ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়লেও আগামী ২০২৭ সালের মধ্যেই ঘুরে দাঁড়াতে পারে কাতারের অর্থনীতি।
এমন পূর্বাভাস দিয়েছেন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক ও মিডল ইস্ট কাউন্সিল ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের ফেলো শেখা আলানুদ বিনতে হামাদ আল থানি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের কারণে কাতারের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। দেশটির আমিরও শুরা কাউন্সিলের এক বৈঠকে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বিষয়টি খোলাখুলিভাবে তুলে ধরেছেন।
শেখা আলানুদের ভাষ্য অনুযায়ী, যুদ্ধের প্রভাবে কাতারের রাজস্ব আয় ৪২ শতাংশ কমেছে। একই সময়ে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকারেও প্রায় ১৪ শতাংশ সংকোচন হয়েছে।
তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। তার পূর্বাভাস, ২০২৭ সালের শুরুতেই কাতারের অর্থনীতি আবার উদ্বৃত্ত অবস্থায় ফিরতে পারে।
তবে অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই বিশ্লেষক। তিনি বলেন, ইউরোপের দেশগুলোকে শীতকাল সামনে রেখে দ্রুত জ্বালানি সরবরাহের বিকল্প নিশ্চিত করতে হবে। যুদ্ধের কারণে সৃষ্ট অচলাবস্থা কেটে যাওয়ার জন্য তাদের পক্ষে দীর্ঘদিন অপেক্ষা করা সম্ভব নয়।
এরই মধ্যে পোল্যান্ড কাতারের সঙ্গে একটি চুক্তি থেকে সরে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্লেষকের মতে, কাতারের অর্থনীতি পুনরুদ্ধারের সম্ভাবনা থাকলেও যুদ্ধের কারণে জ্বালানি খাতে সৃষ্ট অস্থিরতা এবং ইউরোপীয় ক্রেতাদের বিকল্প সরবরাহকারীর দিকে ঝুঁকে পড়া দেশটির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
সূত্র: আল-জাজিরা