Gulf Bangla

মধ্যবর্তী নির্বাচনে হারলে কী পরিণতি হবে ট্রাম্পের?

প্রকাশ: সোমবার, নভেম্বর ০২, ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে হারলে কী পরিণতি হবে ট্রাম্পের?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর পর আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনে প্রেসিডেন্ট পরিবর্তন হয় না। তবে নির্ধারিত হয় কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। আর সেই ফলের ওপরই নির্ভর করতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী দুই বছরের রাজনৈতিক ভবিষ্যৎ।

২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প। তার বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৯ সালের জানুয়ারিতে। তবে মেয়াদের মাঝপথেই তাকে মুখোমুখি হতে হচ্ছে মধ্যবর্তী নির্বাচনের। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর পরপর এই ভোট অনুষ্ঠিত হয় বলেই এর নাম মধ্যবর্তী নির্বাচন বা মিডটার্ম ইলেকশন।

কীভাবে হয় মধ্যবর্তী নির্বাচন?

এই নির্বাচনে মূলত ভোট হয় কংগ্রেসের দুই কক্ষ- প্রতিনিধি পরিষদ ও সিনেটে। পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর, আইনসভা এবং স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ পদেও নির্বাচন হয়।

প্রতিনিধি পরিষদে আসন রয়েছে ৪৩৫টি। অঙ্গরাজ্যের জনসংখ্যার অনুপাতে এসব আসন বণ্টন করা হয়। সদস্যদের মেয়াদ দুই বছর হওয়ায় প্রতি দুই বছর পরপর সব আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, সিনেটে রয়েছে ১০০টি আসন। প্রতিটি অঙ্গরাজ্য থেকে দুজন করে সিনেটর নির্বাচিত হন। তাদের মেয়াদ ছয় বছর। তবে সব আসনে একসাথে ভোট হয় না। প্রতি দুই বছর পরপর সাধারণত সিনেটের প্রায় এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব ৪৩৫টি আসনের পাশাপাশি সিনেটের ৩৫টি আসনে ভোট হবে। এর মধ্যে ৩৩টি নিয়মিত নির্বাচন এবং দুটি বিশেষ নির্বাচন। অর্থাৎ, কংগ্রেসের মোট ৪৭০টি আসনের জন্য ভোট দেবেন মার্কিন ভোটাররা।

মধ্যবর্তী নির্বাচনে হারলে কী হয়?

এই নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল হারলে কংগ্রেসের নিয়ন্ত্রণ বিরোধী দলের হাতে চলে যেতে পারে। তবে এর অর্থ প্রেসিডেন্টের ক্ষমতা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাওয়া নয়। অতীতের নির্বাচনগুলোতে এমন নজির রয়েছে।

১৯৯৪ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রথম মেয়াদের মধ্যবর্তী নির্বাচনে তার দল ডেমোক্রেটিক পার্টি প্রতিনিধি পরিষদের ৫৪টি এবং সিনেটের আটটি আসন হারায়। প্রায় ৪০ বছর পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যায় রিপাবলিকানদের হাতে।

স্বাস্থ্যসেবা সংস্কার নিয়ে বিরোধিতা, কর ও ব্যয়নীতি নিয়ে অসন্তোষ এবং ক্লিনটনের জনপ্রিয়তা কমে যাওয়াকে এই ফলের পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হয়।

এরপর ২০১০ সালে বারাক ওবামার প্রথম মেয়াদের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদের ৬৩টি আসন হারায়। সিনেটেও ছয়টি আসন কমে যায় তাদের। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর বেকারত্ব, অর্থনৈতিক পরিস্থিতি এবং স্বাস্থ্যসেবা সংস্কার নিয়ে অসন্তোষের প্রভাব পড়ে ভোটে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেয় রিপাবলিকানরা।

২০১৮ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের মধ্যবর্তী নির্বাচনেও একই ধরনের রাজনৈতিক ধাক্কা আসে। রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের ৪১টি আসন হারালেও সিনেটে দুটি আসন বাড়ায়। ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন তদন্ত শুরু করে। ২০১৯ সালে তাকে অভিশংসনও করে প্রতিনিধি পরিষদ। তবে সিনেটে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় তাকে পদ থেকে সরানো যায়নি।

সর্বশেষ ২০২২ সালে জো বাইডেনের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদের মাত্র নয়টি আসন হারায়। উল্টো সিনেটে একটি আসন বাড়ে তাদের। মূল্যস্ফীতি ও বাইডেনের কম জনপ্রিয়তার মধ্যেও প্রত্যাশার তুলনায় ভালো ফল করে দলটি।

ট্রাম্পের সামনে রয়েছে যেসব রাজনৈতিক চ্যালেঞ্জ

এবারের নির্বাচনে ট্রাম্পের সামনে বেশ কিছু রাজনৈতিক চাপ রয়েছে। জীবনযাত্রার ব্যয়, আমদানি পণ্যে শুল্ক, ইরান যুদ্ধ এবং অভিবাসন নীতি নিয়ে তার প্রশাসন সমালোচনার মুখে। অক্টোবরের তৃতীয় সপ্তাহে রয়টার্স-ইপসোসের এক জরিপে ট্রাম্পের কাজের প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ৩১ শতাংশ উত্তরদাতা।

এপি-নরকের জরিপেও জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় তার ভূমিকার প্রতি ৮৩ শতাংশ এবং অর্থনীতি পরিচালনায় ৭৪ শতাংশ উত্তরদাতা অনাস্থা জানিয়েছেন। আর ৬৫ শতাংশের মতে, শুল্কের কারণে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে।

এই অসন্তোষের প্রভাব ভোটে পড়লে প্রতিনিধি পরিষদ কিংবা সিনেটের নিয়ন্ত্রণ হারাতে পারে রিপাবলিকানরা। কংগ্রেসের কোনো একটি কক্ষ বিরোধী দলের নিয়ন্ত্রণে গেলেই ট্রাম্পের জন্য আইন পাস, বাজেট অনুমোদন এবং প্রশাসনের পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে। গুরুত্বপূর্ণ নিয়োগ ও নীতিগত সিদ্ধান্তেও বাধার মুখে পড়তে পারেন তিনি।

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ বিরোধীদের হাতে গেলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তের পরিধি বাড়তে পারে। এমনকি প্রেসিডেন্টকে অভিশংসনের উদ্যোগও নিতে পারে তারা। তবে অভিশংসনের পর পদ থেকে সরাতে হলে সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। ফলে শুধু মধ্যবর্তী নির্বাচনে হারলেই প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তে হয় না। ট্রাম্পের মেয়াদও ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে।

শেষ পর্যন্ত কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে কী হবে ট্রাম্পের?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ইতিহাস বলছে, এই ভোট শুধু কংগ্রেসের আসনসংখ্যা নির্ধারণ করে না; প্রেসিডেন্টের পরবর্তী দুই বছরের রাজনৈতিক পথও অনেকটা ঠিক করে দেয়। ১৯৯৪ সালে ক্লিনটন, ২০১০ সালে ওবামা এবং ২০১৮ সালে ট্রাম্প- তিন প্রেসিডেন্টকেই মধ্যবর্তী নির্বাচনের পর বিরোধী দলের নিয়ন্ত্রিত কংগ্রেসের মুখোমুখি হতে হয়েছে।

এবারও ট্রাম্পের দল কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে তার প্রেসিডেন্ট পদ তাৎক্ষণিকভাবে ঝুঁকিতে পড়বে না। তবে প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলার বিষয়ে কংগ্রেসের তদন্ত বাড়তে পারে।

নতুন করে অভিশংসনের উদ্যোগ নেওয়ার সুযোগও তৈরি হবে। পাশাপাশি ইরান যুদ্ধসহ সামরিক পদক্ষেপ ও যুদ্ধসংক্রান্ত সিদ্ধান্ত নিয়েও কংগ্রেসে জবাবদিহির মুখে পড়তে পারেন তিনি।

অর্থাৎ, মধ্যবর্তী নির্বাচনে হারলেও ট্রাম্পকে হোয়াইট হাউস ছাড়তে হবে না। তবে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে তার দ্বিতীয় মেয়াদের বাকি দুই বছর আইন প্রণয়ন, প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন এবং রাজনৈতিক পরিকল্পনা এগিয়ে নেওয়া অনেক কঠিন হয়ে উঠতে পারে।

নভেম্বরের ১৬ দিনেই রেমিট্যান্স ১৯৬ কোটি ডলার

প্রকাশ: বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
নভেম্বরের ১৬ দিনেই রেমিট্যান্স ১৯৬ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে ১৯৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ৭০ লাখ ডলার।

সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৮ শতাংশ। বাংলাদেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১৯৬ কোটি ৪০ লাখ ডলার।

অন্যদিকে গত বছরের একই সময়ে এসেছিল ১৬৯ কোটি ৭০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৬ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত ১৬ নভেম্বর এক দিনেই দেশে ১০ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি লক্ষ করা যাচ্ছে। ২০২৬ সালের জুলাই থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৪৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ১ হাজার ১৮৪ কোটি ৬০ লাখ ডলার।

সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৫৮ কোটি ৪০ লাখ ডলার। শতকরা হিসাবে প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ৪ শতাংশ।

প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখছে। বিশেষ করে অর্থবছরের প্রথম কয়েক মাসে রেমিট্যান্স প্রবাহে এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশ: বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে মইনুদ্দিন নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের অদূরে স্টার্ডহাম এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে নিজের পরিচালিত একটি মদের বারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত মইনুদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মইনুদ্দিনের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায়। তিনি দক্ষিণ আফ্রিকার স্টার্ডহাম এলাকায় মদের বারের ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীদের ধারণা, মদের ব্যবসাসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে এটি পরিকল্পিত হত্যা কি না, হত্যার প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সৌদি আরবজুড়ে ধরপাকড় এক সপ্তাহে গ্রেফতার প্রায় ১২ হাজার প্রবাসী

প্রকাশ: বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
সৌদি আরবজুড়ে ধরপাকড় এক সপ্তাহে গ্রেফতার প্রায় ১২ হাজার প্রবাসী

আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে সৌদি আরব। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ১১ হাজার ৯৫২ জনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী।

একই সময়ে আইনি প্রক্রিয়া শেষে ১১ হাজার ৪১৮ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

গত ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সৌদি আরবজুড়ে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৬ হাজার ১৬৩ জনই আবাসন আইন লঙ্ঘন করেছিলেন। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার দায়ে ৩ হাজার ২২৫ এবং শ্রম আইন অমান্য করার অভিযোগে ২ হাজার ৫৬৪ জনকে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৫৩ জনকে হাতেনাতে ধরে ফেলে সীমান্তরক্ষী ও নিরাপত্তা বাহিনী। অন্যদিকে অবৈধ উপায়ে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আরও ২৯ জনকে গ্রেফতার করা হয়।

কেবল আইন লঙ্ঘনকারীরাই নন, তাদের আশ্রয় দেওয়া, পরিবহন করা কিংবা কাজে নিয়োগ দেওয়ার অভিযোগে আরও ১৫ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

আটক ও ফেরত পাঠানোর পাশাপাশি আরও বিপুলসংখ্যক অভিবাসীকে দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য ইতিমধ্যে ২২ হাজার ৪৫১ জন আইন লঙ্ঘনকারীকে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

ভ্রমণের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আরও ৯ হাজার ৮০০ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে ৩৮ হাজার ৩৮৩ পুরুষ ও ২ হাজার ৩৭৯ জন নারীসহ মোট ৪০ হাজার ৭৬২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

এই ব্যাপক ধরপাকড়ের পাশাপাশি সাধারণ মানুষ ও নিয়োগকর্তাদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, অবৈধ অনুপ্রবেশে সহায়তা করা, দেশের ভেতরে আইন লঙ্ঘনকারীদের পরিবহন করা, থাকার জায়গা দেওয়া কিংবা যেকোনো ধরনের সেবা প্রদান করা গুরুতর অপরাধ।

কেউ এমন কাজে জড়িত থাকলে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে। সেই সঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয় দেওয়া ঘরবাড়ি বা সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।

মিশরে ১৫ প্রবাসী বাংলাদেশি আটক, পেছনে মানবপাচার চক্রের হাত

প্রকাশ: বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
মিশরে ১৫ প্রবাসী বাংলাদেশি আটক, পেছনে মানবপাচার চক্রের হাত

মিশরের বন্দরনগরী পোর্ট সাঈদের একটি পোশাক কারখানায় অবৈধভাবে কাজ ও বসবাসের অভিযোগে ১৫ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। অন্যদিকে, তাদের নিয়োগকর্তার বিরুদ্ধে পাসপোর্ট আটকে রাখা এবং দীর্ঘদিন বেতন ও অন্যান্য পাওনা না দেওয়ার অভিযোগও উঠেছে।

আটক ব্যক্তিরা বর্তমানে পোর্ট সাঈদের ‘জুনুব আওয়াল’ থানায় পুলিশি হেফাজতে রয়েছেন। তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে পাসপোর্ট ফেরত, বকেয়া বেতন ও অন্যান্য পাওনা আদায়ে সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন।

