ঢাকা থেকে কাতার হয়ে তুরস্কের ইস্তাম্বুল যাওয়ার পথে এয়ার পকেটে পড়ে তীব্র ঝাঁকুনির শিকার হয়েছে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। উড্ডয়নের মাত্র ১৫ মিনিটের মাথায় হঠাৎ উড়োজাহাজটির উচ্চতা কমে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, অনেক যাত্রী বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছিলেন।
সোমবার (৯ নভেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি। এতে তুরস্কে অনুষ্ঠিতব্য কপ-৩১ জলবায়ু সম্মেলন কাভার করতে যাওয়া কয়েকজন সংবাদকর্মীসহ বিভিন্ন গন্তব্যের সাধারণ যাত্রী ছিলেন।
বিমানে থাকা জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রহমান জাহাঙ্গীর জানান, ঢাকা থেকে উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর হঠাৎ উড়োজাহাজটি এয়ার পকেটে পড়ে। মুহূর্তের মধ্যেই শুরু হয় প্রচণ্ড ঝাঁকুনি। এ সময় উড়োজাহাজটির উচ্চতা প্রায় ৯ হাজার ফুট থেকে নেমে ৫ হাজার ফুটে চলে আসে। আকস্মিক এই পরিস্থিতিতে কেবিনের ভেতরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যাত্রীদের অনেকেই বুঝে উঠতে পারছিলেন না, ঠিক কী ঘটছে। হঠাৎ উড়োজাহাজের উচ্চতা কমে যাওয়া এবং প্রচণ্ড ঝাঁকুনিতে অনেকের মধ্যে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। কেউ কেউ মনে করেছিলেন, পাইলট হয়তো উড়োজাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। এমনকি পরিস্থিতির ভয়াবহতায় অনেক যাত্রীর মনে হয়েছিল, এটিই হয়তো তাদের জীবনের শেষ মুহূর্ত।
বিমানে থাকা যাত্রীরা জানান, এর আগে তারা এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হননি। উড়োজাহাজের আকস্মিক ঝাঁকুনি এবং উচ্চতা কমে যাওয়ার ঘটনা তাদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পাইলট দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
ইরান ইস্যুতে উত্তেজনা কমাতে জি-৭-এ কাতারের প্রধানমন্ত্রীর বার্তা
আকস্মিক এই বৈরী আবহাওয়া ও এয়ার টার্বুলেন্স সত্ত্বেও পাইলট ও ক্যু মেম্বাররা অত্যন্ত দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দেন। দ্রুততম সময়ে পাইলট বিমানের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পান এবং প্রয়োজনীয় উচ্চতা পুনর্দখল করে ফ্লাইটটি কাতারের দোহা হয়ে ইস্তাম্বুলের নির্ধারিত গন্তব্যের দিকে এগিয়ে নেন। বিমানটি পরবর্তীতে দোহা ট্রানজিটে নিরাপদে অবতরণ করলে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে।
বিমান চালনা বিশেষজ্ঞদের মতে, বায়ুমণ্ডলের নির্দিষ্ট কিছু স্তরে বায়ুর চাপ হঠাৎ কমে গেলে কিংবা বিপরীতমুখী বাতাস তীব্র হলে এ ধরনের ‘এয়ার পকেট’ বা ক্লিয়ার এয়ার টার্বুলেন্সের সৃষ্টি হয়।
এয়ার পকেটে পড়ার আগাম সতর্কবার্তা অনেক সময় রাডারে সংকেত দেয় না। তাই এভিয়েশন বিশেষজ্ঞরা সবসময় যাত্রীদের নিজ নিজ আসনে থাকাকালীন আবশ্যিকভাবে সিটবেল্ট বেঁধে রাখার পরামর্শ দেন।
এই ঘটনায় কারিগরি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না কিংবা তীব্র বায়ুমণ্ডলীয় অস্থিতিশীলতাই একমাত্র কারণ কি না, সে বিষয়ে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষের তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।
| গাজায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাতারের জরুরি ত্রাণ |