৭ জুন ২০২৬

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, সৌদিতে মারা গেছেন ৪৮ জন

প্রকাশ: শনিবার, জুন ০৬, ২০২৬
দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, সৌদিতে মারা গেছেন ৪৮ জন

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ৭৮টি ফিরতি ফ্লাইটে মোট ৩২ হাজার ৮৩২ জন হাজি বাংলাদেশে ফিরেছেন।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত এসব হাজি দেশে ফেরেন। এছাড়া হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা ৩২ হাজার ৮৩২ জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ৫০৪ জন রয়েছেন।

এসব হাজিকে দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮টি, সৌদি এয়ারলাইন্স ৩১টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।

সৌদি আরবে মৃত্যুবরণ করা বাংলাদেশি হাজিদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। এদের মধ্যে মক্কায় ৩৫, মদিনায় ১২ ও জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।

হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ৩৬০ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ২৩ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, জুন ০৬, ২০২৬
দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

দেশীয় প্রযুক্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধি এবং দেশীয় প্রযুক্তিনির্ভর অ্যাম্বুলেন্স উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শনিবার দুপুর ২টায় রাজধানীর মিন্টো রোডের ৪ নম্বর সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফ করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।


এর আগে একই দিনে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি’ সংক্রান্ত একটি বৈঠকেও সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, স্বাস্থ্য খাতে দেশীয় প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে পৃথক দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত ও অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে দুপুরে ব্রিফিংয়ের মাধ্যমে অবহিত করা হবে।

অবৈধ বাংলাদেশীদের ফেরত পাঠাতে দ্বিপক্ষীয় কার্যক্রম চলমান: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশ: শনিবার, জুন ০৬, ২০২৬
অবৈধ বাংলাদেশীদের ফেরত পাঠাতে দ্বিপক্ষীয় কার্যক্রম চলমান: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতে অবস্থানরত বাংলাদেশীদের ফেরত পাঠাতে দ্বিপক্ষিক প্রক্রিয়ায় কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জওসয়াল এ কথা জানিয়েছেন।

বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ মানুষদের ঠেলে পাঠাচ্ছে, এক সাংবাদিকের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আগেও বলেছি, ভারতে অবস্থানরত বাংলাদেশে থেকে আসা এবং অন্য বিদেশী নাগরিক যারা অবৈধভাবে আছেন, তাদের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য আমাদের আইন রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, তাদের ফেরত পাঠানোর বিষয়ে দ্বিপক্ষীয় প্রক্রিয়া চলছে। তাদের জাতীয়তা যাচাই করার জন্য আমরা বাংলাদেশের কাছে পাঠিয়েছি। যাচাই সম্পন্ন হলে আমরা ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে এগোবো।

রণধীর জওসয়াল বলেন, আমাদের পাঠানো এ সংক্রান্ত বেশ কয়েকটি অনুরোধ এখনো বাংলাদেশের কাছে ঝুলে রয়েছে। আশা করি যত দ্রুত সম্ভব সেগুলো নিষ্পত্তি করা হবে, যেন ভারতে অবৈধভাবে বসবাসকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সুন্দরভাবে এগিয়ে নেয়া যায়।

মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

প্রকাশ: শনিবার, জুন ০৬, ২০২৬
মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

সুদানের কাদুগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহত শান্তিরক্ষীদের পদকগুলো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এই বীরদের সাহস, আত্মত্যাগ এবং নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্ত ছয় শান্তিরক্ষী হলেন, করপোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট সান্তো মন্ডল। তারা ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জাতিসংঘের পতাকাতলে দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় নিহত হন।

অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব ১৯৪৮ সাল থেকে দায়িত্ব পালনকালে নিহত প্রায় ৪ হাজার ৫০০ শান্তিরক্ষীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন মিশনে কর্মরত ৫০ হাজারের বেশি শান্তিরক্ষীর অবদানের কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন তিনি।

চলতি বছর ৩৩টি সদস্যরাষ্ট্রের ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়। অনুষ্ঠান শেষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী নিহত শান্তিরক্ষীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মূল শোক বইতে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, দাগ হ্যামারশোল্ড পদক ১৯৯৭ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক প্রবর্তিত একটি মরণোত্তর অনন্য সম্মাননা। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে বিশ্বশান্তি রক্ষায় নিহত সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্যদের অনন্য অবদান ও মহান আত্মত্যাগের চূড়ান্ত স্বীকৃতিস্বরূপ প্রতিবছর এই পদক দেওয়া হয়।

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

প্রকাশ: শনিবার, জুন ০৬, ২০২৬
দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

দেশের বাজারে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টা থেকেই সোনার নতুন দাম কার্যকর হয়েছে। আজ শনিবারও একই দামে বিক্রি হচ্ছে সোনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ গত ২৫ মে সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এদিকে সোনার দাম কমানোর সঙ্গে দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ১১৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশের কিছু স্থানে ভারী বর্ষণ হতে পারে

প্রকাশ: শুক্রবার, মে ২৯, ২০২৬
বাংলাদেশের কিছু স্থানে ভারী বর্ষণ হতে পারে

দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'একটি জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

সকাল ৬ টা'য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদীকোর্টে এবং খুলনা বিভাগের কয়রায় ৩৬ ডিগ্রী সেলসিয়াস।

এছাড়া আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকা বিভাগের টাঙ্গাইলে ও সিলেটে ২১ ডিগ্রী সেলসিয়াস।

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহের নেত্রকোনায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।