লিবিয়ায় মর্মান্তিক মৃত্যুর দীর্ঘ ৯ মাস পর সমস্ত আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে অবশেষে দেশে ফিরেছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তরিকুল ইসলাম (২৫) নামে এক প্রবাসী যুবকের মরদেহ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের গুরুড়া গ্রামের নিজ বাড়িতে তার মরদেহ এসে পৌঁছায়। নিহত তরিকুল ইসলাম ওই গ্রামের জাহাঙ্গীর প্রামানিকের ছেলে।
নিহতের স্বজনরা জানান, অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে ও জীবিকার তাগিদে প্রায় ৭ বছর আগে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন তরিকুল। প্রবাসে অবস্থানকালে চলতি বছরের ৩ জানুয়ারি হঠাৎই তার করুণ মৃত্যু হয়।
তবে মৃত্যুর পর মরদেহ দেশে ফিরিয়ে আনার পথটি মসৃণ ছিল না। নানা কূটনৈতিক, প্রশাসনিক ও প্রক্রিয়াগত জটিলতা পার করতে করতেই পার হয়ে যায় দীর্ঘ ৯টি মাস।
নারী কণ্ঠে প্রবাসীদের সঙ্গে বন্ধুত্ব ও প্রতারণা, গ্রেপ্তার প্রতারক চক্রের ৩ সদস্য
অবশেষে শনিবার দুপুরে বিমানযোগে কফিনবন্দি হয়ে তরিকুলের মরদেহ বাংলাদেশে এসে পৌঁছায়। বিমানবন্দর থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিকেল ৪টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিজ গ্রামে আনা হয় তার কফিন।
দীর্ঘ ৯ মাস অপেক্ষার পর তরিকুলের কফিনবন্দি দেহ বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহতের কফিন জড়িয়ে ধরে স্বজনদের আহাজারিতে পুরো এলাকার বাতাস ভারী হয়ে ওঠে, গ্রামজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।
পরবর্তীতে বিকেল ৫টায় স্থানীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আরও পড়ুন
প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার
শাহজালালে ফ্রি শাটল বাস চালু হলেও যাত্রীদের সাড়া নেই!
মৃত্যুর ১১ মাস পর অবশেষে দেশে ফিরল প্রবাসী মিন্টু মিয়ার মরদেহ
ইউরোপে আশ্রয় না মিললে বাংলাদেশীদের আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা