, জুন ২৭, ২০২৬
ইরাককে ৫ গোলে উড়িয়ে দিল সেনেগাল

দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ইরাককে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সেনেগাল। এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আফ্রিকার এই দলটি।

দেশ-বিদেশের খবর হোয়াটসঅ্যাপে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে সেনেগাল। ম্যাচের মাত্র ৪ মিনিটেই সেই চাপের ফল পায় তারা। ডি-বক্সে সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন আবদুলায়ে সেক।

এরপরও দাপট অব্যাহত রাখে সেনেগাল। ম্যাচের শুরুতে পাওয়া লাল কার্ডের কারণে ১০ জনের দলে পরিণত হওয়া ইরাক ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে পড়ে। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সেনেগাল।

ফেসবুকে আমাদের সাথে থাকুন

ম্যাচের ১৩তম মিনিটে বড় ধাক্কা খায় ইরাক। সাদিও মানের একক আক্রমণে বক্সে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার রেবিন সুলাকা। ফলে সংখ্যাগতভাবে পিছিয়ে পড়ে পুরো ম্যাচে চাপে পড়ে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে পুরোপুরি আধিপত্য বিস্তার করে সেনেগাল। একের পর এক আক্রমণে গোলের বন্যা বইয়ে দেয় আফ্রিকার বর্তমান রানার্সআপরা। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানে ম্যাচ শেষ করে তারা।

ভিএআর সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ ইরানের, ড্র করে নকআউটে মিশর

প্রকাশ: শনিবার, জুন ২৭, ২০২৬
ভিএআর সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ ইরানের, ড্র করে নকআউটে মিশর

যুক্তরাষ্ট্রের সিয়াটল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস, নাটকীয়তা আর চরম ট্র্যাজেডিতে শেষ হলো গ্রুপ ‘জি’-এর ভাগ্য নির্ধারণী ম্যাচ। প্রথমার্ধের ১-১ সমতার পর দ্বিতীয়ার্ধে মাঠের লড়াই রূপ নেয় এক স্নায়ুযুদ্ধে।

দেশ-বিদেশের খবর হোয়াটসঅ্যাপে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে

ম্যাচের অতিরিক্ত সময়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছেও শেষ পর্যন্ত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর নিষ্ঠুর সিদ্ধান্তের শিকার হয়ে মাঠ ছাড়তে হয়েছে ইরানকে। মিশরের সাথে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ায় ইরানের নকআউট পর্বের টিকিট এখন ভাগ্যের সুতোয় ঝুলছে।

১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই দল বেশ কিছু কৌশলগত পরিবর্তন নিয়ে মাঠে নামে। তবে ম্যাচের ৫৮ মিনিটে সিয়াটলের গ্যালারিতে স্তব্ধতা নেমে আসে, যখন মিশরের ‘কিং’ মোহাম্মদ সালাহকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

পরবর্তীতে সাইডলাইনে তার পায়ে ব্যান্ডেজ জড়াতে দেখা যায়, যা মিশরীয় সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সালাহর বিদায়ের পর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে ইরান, অন্যদিকে ডিফেন্স মজবুত করে প্রতিআক্রমণের কৌশল নেয় মিশর।

ফেসবুকে আমাদের সাথে থাকুন

ম্যাচের ৬৯ মিনিটে মিশরের মারমুশের একটি চমৎকার শট ইরানের রক্ষণভাগে ডিফ্লেক্টেড হয়ে পোস্টের বাইরে চলে গেলে লিড নেওয়ার সুযোগ হাতছাড়া হয় মিশরের।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যখন ১-১ সমতা, তখন যোগ করা অতিরিক্ত সময়ে (৯০+২ মিনিট) তৈরি হয় ম্যাচের সবচেয়ে বড় নাটক। একটি ফ্রি-কিক থেকে মিশরের গোলরক্ষক লাইন ছেড়ে বেরিয়ে আসলে বক্সে থাকা লুজ বল জালে জড়িয়ে দেন ইরানের শুজা খলিলজাদেহ।

এই গোলের সাথে সাথে সিয়াটল স্টেডিয়ামে ইরানি সমর্থকদের মাঝে বাঁধভাঙা উল্লাস শুরু হয়। কারণ, এই জয়ে দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করছিল ইরান।

কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো মাত্র কয়েক মুহূর্ত। গোল উদযাপনের রেশ কাটার আগেই রেফারি ভিএআরের সাহায্য নেন। রিপ্লেতে দেখা যায়, বল পাসের মুহূর্তে খলিলজাদেহ মাত্র এক মিলিমিটার ব্যবধানে অফসাইডে ছিলেন! মাত্র এক মিলিমিটারের এই চুলচেরা ব্যবধানে গোলটি বাতিল হলে স্তব্ধ হয়ে পড়ে পুরো ইরান শিবির।

নাটকের তখনও বাকি ছিল। গোল বাতিলের ধাক্কা সামলে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (৯০+৮ মিনিটে) বদলি খেলোয়াড় জাহানবখশ বাতাসে ভেসে এক দুর্দান্ত হেড করেন। কিন্তু ভাগ্য এবারও ইরানের সহায় হয়নি; বলটি গোলরক্ষককে পরাস্ত করলেও সরাসরি মিশরের গোলপোস্টের ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে নিশ্চিত জয় থেকে বঞ্চিত হয় পারস্যের প্রতিনিধিরা।

১-১ গোলের এই ড্রয়ের ফলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হিসেবে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে মিশর। অন্যদিকে গ্রুপের অপর ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে ৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষস্থান দখল করেছে বেলজিয়াম।

৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকা ইরান এখনও টুর্নামেন্ট থেকে সম্পূর্ণ ছিটকে যায়নি। সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলের একটি হতে পারলে তাদের নকআউটের সুযোগ থাকবে, তবে তার জন্য তাদের আগামী রোববার পর্যন্ত অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকতে হবে।

বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ নিশ্চিত, খেলা কবে

প্রকাশ: শনিবার, জুন ২৭, ২০২৬
বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ নিশ্চিত, খেলা কবে

বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ ওঠায় তাদের বিপক্ষেই খেলবে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

দেশ-বিদেশের খবর হোয়াটসঅ্যাপে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে

আগেই নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়।

উল্লেখযোগ্য বিষয় হলো, আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম ভেন্যু এই হার্ডরক স্টেডিয়াম। প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পর কেপ ভার্দের ছবি দিয়ে নিজেদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্টও করেছে আর্জেন্টিনা ফুটবল দল।

এক ম্যাচ হাতে রেখেই ‘জে’গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ নির্ধারণের জন্য অপেক্ষা করতে হয়েছিল ‘এইচ’ গ্রুপের শেষ দিনের দুটি ম্যাচের ফলাফলের দিকে।

ফেসবুকে আমাদের সাথে থাকুন

শনিবার (২৭ জুন) একই সময়ে অনুষ্ঠিত হয় স্পেন-উরুগুয়ে এবং সৌদি আরব-কেপ ভার্দে ম্যাচ। স্পেন ১-০ ব্যবধানে উরুগুয়েকে হারানোর পর সমীকরণ সহজ হয়ে যায়। সৌদি আরবের বিপক্ষে ড্র করলেই ইতিহাস গড়ার সুযোগ ছিল কেপ ভার্দের, আর সেটিই করে দেখিয়েছে আফ্রিকার আটলান্টিক মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্র।

স্পেন ও উরুগুয়ের বিপক্ষে রক্ষণাত্মক কৌশলে ড্র করা কেপ ভার্দে সৌদি আরবের বিপক্ষে তুলনামূলক আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। পজেশন ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে তিন ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে নকআউটে জায়গা নিশ্চিত করে তারা।

অন্যদিকে, প্রথম দুই ম্যাচ ড্র করা উরুগুয়ে শেষ ম্যাচে স্পেনের কাছে হেরে তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন হতাশাজনক বিদায়ের বিপরীতে স্পেন ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ উঠেছে।

ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

প্রকাশ: শনিবার, জুন ২৭, ২০২৬
ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দে। এতে ইতিহাস গড়ে নকআউট পর্বে পৌঁছে গেছে দলটি। পশ্চিম আফ্রিকার উপকূল থেকে খুব দূরে নয়, ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ কেপ ভার্দে।

দেশ-বিদেশের খবর হোয়াটসঅ্যাপে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে

তবে নিজেদের প্রথম অংশগ্রহণেই বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে তারা। এইচ গ্রুপ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে কেপ ভার্দে।

