আলবেনিয়ার দক্ষিণাঞ্চলে ভিয়োসা-নার্তা সংরক্ষিত এলাকার কাছে একটি সমুদ্রসৈকতে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ইউরোর এই প্রকল্প নেওয়া হয়েছে। এই সংরক্ষিত এলাকাটি মূলত ফ্ল্যামিঙ্গো পাখি, সিলদের আবাসস্থল। এছাড়া সামুদ্রিক কচ্ছপের প্রজননকেন্দ্র হিসেবেও জায়গাটি ব্যবহৃত হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে যুক্ত একটি কোম্পানির বিলাসবহুল রিসোর্ট নির্মাণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে আলবেনিয়ার মানুষ। পরিবেশগতভাবে স্পর্শকাতর একটি এলাকায় এই রিসোর্ট নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে বৃহস্পতিবার দেশটির রাজধানী তিরানার রাস্তায় নামেন হাজার হাজার মানুষ।
আলবেনিয়ার দক্ষিণাঞ্চলে ভিয়োসা-নার্তা সংরক্ষিত এলাকার কাছে একটি সমুদ্রসৈকতে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ইউরোর এই প্রকল্প নেওয়া হয়েছে। এই সংরক্ষিত এলাকাটি মূলত ফ্ল্যামিঙ্গো পাখি, সিলদের আবাসস্থল। এছাড়া সামুদ্রিক কচ্ছপের প্রজননকেন্দ্র হিসেবেও জায়গাটি ব্যবহৃত হয়। জ্যারেড কুশনারের বিনিয়োগকারী প্রতিষ্ঠান 'অ্যাফিনিটি পার্টনারস' এই রিসোর্ট প্রকল্পের সঙ্গে যুক্ত।
পরিবেশবিদেরা এই প্রকল্পের তীব্র বিরোধিতা করছেন। তাদের দাবি, এটি নির্মিত হলে কয়েক শ হেক্টর সমুদ্রসৈকত ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া প্রতিবছর যেসব ফ্ল্যামিঙ্গো এই এলাকায় ডিম পাড়ে বা যাতায়াত করে, তাদের জীবনও হুমকির মুখে পড়বে।
পক্ষীবিদ লেডি সেলজেকায় জানান, বিশ্বের মোট ফ্ল্যামিঙ্গোর ১ শতাংশেরও বেশি আলবেনিয়ায় রয়েছে।
তিনি রয়টার্সকে বলেন, 'অবশ্যই দেশে বিনিয়োগ আসাটা খুব গুরুত্বপূর্ণ, অর্থনীতির জন্যও এটি খুব দরকারি। কিন্তু আপনাকে খুব বুঝেশুনে জায়গা বেছে নিতে হবে। এই এলাকাটিকে এমনি এমনি তো আর "সংরক্ষিত এলাকা" বলা হয় না।'
গত সপ্তাহে ওই এলাকায় ভারী যন্ত্রপাতি আনা এবং প্রাথমিক কাজ শুরু হওয়ার পরই স্থানীয়ভাবে বিক্ষোভ শুরু হয়, যা পরে তিরানায় বিশাল গণবিক্ষোভে রূপ নেয়।
বৃহস্পতিবার বিক্ষোভকারীরা আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার কার্যালয়ের বাইরে জড়ো হন। তাদের হাতে ছিল গোলাপি রঙের ফ্ল্যামিঙ্গোর প্রতিকৃতি। তারা 'বিপ্লব' এবং 'প্রকল্প বন্ধ করো' বলে স্লোগান দেন। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল: 'এডি রামা, পদত্যাগ করুন।'
এই বিক্ষোভের কয়েক ঘণ্টা পর, শুক্রবার কিছু স্থানীয় বাসিন্দা পরিস্থিতি দেখতে ওই এলাকায় যান। এ সময় সেখানে পুলিশকে টহল দিতে দেখা যায়।
বিক্ষোভে অংশ নেওয়া লেখিকা লিন্ডিতা কোমানি বলেন, 'আলবেনিয়া বিক্রির জন্য নয়। আলবেনিয়া আলবেনিয়ার মানুষের এবং এখানে কী হবে তা আমরাই ঠিক করব। আলবেনিয়া শাসন করা গুটিকয় দুর্নীতিবাজ রাজনীতিবিদ আমাদের সম্পত্তি, প্রাকৃতিক ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে যা খুশি তা-ই করতে পারেন না।'
অবশ্য শুক্রবার ওই এলাকায় কোনো নির্মাণশ্রমিক বা ভারী যন্ত্রপাতির দেখা মেলেনি, যেগুলো গত কয়েক দিন ধরে মাটি প্রস্তুত করার কাজ করছিল।
কী বলছে সরকার?
প্রধানমন্ত্রী এডি রামা এই প্রকল্পের পক্ষে সাফাই গেয়েছেন। অন্যদিকে ডেভেলপাররা জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য হবে 'দায়িত্বশীল ব্যবস্থাপনা এবং পরিবেশের উন্নয়ন।'
আলবেনিয়ার অর্থনীতি ও উদ্ভাবন মন্ত্রী ডেলিনা ইব্রাহিমাজ বৃহস্পতিবার জানান, প্রস্তাবিত এই বিনিয়োগের জন্য পরিবেশগত প্রভাব যাচাইয়ের খসড়া তৈরি করা হচ্ছে। প্রকল্পটিকে অবশ্যই পরিবেশ আইন পুরোপুরি মেনে চলতে হবে এবং স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা করতে হবে।
আলবেনিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'এটিএ' তাকে উদ্ধৃত করে জানায়, ইউরোপীয় পরিবেশগত নির্দেশিকা এবং আলবেনিয়ার আইন অনুযায়ী—সংরক্ষিত উপহ্রদ ও আশপাশের পরিবেশের ক্ষতি করতে পারে, এমন যেকোনো প্রকল্পের বিরুদ্ধে আইনি সুরক্ষার নিশ্চয়তা রয়েছে।
একটি বড় বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে ২০২৪ সালে এই রিসোর্ট নির্মাণের ঘোষণা দিয়েছিলেন কুশনার। ওই একই মহাপরিকল্পনায় সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের সাবেক সেনাসদর দপ্তরেও একটি বিলাসবহুল কমপ্লেক্স বানানোর কথা ছিল। তবে স্থানীয় বাসিন্দাদের তীব্র বিক্ষোভের মুখে গত বছর তিনি সার্বিয়ার সেই প্রকল্প থেকে পিছু হটেন।