কাতারের নাগরিক ও প্রবাসী বাসিন্দাদের জন্য কাতার আইডি (QID) কার্ডের ছবি পরিবর্তন বা আপডেট করার প্রক্রিয়া আরও সহজ করতে এক বিশেষ পদক্ষেপ হাতে নিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এখন আর সরকারি সেবা কেন্দ্রে সরাসরি না গিয়ে দেশের অনুমোদিত ফটোগ্রাফি স্টুডিওগুলোর মাধ্যমে আইডি কার্ডের নতুন ছবি যুক্ত করা যাবে।
প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সেবার জন্য প্রয়োজনীয় সকল টেকনিক্যাল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং ‘মেট্রাশ’ (Metrash) অ্যাপের অপারেশনাল সিস্টেমে এই নতুন সেবাটি ইতিমধ্যে সমন্বিত (Integrate) করা হয়েছে।
এছাড়া গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে কাতারজুড়ে থাকা বিভিন্ন স্টুডিও মালিকদের নিয়ে একটি বিশেষ পরিচিতিমূলক সেমিনারের আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে ছবি তোলার টেকনিক্যাল নিয়মাবলী, স্ট্যান্ডার্ড এবং কীভাবে সিস্টেমে ছবি জমা দিতে হবে, তা বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।
কাতারে পথচারীদের জন্য কঠোর ট্রাফিক আইন: কোন নিয়মে কত জরিমানা?
কখন চালু হচ্ছে এই সেবা?
প্রযুক্তিগত সব প্রস্তুতি চূড়ান্ত হলেও অফিশিয়ালি এখনও এই সেবাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে খুব শীঘ্রই সেবা চালুর নির্দিষ্ট তারিখ, অনুমোদিত স্টুডিওগুলোর তালিকা এবং আবেদনের পুরো নিয়মাবলী আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
এই সেবাটি চালু হলে কাতারে বসবাসরত লাখ লাখ প্রবাসীর কাতার আইডির তথ্য হালনাগাদ করার ঝামেলা বহুলাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।