মাত্র আট মাস আগে ফুটবলের সর্বোচ্চ আসরে নিজেদের জায়গা নিশ্চিত করা ৫৬ বছর বয়সী কোচ বুবিস্তার দলটি। এখন বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা আয়তন ও জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। এই গ্রুপ থেকে তৃতীয় স্থান অধিকার করেছে উরুগুয়ে।

ফেসবুকে আমাদের সাথে থাকুন

দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে ০-০ গোলে রুখে দিয়ে। তবে তারা যে আক্রমণেও জবাব দিতে পারে, সেটিও দেখিয়েছিল দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে নাটকীয় ড্র করে, যা নকআউটে ওঠার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয়।

গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিনে কেপ ভার্দের যা দরকার ছিল, তা হলো পরাজয় এড়ানো, তাহলেই নকআউটে ওঠার সম্ভাবনা টিকে থাকত। এদিকে স্পেন ৪২তম মিনিটে অ্যালেক্স বায়েনার করা গোলে উরুগুয়েকে হারিয়ে দেয়। আর তাতেই কপাল খুলে যায় কেপ ভার্দের।

নিলামে উঠছে ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ বল

ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত অধ্যায় ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ গোল।
প্রকাশ: শুক্রবার, জুন ২৬, ২০২৬
নিলামে উঠছে ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ বল

বিশ্ব ফুটবলের সেই অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়ে থাকা ঐতিহাসিক বলটি এবার নিলামে তুলতে যাচ্ছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ‘হেরিটেজ অকশন’। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফুটবল বিশ্বের অন্যতম কাঙ্ক্ষিত এই স্মারকটির দাম আকাশচুম্বী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

দেশ-বিদেশের খবর হোয়াটসঅ্যাপে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে

১৯৮৬ সালের সেই ম্যাচে ফুটবল ঈশ্বর ম্যারাডোনা দুটি অবিশ্বাস্য গোল করেছিলেন। একটি ছিল হাত দিয়ে করা সেই বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল, আর অন্যটি ছিল ইংল্যান্ডের পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে করা শতাব্দীর সেরা গোল বা ‘গোল অব দ্য সেঞ্চুরি’। হেরিটেজ অকশনের মতে, এই বলটি ক্রীড়া জগতের এক পরম আরাধ্য বস্তু বা ‘হোলি গ্রেইল’।

নিলামের জন্য বলটির প্রাথমিক মূল্য ধরা হয়েছে ২৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি ৭৬ লাখ টাকা। তবে নিলামের চূড়ান্ত পর্যায়ে এর দর ৯২ লাখ ডলার বা তার চেয়েও বেশি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

হেরিটেজের নিলাম বিশেষজ্ঞ মাইক প্রোভেনজাল জানিয়েছেন, অতীতে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবা বেসবল স্মারকগুলোই বাজারের মূল কেন্দ্রবিন্দুতে থাকত। তবে সাম্প্রতিক সময়ে সেই চিত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে।

ফেসবুকে আমাদের সাথে থাকুন

বর্তমানে ফুটবল এবং ফুটবল তারকাদের ব্যবহৃত নানা সামগ্রী নিয়ে বিশ্বজুড়ে সংগ্রাহকদের মধ্যে চরম উন্মাদনা দেখা যাচ্ছে। বিশেষ করে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কিলিয়ান এমবাপ্পের মতো তারকাদের ট্রেডিং কার্ড ও ব্যক্তিগত স্মারকগুলোর জন্য সংগ্রাহকরা অবিশ্বাস্য পরিমাণ অর্থ খরচ করছেন। ম্যারাডোনার এই ঐতিহাসিক বলটি সেই উন্মাদনায় এক নতুন মাত্রা যোগ করবে।

এই বলের সম্ভাব্য বিক্রয়মূল্য নিয়ে প্রোভেনজাল আরও উল্লেখ করেন, এর গুরুত্ব ও মূল্যের পরিমাপ করার জন্য আসলে সরাসরি তুলনাযোগ্য কোনো উদাহরণ পৃথিবীতে নেই। এটি পুরোপুরি এক এবং অদ্বিতীয় একটি সংগ্রহযোগ্য বস্তু।

অনেকেই একে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ফুটবল স্মারক হিসেবেও বিবেচনা করছেন। মূলত ফুটবল বিশ্বকাপের এই উন্মাদনার সময়েই বিশ্ববাজারের বিশাল সংগ্রাহক গোষ্ঠীকে আকৃষ্ট করতে এমন স্মারক নিলামে তোলা হচ্ছে বলে জানান তিনি।