আটক ১৫ জনের মধ্যে ১৪ জনের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন সাইদুল ইসলাম, সোহাগ, সজিব হোসেন, ইদ্রিস আলী, সাহিদুল ইসলাম, হাবিবুর রহমান, তানভীর হাসান, শফিকুল ইসলাম, ময়ানুল ইসলাম, রবিউল ইসলাম, মানিক বাবু ও এনামুল ইসলাম। বাকি একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় মানবপাচার ও চাকরির প্রলোভনে অনিয়মিত পথে বাংলাদেশিদের মিশরে নেওয়ার অভিযোগও সামনে এসেছে। আটক ব্যক্তিদের কয়েকজনকে কায়রোর আবুর এলাকায় বসবাসরত হৃদয় নামের এক ব্যক্তি মিশরে নিয়ে এসেছেন বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ছাড়া নারায়ণগঞ্জের ইরন নামের আরেক ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে মিশর ও তুরস্কের পোশাক কারখানায় চাকরির প্রলোভন দেখানোর অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে ইরন বলেন, তিনি অন-অ্যারাইভাল ভিসায় লোক এনে চাকরির ব্যবস্থা করেন। অবৈধভাবে লোক আনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি একা নই। শত শত মানুষ হাজার হাজার লোক আনছে। আমি আনলে দোষ কী?’

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে মিশরে বাংলাদেশি শ্রমিকদের সাধারণভাবে ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ রয়েছে। বিশেষ শর্তে কিছু প্রতিষ্ঠানে কাজের সুযোগ থাকলেও তা মূলত ২০২৩ সালের আগে মিশরে আসা ব্যক্তিদের ক্ষেত্রে সীমিত।

চাকরির প্রলোভনে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশে যাওয়ার ঝুঁকি আবারও সামনে এনেছে ১৫ বাংলাদেশির আটকের ঘটনা।

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, মিলল ৪ প্রবাসীর পরিচয়

প্রকাশ: সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, মিলল ৪ প্রবাসীর পরিচয়

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে নিশ্চিত করেছিল, নিহতদের মধ্যে ১০ জন আমিরাতি এবং ৪ জন ভারতীয় নাগরিক। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় ভোরে শেখ খলিফা বিন জায়েদ রোডে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। এতে আরও ৩০ জন আহত হন।

দুর্ঘটনায় নিহত আমিরাতি নাগরিকরা হলেন–মোহাম্মদ রশিদ আল কিন্দি, খালফান সাঈদ আল মাজরুই, রশিদ মুসা আল দারমাকি, হাজার সালেম খামিস মারজুক আল মেসমারি, আবদুল্লাহ হামাদ আল-হাফিতি, সুহাইর সাঈদ আহমেদ আল-ইয়ামাহি, মরিয়ম আবদুর রহমান আল হাম্মাদি, আমনা সাইফ আল নাকবি, আহলাম সাইফ আল নাকবি এবং আহমেদ থানি জুমা আল মুজাইরদি।

আর দুর্ঘটনায় নিহত ৪ ভারতীয় হলেন–মোহাম্মদ আসমিল সিদ্দিক, মিসনা জুবিন সিদ্দিক, মুহাম্মদ ফাইজ ও আতিফ মোহাম্মদ ইমরান মনসুর। এর মধ্যে প্রথম তিনজন ভারতের কেরালার বাসিন্দা ও শেষজন গুজরাটের।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ফুজাইরাহমুখী শেখ খলিফা বিন জায়েদ রোডে পরপর দুটি দুর্ঘটনা ঘটে। প্রথম দুর্ঘটনায় একটি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। দ্বিতীয় দুর্ঘটনায় দুটি শিপিং কন্টেইনার বহনকারী একটি ট্রাক বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে উল্টে যায়।

ফুজাইরাহ পুলিশ এর আগে জানিয়েছিল, ফুজাইরাহর প্রবেশপথের কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটি প্রথমে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয় এবং পরে উল্টে গিয়ে ধীরগতির যানজটে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে।
সংঘর্ষে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং সেই আগুন অন্য গাড়িগুলোতেও ছড়িয়ে পড়ায় বহু হতাহতের ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই দুর্ঘটনায় ১৮টি ছোট গাড়ি এবং ৫টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফুজাইরাহ পুলিশ জানিয়েছে, আহত ৩০ জনের মধ্যে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ১৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। মন্ত্রণালয়ের তথ্যমতে, আহতদের মধ্যে ৮ জন আমিরাতি, ৭ জন ভারতীয়, ৬ জন ওমানি, ৩ জন মিসরীয়, ২ জন জর্ডানি, ২ জন পাকিস্তানি এবং ২ জন ব্রাজিলীয় নাগরিক রয়েছেন। পরবর্তীতে আরও কয়েকজন আহত ব্যক্তিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।