বিশ্বকাপ ফুটবলের বাণিজ্যিক মালিকানার একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিতর্কের জেরে ওই পরিকল্পনা থেকে সরে এলেও চাপ কমেনি। এবার নিজের অবস্থান ধরে রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চাইছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, ইনফান্তিনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে একান্ত টেলিফোন বৈঠকের উদ্যোগ নিয়েছেন। দুটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে নিউইয়র্ক পোস্ট জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকালে তাদের মধ্যে কথা হওয়ার কথা ছিল।
তবে পরে এ দাবি নাকচ করে দেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন। এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, ইনফান্তিনোর সঙ্গে রুবিওর কোনো আলোচনার সূচি নেই। একই সঙ্গে যথাযথ তথ্য যাচাই ছাড়া এমন প্রতিবেদন প্রকাশ করায় নিউইয়র্ক পোস্টের সমালোচনাও করেন তিনি।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা। অভিযোগ ওঠে, এ প্রক্রিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের প্রতিষ্ঠানের সম্পৃক্ততার সম্ভাবনা ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার মুখে পরিকল্পনাটি বাতিল করা হয়।
এদিকে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রকাশ্যেই আপত্তি জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ওয়েলস ফুটবল ফেডারেশনও ঘোষণা দিয়েছে, ফিফার পরবর্তী সভাপতি নির্বাচনে তারা ইনফান্তিনোকে সমর্থন করবে না।
নিউইয়র্ক পোস্টের দাবি, গত শুক্রবার শেয়ার বিক্রির প্রস্তাব বাতিল হওয়ার পর থেকে ট্রাম্পের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সফল হননি ইনফান্তিনো।
চারদিকের সমালোচনা ও চাপের মধ্যে তিনি নিজেকে একাকী অনুভব করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।